চট্টগ্রামে আজিম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বকেয়া ওভারটাইমসহ বিভিন্ন দাবিতে গত শনিবার চাঁদগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই অবরোধ ও বিক্ষোভ চলে প্রায় ৫ ঘণ্টা। এই দীর্ঘ সময় যানচলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং নগরজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অশেষ দুর্ভোগের শিকার হতে হয়। অত্যন্ত দুঃখজনক হলেও বলতে হচ্ছে, দাবি-দাওয়া আদায়ে রাস্তা দখল, অবরোধ, বিক্ষোভ প্রদর্শন, যানবাহনে হামলা ইত্যাদি আমাদের দেশে একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। রাস্তাঘাট যানবাহন ও পথচারিদের চলাচলের জন্য। তা দখল ও অবরোধ করার অধিকার কারো নেই।

কলকারখানার শ্রমিক কিংবা পেশাজীবী সংগঠনের কর্মীদের রাস্তা দখল ও অবরোধ আইনের দৃষ্টিতে অবৈধ এবং অপরাধ হিসাবে গণ্য। অথচ, এই অপকর্ম তারা কারণে-অকারণেই করে যাচ্ছে। শ্রমিকদের দাবি-দাওয়া থাকতে পারে, তা আদায়ে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হতে পারে। সমাবেশ-প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করা দরকার হতে পারে। এসব শ্রমিকরা করতেই পারে। এটা তাদের অধিকারের পর্যায়ে পড়ে। কিন্তু রাস্তা দখল ও অবরোধ করে এসব করতে হবে, এটা মোটেই সমর্থন করা যায় না। কারণ, রাস্তায় নির্বাধে চলাচল যানবাহন ও পথচারিদের নিরংকুশ অধিকার। এ অধিকার ব্যাহত বা বিঘিœত করার কোনো অধিকার অন্য কারো থাকতে পারে না। রাস্তা দখল ও অবরোধ করলে পণ্য ও যাত্রী পরিবহনে অচলাবস্থা দেখা দেয়। পথচারিদরে সীমাহীন দুর্ভোগের কবলে পড়তে হয়। মানুষের নানান রকমের কাজ থাকে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মজীবীর কর্মস্থলে, রোগীর হাসপাতালে অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে মানুষের যেতে হয়। পণ্যসামগ্রীও ব্যবসায়ীদের এক স্থান থেকে অন্য স্থানে নিতে হয়। এছাড়া যানবাহনের নিরাপত্তার ব্যাপারটিও কম গুরুত্বপূর্ণ নয়। দেখা গেছে, রাস্তা দখল ও অবরোধের কারণে শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যথাসময়ে উপস্থিত হতে পারেনি, পরীক্ষা থাকলে পরীক্ষা দিতে পারেনি। কর্মজীবী কর্মস্থলে ঠিক সময়ে পৌঁছাতে পারেনি। এজন্য জ্যেষ্ঠ কর্মকর্তার কথা শুনতে হয়েছে। হাসপাতালে অনেক সময় রোগী পৌঁছাতে পারেনি। পথেই তার মৃত্যু হয়েছে। ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। অনেক ক্ষেত্রে যানবাহন ভাংচুরের শিকার হয়েছে। এত বিবিধ ক্ষতি, বিড়ম্বনা ও দুর্ভোগের অবসান হওয়া জরুরি।

শ্রমিকদের দাবি-দাওয়া ও অধিকারের ব্যাপারে দেশের সকল মহলই সহানুভূতিশীল। দাবি-দাওয়া আদায়ে শ্রমিকদের বিক্ষোভ, সমাবেশ, কর্মবিরতি, এমন কি ধর্মঘট করার অধিকারও স্বীকৃত। তারা বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি নিজস্ব প্রতিষ্ঠান ঘিরে বা প্রতিষ্ঠানের অভ্যন্তরে করতে পারে। প্রতিষ্ঠানের কাছাকাছি কোনো মাঠ বা ফাঁকা জায়গা থাকলে, সেখানেও করতে পারে। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি প্রতিপালিত হওয়া উচিত, যাতে মানুষকে অহেতুক অসুবিধা, বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়তে না হয়। এক্ষেত্রে শ্রমিকদের যে মনস্তত্ব গড়ে উঠেছে, সেটা নিন্দাযোগ্য বললেও কম বলা হয়। তারা রাস্তা দখল ও অবরোধ করে, প্রায়শই সহিংস আচরণ করে সবাইকে জিম্মি করতে চায়। মনে করে, এভাবেই তারা দাবি-দাওয়া আদায়ে মালিককে বাধ্য করতে পারবে। এরূপ জিম্মি করে দাবি-দাওয়া আদায় অনৈতিক।

