প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। তার এই সফরে তিনি বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার আলাপ করেছেন। এ ব্যাপারে সকল দেশের তরফে ইতিবাচক সাড়া পেয়েছেন। আন্তর্জাতিক মিডিয়া ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য শুভবার্তা বয়ে নিয়ে এসেছে। বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দুয়ার খোলার সম্ভাবনাকে স্পষ্ট করেছে। আগামী দু’মাসের মধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের চিরসুহৃদ ও উন্নয়ন সহযোগী জাপান, তুরস্ক ও সউদী আরব সফরে যাবেন। ওই তিন দেশের নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে অর্থ-বাণিজ্যিক ও বিনিয়োগ বিষয়ে ঐতিহাসিক আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থ-বাণিজ্য-বিনিয়োগ-কূটনীতি ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সাফল্য ও সম্ভাবনা যেকোনো দেশের জন্য ঈর্ষণীয় বলে বিবেচিত হতে পারে। এই যখন বাস্তবতার একটা দিক, তখন অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবনতি রীতিমত উদ্বেগের কারণে পরিণত হয়েছে। রাতের ঢাকা এখন অচেনা বলে মনে হচ্ছে। মিরপুর, মোহাম্মদপুর, আদাবর এবং ইসিবি চত্বরে সম্প্রতি যা কিছু ঘটেছে, তাতে মানুষের মধ্যে ভীতি-আতঙ্ক বিস্তার লাভ করেছে। গত শুক্রবার রাতে মিরপুর সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য প্রতিষ্ঠা করা ৫২ বছরের পুরানো রাড্ডা এমসিএইচ-এসসি সেন্টারে হামলা চালিয়ে তা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরদিন শনিবার রাতে মাটিকাটা ইসিবি চত্বরে সালমান মুক্তাদির নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে হামলা চালিয়ে ভেঙেচুরে তছনছ করে দিয়েছে সন্ত্রাসীরা।
একইদিনে মোহম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের জন্য দু’শ-আড়াইশ লোক একযোগে হামলা চালিয়েছে এক অফিসে। ওদিকে চাঁদা না পেয়ে আদাবরের শ্যামলী হাউজিংয়ের এক বাড়িতে হামলা চালিয়েছে চাঁদাবাজরা। সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি খোদ রাজনীতিতে কোন পর্যায়ে এসে পৌঁছেছে, বর্ণিত চারটি ঘটনা তার প্রমাণ বহন করে। রাজধানীতে দুষ্কৃতকারী ও অপরাধীচক্র যদি এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, তবে দেশের অন্যত্র তাদের দৌরাত্ম্য কোন পর্যায়ে পৌঁছেছে, সহজেই অনুমেয়। জনগণের বিপুল ভোটে নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। এই সরকারের সময়ে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি চলবে, তা কারো কাম্য হতে পারে না। অথচ, এ সরকারের বিগত আট মাসে এ ধরনের অভিযোগের অন্ত নেই।
সন্ত্রাসীরা সন্ত্রাস করবে, দখলবাজরা দখলবাজি করবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করবে, লুটেরারা লুটতরাজ করবে আর তাদরে সঙ্গে সরকার ও সরকারি দলের কোনো সংশ্রব থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ-পরোক্ষ মদদ থাকবে না, একথা দেশের মানুষ মোটেই বিশ্বাস করে না। এ কারণে বিএনপি সরকারের আমলে এ পর্যন্ত যত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ইত্যাদি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তার সঙ্গে সরকার ও সরকারি দলের লোকজনের নাম উচ্চারিত হয়েছে। রাজধানীতে গত দুদিনে ঘটে যাওয়া অঘটনগুলোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জনধারণা রয়েছে। রাতের আঁধারে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিনা বাধায় হামলা, গুলিবর্ষণ ইত্যাদি কীভাবে সম্ভবপর হতে পারে, এ প্রশ্ন মোটেই অবান্তর নয়।
বিএনপির তরফে অনেক আগেই দখলবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষাণা করা হয়েছে। ক্ষমতায় আসার আগে ও পরে এসব অপরাধ সংঘটনের অভিযোগে বিএনপির অনেক নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কারসহ বিভিন্ন রকমের শাস্তি দেয়া হয়েছে। বলাই বাহুল্য, এসব ব্যাপারে বিএনপির দলীয় নীতি ও অবস্থান এখনো অটুট ও অক্ষুণœ আছে। এমতাবস্থায়, হামলা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির প্রতিটি ঘটনার অনুপুংখ তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি দলের লোকজন বলে কেউ যাতে শাস্তি থেকে রেহাই না পায়, সেটাও নিশ্চিত করতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও বলতে হচ্ছে, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যথার্থ সহযোগিতা পাচ্ছে না। অনেক ক্ষেত্রে বিরোধিতা ও নিষ্ক্রিয়তার প্রতিফল ভোগ করছে।
রাজধানীতে ঘটে যাওয়া ঘটনাগুলো পুলিশ প্রতিহত করার চেষ্টা করেনি। দুর্বৃত্ত-সন্ত্রাসীরা অবলীলায় তাদের দুষ্ককর্ম সম্পন্ন করে চলে গেছে। সরকারের প্রথম অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলার উন্নয়ন, পুলিশের চেইন অব কমান্ড প্রতিষ্ঠা এবং তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জনগণের জানমালের হেফাজত ও নিরাপত্তা বিধান করা সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অপরিহার্য দায়িত্ব। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ব্যর্থ হলে তা সরকারের ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনের সফরে দেশের বাইরে ছিলেন। এই চারদিনের দুদিনে ঢাকায় যা ঘটেছে, তা বিচলিত হওয়ার জন্য যথেষ্ট।
টিআইবি ঘটনাগুলোকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে বিবেচনা করেছে। বলছে, এটা সরকার ও সরকারি দলের জন্য অশনিসংকেত। টিআইবি দায়ী ব্যক্তিদের জবাবদিহি এবং দলে শুদ্ধি অভিযান চালানোর ওপর গুরুত্ব দিয়েছে। টিআইবির প্রস্তাব বিশেষভাবে প্রণিধানযোগ্য। অনেকেরই স্মরণ থাকার কথা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সময় ‘অপারেশেন ক্লিন হার্ট’ চালিয়েছিলেন বাধ্য হয়ে এবং দলের অনেক বেপথু নেতাকর্মী তার শিকার হয়েছিল। অতীতের দৃষ্টান্ত তো আছেই; প্রয়োজনে আইনশৃঙ্খলা সুরক্ষায় অনুরূপ অভিযান চালাতে হবে। বিনিয়োগ, উন্নয়ন, সমৃদ্ধি, নাগরিক জীবনমানের উন্নতিÑ যা কিছুই বলা হোক না কেন, এগুলোর জন্য সর্বাগ্রে প্রয়োজন সুষ্ঠু আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার নিশ্চিয়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা, নেতৃগুণ ও নেতৃত্ব আমাদের দেশের জন্য আশীর্বাদতুল্য। তার মালয়েশিয়া ও চীন সফরে এর প্রমাণ মিলেছে। জাতিসংঘে তার অবস্থান ও সম্মানও এর সাক্ষ্য বহন করে। আমরা আশা করবো, দেশের উন্নয়ন-সমৃদ্ধির যে সম্ভাবনা তার উচ্চ নেতৃত্বে দেখা দিয়েছে, তা কার্যকর করার জন্য তিনি প্রয়োজনে সুচিন্তিত ও কঠোর পদক্ষেপ নেবেন।
