উপজেলা পরিষদে সংসদ সদস্যদের ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দের যেই সিদ্ধান্ত সরকার নীতিগতভাবে গ্রহণ করিয়াছে, উহা লইয়া বিভিন্ন মহলের উদ্বেগের সহিত আমরাও বহুলাংশে একমত। ইহাতে স্থানীয় সরকারের স্বাধীনতা হ্রাস হইবার আশঙ্কা অমূলক নহে। একইসঙ্গে কর্তৃত্ব লইয়া সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যকার পুরানা বিরোধও বাড়িয়া যাইতে পারে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানগণ, বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংগত কারণেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করিয়াছেন। আমরা মনে করি, ইহা বাস্তবায়নের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্বিতীয়বার ভাবা উচিত।

আইন প্রণয়ন, স্বীয় সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করা এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করাই সংসদ সদস্যগণের কর্ম, তাই উপজেলা পরিষদের সহিত তাহাদের প্রত্যক্ষ সংযোগ নাই এবং উপজেলা পরিষদে তাহাদের পরিদর্শন কক্ষ জরুরি নহে। এই কক্ষ স্থাপিত হইলে সংসদ সদস্যগণের পক্ষে পরিষদের কাজে সরাসরি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হইবে, যাহার ফলে বিশেষত পরিষদে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের সহিত তাহাদের সংঘাত বৃদ্ধির আশঙ্কা উড়াইয়া দেওয়া যায় না। ইহাতে স্থানীয় সরকারের ক্ষমতায়ন ব্যাহত হইতে পারে, যাহা গণতন্ত্র শক্তিশালীকরণের জন্য অপরিহার্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতির সহিত সাংঘর্ষিক। গ্রামীণ জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্যও ইহা অনুকূল নহে।

স্মরণে রাখা দরকার যে, বিদ্যমান আইন অনুযায়ী, সংসদ সদস্যগণ উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবে রহিয়াছেন, যাহার ফলস্বরূপ উপজেলা পরিষদের কাজে স্থানীয় সংসদ সদস্যের অহেতুক হস্তক্ষেপ অতীতে অনেক বাজে নজির সৃষ্টি করিয়াছিল। সমকালের প্রতিবেদনে উপজেলা পরিষদের সাবেক এক চেয়ারম্যান অভিযোগ করিয়াছেন যে, তখন যেই কোনো প্রকল্পের সুপারিশ আনিতে হইলেও সংসদ সদস্যকে কিছু ‘ভাগ’ দিতে হইতো। উপরন্তু, এলাকায় প্রভুত্ব বিস্তার লইয়া স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যকার সংঘাত-সংঘর্ষও অতীতে বহুবার সংবাদের শিরোনাম হইয়াছে। আমরা দেখিয়াছি, এই সকল তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাইতেই অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সংসদ সদস্যদের সংযোগ বিচ্ছিন্ন করিবার সুপারিশ করিয়াছিল।

উপজেলা পরিষদের কাজ হইলো, স্থানীয় প্রশাসন পরিচালনা, জনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন; যেখানে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্য সদস্যদেরই নিরঙ্কুশ কর্তৃত্ব থাকা উচিত। আমরা জানি, সংসদীয় এলাকায় অফিস রক্ষণাবেক্ষণের জন্য সংসদ সদস্যদের মাসে পনেরো সহস্র টাকা ভাতা দেওয়া হয়। এই অর্থ দিয়া তাহারা সহজেই উপজেলা শহর কিংবা সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অফিস পরিচালনা করিতে পারেন। সেই পথে না হাঁটিয়া সংসদ সদস্যদের উপজেলা পরিষদে ‘ঘাঁটি’ গাড়িবার বাসনা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নহে। ইহা সত্য যে, চব্বিশের পাঁচ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতির কারণে উপজেলা পরিষদ বর্তমানে নেতৃত্বশূন্য। জেলা পরিষদের ন্যায় এইখানেও বর্তমান সরকার প্রশাসক নিয়োগের চেষ্টা করিয়াছে। তবে আমরা মনে করি, জেলা ও উপজেলা উভয় পরিষদেই নির্বাচিত প্রতিনিধি জরুরি হইয়া পড়িয়াছে। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জেলা ও উপজেলার উন্নয়ন তৎপরতা বাড়াইতে যদ্রুপ আশু পদক্ষেপ লইতে হইবে, তদ্রুপ উপজেলা পরিষদে কেবল নির্বাচিত পরিষদেরই কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ দিতে হইবে।

ক্ষমতাসীন দল বিএনপির ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে স্থানীয় সরকারের স্বাধীনতার অঙ্গীকার রহিয়াছে। এমনকি স্থানীয় সরকারে সংসদ সদস্যদের খবরদারি বন্ধের প্রতিশ্রুতি দিয়া তাহারা ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করিবার কথা বলিয়াছে। আমাদের প্রত্যাশা, দলটি তাহাদের এই প্রতিশ্রুতি রক্ষা করিবে। সংসদ সদস্যদের অফিসের জন্য প্রয়োজনে কিছু বরাদ্দ বাড়াইয়া হইলেও উপজেলা পরিষদের বাহিরে তাহাদের বসিবার ব্যবস্থা করা হইবে।