অন্যদিকে মালিকদেরও কারো কারো দোষ কম নয়। বেতন, ভাতা, বোনাসসহ অন্যন্য দাবি ঝুলিয়ে রাখা তাদের অভ্যাস। কথা দিয়ে কথা না রাখাও তাদের অভ্যাসের অংশ। কোনো প্রতিষ্ঠানে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে শ্রমিকদের যথাসময়ে অবহিত করে আস্থায় আনা উচিত। আবার আর্থিক সমস্যা কেটে গেলে সঙ্গে সঙ্গে শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেয়া সঙ্গত। এর ব্যত্যয় ঘটলেই শ্রমিকদের অসন্তোষ, বিক্ষোভ ও আন্দোলন দেখা দেয়। এই দুর্মূল্যের বাজারে শ্রমিকদের বেঁচে থাকার দাবি তথা ন্যায্য পাওনার বিষয় উপেক্ষা করা যায় না। জানা গেছে, চট্টগ্রামের ওই প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষের দু’মাসের বেতন একসঙ্গে দেয়ার কথা থাকলেও এক মাসের বেতন দিয়েছে। তাদের দীর্ঘদিনের ওভারটাইমের পাওনাও বকেয়া রয়েছে। এমতাবস্থায়, তারা রাস্তায় নেমেছে। চট্টগ্রামের শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী মঙ্গলবার সব পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। বলা বাহুল্য, কথা দেয়ার সময়ে মালিক কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করলে শ্রমিকদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনের গর্হিত কাজটি হয়তো করতে হতো না। মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়টি যে কোনো বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। মালিক ছাড়া শ্রমিকের অস্তিত্ব নেই। আবার শ্রমিক ছাড়া মালিকের কারখানা অচল। দু’পক্ষের পারস্করিক সম্পর্ক হতে হবে হৃদ্যতাপূর্ণ ও সহযোগিতামূলক। এর অন্যথা ঘটলে বিপত্তি ও ক্ষতি।

আমরা যে অপসংস্কৃতির কথা বলেছি, তা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা বিস্তারিত ব্যাখ্যার অবকাশ রাখে না। নিকট অতীতে বিশেষত অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলন-সংগ্রাম, মিটিং-মিছিল, রাস্তা দখল, অবরোধ, বিক্ষোভ সমাবেশ ইত্যাদির একটা প্রতিযোগিতা আমরা প্রত্যক্ষ করেছি। সরকারের দেড় বছরে অন্তত কয়েক শত আন্দোলন হয়েছে। এসব আন্দোলনে রাস্তা দখল ও অবরোধ ছিল অতি সাধারণ ঘটনা। এতে জনগণের অপরিসীম দুর্ভোগ ও ক্ষতিতে পড়তে হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সম্ভবত এই প্রথম কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেলো। আমাদের দেশে একটা প্রবাদ আছেÑ ‘দেখাদেখি চাষ, দেখাদেখি বাস’। কোথাও একটা কিছু শুরু হলে, অন্যত্রও তা শুরু হয়ে যায়। এ ব্যাপারে তাই শুরুতেই সতর্ক হতে হবে।

সামগ্রিক বিবেচনায় এখনকার সময়টি দেশের জন্য ভালো যাচ্ছে না। আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। রাজস্ব আদায়ে বিশাল ঘাটতিতে সরকারকে ঋণমুখী হতে বাধ্য করেছে। ব্যাংক থেকে সরকার ঋণ নিচ্ছে যেমন, তেমনি বৈদেশিক ঋণও নিচ্ছে শর্ত সাপেক্ষে। ইরান যুদ্ধ, তেল সংকট, তেলের মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। মূল্যস্ফীতি ক্রমবর্ধমান। আগামীর দিনগুলো যে কঠিন হবে, সে আলামত স্পষ্ট। সামনে কোরবানির ঈদ। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ঈদের আগে ও পরে বাড়তে পারে। গত ঈদের দীর্ঘ ছুটিতেও সড়ক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা সম্ভব হয়নি। রাস্তাঘাটে শৃংখলা সুরক্ষা, দুর্ঘটনা রোখা সম্ভব হয়নি। আসন্ন ঈদেও আগাম ব্যবস্থা না নিলে আগের অবস্থার পুনরাবৃত্তি হতে পারে। যে কোনো ঈদে বা উৎসবে লোকজনের চলাচল ও মালামাল পরিবহন বেড়ে যায়। আগামী ঈদেও তার ব্যাতিক্রম হওয়ার কথা নয়। কাজেই, রাস্তাঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় এখনই নজর দিতে হবে। যনজট যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ যাতে রাস্তাঘাট দখল ও অবরোধ করতে না পারে সেদিকেও তীক্ষè নজর রাখতে হবে। যেকোনো মূল্যে রাস্তাঘাট উন্মুক্ত ও নিরাপদ করতে হবে। আগামীতে কাউকে রাস্তা দখল ও অবরোধ করতে দেয়া যাবে না। এ ব্যাপারে কঠোর হতে হবে; জিরো টলারেন্স দেখাতে হবে। সব বিষয়ে প্রধানমন্ত্রীর দিকে চেয়ে থাকলে হবে না। যার যা দায়িত্ব, নিষ্ঠার সঙ্গে তার তা পালন করতে হবে। রাস্তার সকল বাধা ও প্রতিবন্ধকতা দূর করে মসৃণ চলাচলের উপযোগী করার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। পুলিশকে এ বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।