আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। পাশাপাশি ইহা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মান রাখিতে গিয়া বাঙালি যে আত্মদানের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করিয়াছে উহারই স্বীকৃতিস্বরূপ দুই দশক পূর্বে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। সেই সুবাদে আজ বাংলাদেশের ন্যায় বিশ্বের বহু দেশেই দিবসটি পালিত হইতেছে। শহীদ দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি সাত দশক অতিক্রম করিলেও ইহার চেতনা অমলিন। বেদনার বিষয় হইতেছে, এখনও দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয় নাই। বস্তুত, আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনের দাবি ছিল দুইটি–বাংলায় রাষ্ট্রভাষা মর্যাদা প্রতিষ্ঠা এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। মহান ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তান গণপরিষদে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির পায়; কিন্তু দ্বিতীয় দাবিটি এখনও প্রত্যাশিত মাত্রায় পূরণ হয় নাই। তবে একুশে ফেব্রুয়ারি চেতনা কেবল ভাষার মধ্যেই আবদ্ধ নহে। একুশের চেতনা এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে প্রেরণা জোগাইয়াছে। প্রতিবেশী ভারতসহ অন্য কিছু দেশেও বহু মানুষকে মাতৃভাষার মান রক্ষায় সংগ্রাম করিতে উদ্বুদ্ধ করিয়াছে।
একুশে ফেব্রুয়ারি আসিলেই আমরা বাংলা ভাষার অবস্থান খতাইয়া দেখিবার চেষ্টা করি। দুঃখজনক হইলেও সত্য, সর্বস্তরে বাংলা প্রচলন আইনের চার দশক হইলেও উচ্চশিক্ষায় মাতৃভাষার অগ্রগতি প্রত্যাশা পূরণ করিতে ব্যর্থ হইয়াছে। এতদ্ব্যতীত সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের জন্য ভাষানীতি, ভাষা জরিপসহ মৌলিক উল্লেখযোগ্য কাজও হয় নাই বলিলেই চলে। ব্যতিক্রম কিছু উদাহরণ ব্যতিরেকে উচ্চ আদালত এখনও প্রধানত ইংরেজিনির্ভর। বিলবোর্ড, সাইনবোর্ড, স্থাপনার নামফলকসহ বিজ্ঞাপন ও রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের অনেক ক্ষেত্রেই মাতৃভাষার ব্যবহার কমিয়া যাইতেছে। বাংলার সহিত অন্য ভাষাকে মিশাইয়া ভাষা দূষণ করিবার প্রবণতা রোধে নির্দেশনা থাকিলেও বাস্তব পরিস্থিতি সন্তোষজনক বলা যাইবে না। আমরা মনে করি, ব্যবহারিক জগতে বাংলা ভাষার অবস্থান দৃঢ় করিতে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তরিকতার বিকল্প নাই।
ইহা আমাদের জন্য গৌরবের, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর বাঙালি জাতি ও বাংলা ভাষার ভাবমূর্তি যদ্রূপ উজ্জ্বল হইয়াছে, তদ্রূপ বিশ্বের সব মাতৃভাষাই বিশেষ মর্যাদা ও মনোযোগ লাভ করিয়াছে। আমরা দেখিয়াছি, বিশ্বের মাতৃভাষা গবেষণার লক্ষ্যে দেশে ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করিতেছে। পূর্ণাঙ্গভাবে সকলের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাও একুশের চেতনার অন্তর্ভুক্ত। দেশে যে সকল ভিন্ন ভাষা ও সংস্কৃতির জনগোষ্ঠী রহিয়াছে তাহাদের স্বকীয়তা রক্ষায় রাষ্ট্রীয় যেই সকল কার্যক্রম ইতোমধ্যে গৃহীত হইয়াছে, সেইগুলির সম্প্রসারণ ও কার্যকর প্রয়োগ প্রয়োজন বলিয়া আমরা মনে করি। উদাহরণস্বরূপ, কয়েকটি আদিবাসী গোষ্ঠীর জন্য নিজস্ব ভাষায় শিক্ষা ও বইয়ের ব্যবস্থা অন্য আদিবাসীদের জন্যও সম্প্রসারণ করা প্রয়োজন। বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসাবে প্রতিষ্ঠা করিবার রাষ্ট্রীয় উদ্যোগও অব্যাহত থাকিতে হইবে।
অমর একুশে আমাদের সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে অনন্য প্রেরণার বাতিঘরস্বরূপ কাজ করিতেছে। আমাদের গণতন্ত্রের অভিযাত্রার নূতন পর্বেও ইহা একই ভূমিকা পালন করিবে বলিয়া আমাদের বিশ্বাস। আমাদের প্রত্যাশা, উহার প্রতিফলনস্বরূপ, সরকার ও বিরোধী জোট তথা সকল দল মিলিয়া নবগঠিত জাতীয় সংসদ কার্যকর করিবে। জনগণের সরকার হইবার জন্য যদ্রূপ সরকারকে কাজ করিতে হইবে তদ্রূপ কেবল বিরোধিতার জন্য বিরোধিতা না করিয়া বিরোধীদের গঠনমূলক সমালোচনা প্রত্যাশিত। জনগণ ও দেশের স্বার্থ উপেক্ষা করিয়া সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করিলে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে যথোচিত ভূমিকা পালন করিতে হইবে।
