বিদায়ী বৎসরে মব সন্ত্রাস ও কারা হেফাজতে মৃত্যু বাড়িয়াছে বলিয়া যেই পরিসংখ্যান বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসকের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক হইলেও বিস্ময়কর নহে। বৃহস্পতিবার সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, আসকের প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বৎসরে গণপিটুনি বা মব সন্ত্রাসে ১৯৭ জনের মৃত্যু হইয়াছে, ২০২৪ সালে এই সংখ্যাটা ছিল ১২৮। গত বৎসর কারা হেফাজতে মৃত্যুর সংখ্যাও পূর্বের বৎসরের তুলনায় বাড়িয়াছে–গত বৎসর এবং পূর্ববর্তী বৎসর এই সংখ্যা ছিল যথাক্রমে ১০৭ ও ৬৫। বিচারবহির্ভূত খুনও কমে নাই। ২০২৫ সালে ৩৮ জন এই রাষ্ট্রীয় সহিংসতার শিকার হইয়াছেন, ২০২৪ সালে সংখ্যাটা ছিল ২১।

অথচ কথা ছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে এহেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শূন্যে নামিয়া আসিবে। মব সহিংসতার সাম্প্রতিক উদাহরণ হিসাবে ভালুকার দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ছিল ভয়ানক। তাঁহাকে যেইরূপে পোড়াইয়া হত্যা করা হইয়াছে, উহা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাইয়াছে। এহেন মানবতার অবমাননার অঘটন ঘটিয়াছে লক্ষ্মীপুরে, শিশুসহ পরিবারকে আটকাইয়া গৃহে আগুন ধরাইয়া দেওয়া হইয়াছে। সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও খুব একটা পুরাতন হয় নাই। কিন্তু হতাশার বিষয় হইল, এইরূপে সমগ্র দেশে মব সহিংসতা হইলেও সরকার কার্যকর ব্যবস্থা লইতে পারে নাই। যথাসময়ে যথা-উদ্যোগের অভাবে কতিপয় গোষ্ঠী আশকারা পাইয়াছে এবং বারংবার উহার পুনরাবৃত্তি হইয়াছে। সরকারের তরফ হইতে মব সন্ত্রাসে শূন্য সহিষ্ণুতা দেখাইবার কথা বলা হইলেও ইহার সহিত জড়িতদের বিচারের নজির না থাকিবার কারণে অপরাধের পুনরাবৃত্তি হইয়াছে। বিস্ময়কর হইল, কোনো কোনো অঘটনে এমনকি চেয়ারম্যান ও মেম্বারদের ন্যায় জনপ্রতিনিধিগণ মব সহিংসতায় অংশ লইয়াছেন। কোথাও কোথাও মসজিদের মাইক ব্যবহার করিয়া সহিংসতার উস্কানি দেওয়া হইয়াছে। অনেক ঘটনায়ই আইনশৃঙ্খলা বাহিনীর সাড়া যথাসময়ে পাওয়া যায় নাই।

মব সহিংসতা নিছক মানবাধিকার লঙ্ঘন নহে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইহার নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হইয়া থাকে। এই পরিস্থিতি অব্যাহত থাকিলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অন্তত শান্তিপূর্ণ থাকিবে না–এই কথা স্বীকার করিতে হইবে। ভোটের প্রচারও যে এই পরিস্থিতিতে নির্বিঘ্নভাবে চালানো যাইবে না, তাহা বুঝিতে বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন নাই। তাই এই মব সহিংসতাসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করিতেই হইবে। বলিবার অপেক্ষা রাখে না যে, দেশের গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনটি অত্যন্ত জরুরি। এই নির্বাচনের জন্য একদিকে আমাদের বহুল আকাঙ্ক্ষার গণতান্ত্রিক উত্তরণ অপেক্ষমাণ, অন্যদিকে বিনিয়োগ, কর্মসংস্থানসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডই একপ্রকার স্থবির হইয়া রহিয়াছে। ভোটার উপস্থিতি প্রত্যাশিত মাত্রায় ঘটাইতে হইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখিবার কোনো বিকল্প নাই। ইতোপূর্বে আমরা দেখিয়াছি, নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে বাধা, মাজারসহ বিবিধ স্থাপনায় হামলার ঘটনা ঘটিয়াছে। এই সকল অঘটনও অসহিষ্ণুতার নামান্তর। সামাজিক সহিষ্ণুতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও নাগরিক সংহতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলিরও দায়িত্ব রহিয়াছে।

কোনো সভ্য সমাজেই বিচারহীনতার সংস্কৃতি চলিতে পারে না। আইনের শাসন ব্যতীত গণতন্ত্রও কার্যকর হয় না। আমাদের প্রত্যাশা, মব সহিংসতার প্রতিটা ঘটনায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের ব্যবস্থা হইবে; সেই তদন্তের ভিত্তিতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হইবে। আইন স্বীয় হস্তে তুলিয়া লইবার যেই ভয়ানক বীজ অনেকের মধ্যে প্রবেশ করিয়াছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়া ইহা উপড়াইয়া ফেলিতে হইবে।