বিশ্বব্যাংক প্রস্তাবিত আইটি খাত সংশ্লিষ্ট একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি ৩ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ। স্ট্রেনদেনিং ইন্সটিটিউশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড একউান্টেবিলিটি (সিটা) নামের এই প্রকল্পটির লক্ষ্য সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানো। প্রকল্পের আওতায় বিদেশি সফটওয়ার ও হার্ডওয়ার আমদানি এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। দেশের ৩২ জন শিক্ষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা এ ব্যাপারে গত শনিবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা ৩ হাজার কোটি টাকার প্রকল্পে ২ হাজার কোটি টাকা অপচয় হবে বলে আশংকা ব্যক্ত করেছেন। তাদের মতে, হার্ডওয়ার-সফটওয়ার আমদানি হবে অপ্রয়োজনীয়। বিদেশে প্রশিক্ষণেরও প্রয়োজন নেই। দেশে বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় লোকবলের ঘাটতি নেই। এ বিষয়ক প্রতিষ্ঠানও আছে।
তবে দেশের সফটওয়ার শিল্প নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের তরফে প্রয়োজনীয় সহযোগিতা দিলে সফটওয়ার আমদানির প্রয়োজন খুব একটা হবে না। একইসঙ্গে এ খাতে কর্মসংস্থানও বাড়বে। একই কথা হার্ডওয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। বিবৃতিদাতাদের মতে, বিদেশি কোম্পানিগুলো বিভিন্ন সময় সফটওয়ার সল্যুশন কার্যকরভাবে দিতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন, বিদেশি ঋণের অপচয় রোধ এবং দেশের আইটি খাতের স্বার্থে প্রকল্পটি নতুন করে সাজানো উচিত। এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। বলা আবশ্যক, আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প নেয়া হয়, যার একটা বড় অংশ অপ্রয়োজনীয়। কখনো রাজনৈতিক স্বার্থে, কখনো দাতা দেশ ও সংস্থার স্বার্থে, কখনো অর্থ লুট ও পাচারের স্বার্থে প্রকল্প নেয়া হয়।
স্বৈরাচারের সাড়ে ১৫ বছরে আমরা দেখছি, মেগা, বড়, মাঝারি নানান রকমের বিপুল সংখ্যক প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ নেয়া হয়েছে। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে অন্যান্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি। অতিরিক্ত ব্যয়সাপেক্ষ প্রকল্পগুলো থেকে বড় অংকের অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। অভিযোগ মতে, হাতিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী, তার আত্মীয়স্বজন, মন্ত্রী, এমপি, শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাবৃন্দ। স্বৈরাচার বিদায়ের পর অর্থলুট ও পাচারের যেসব তথ্য বেরিয়ে আসছে, তাতে মানুষের বিস্ময়ের অবধি নেই। লাখ লাখ কোটি টাকা সরিয়ে নেয়া হয়েছে। সাড়ে ১৫ বছরের মাফিয়া শাসন দেশকে রীতমতো ফোকলা করে ফেলেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা লাভের পর ভেঙ্গে পড়া অর্থনীতিকে খাড়া করার চেষ্টা করেও তেমন কিছু করতে পারেনি। এখন সরকার পরিচালনা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করার মতো অর্থের সংস্থান নেই। দারিদ্র্য বাড়ছে, খাদ্যসংকট বাড়ছে, মানুষ দলে দলে বেকার হয়ে পথে দাঁড়াচ্ছে। বিনিয়োগ-শিল্পায়নের খবর নেই। ব্যবসা-বাণিজ্যে লালাবাতি জ্বলার পর্যায়ে উপনীত প্রায়Ñ এই হলো দেশের প্রকৃত বাস্তবতা। এই সবকিছুর জন্য পতিত স্বৈরাচারের দুঃশাসন ও নির্বিচার লুণ্ঠনই দায়ী।
পতিত স্বৈরাচার দেশের মানুষের ঘাড়ে বিশাল অংকের ঋণের বোঝা চাপিয়ে গেছে। এই বোঝা এখন টানতে হচ্ছে সবাইকে। বিদেশি ঋণের সুদাসল নিয়মিত পরিশোধ না করে উপায় নেই। পরিস্থিতি এমন যে, ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে নতুন করে ঋণ করতে হচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ প্রভৃতি আন্তর্জাতিক অর্থদাতা সংস্থার হাতে-পায়ে ধরতে হচ্ছে, অন্যায় শর্তে ঋণ কবুল করতে হচ্ছে। জনগণের বিভিন্নমুখী উন্নয়নের আবশ্যকতা ও চাহিদা রয়েছে। এ চাহিদা অর্থাভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। তাদের ব্যক্তিগত, পারিপার্শ্বিক, পরিবেশিক, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। দারিদ্র্য ও পশ্চাদপদতার গর্ত থেকে তারা উঠে আসতে পারছে না। পতিত স্বৈরাচার ও তার আগের যত সরকার বিদেশি ঋণ নিয়েছে তার সমুদয় দায় যেমন দেশের মানুষের ওপর বর্তেছে, তেমনি তা পরিশোধ করার দায়িত্বও বর্তেছে বর্তমান সরকারের ওপর। সরকার বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয় কার্যকর ভূমিকা পালন করছে। এ দুই উৎস থেকে অর্থ কম আসলে কী হতো সহজেই অনুমেয়। সামর্থের অভাব, প্রকল্পের অত্যধিক ব্যয়, প্রয়োজনীয়তা ও উপযোগিতার অভাব ইত্যাদি কারণে সরকার অনেক প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে কিংবা বাতিল করে দিয়েছে। কিছু প্রকল্পের বিদেশি বাস্তবায়ন কর্তৃপক্ষের সঙ্গে উচ্চ ব্যয় নিয়ে কথা বলেছে সরকার। সরকারের জন্য এটাই সঠিক পথ। ঋণ করে ঘি খাওয়া সুবিবেচনার কথা নয়। সরকারের দায়িত্বপ্রাপ্তদের সবারই একথা স্মরণ রাখা উচিত।
সিটা প্রকল্প, বিবৃতিদাতা অধ্যাপক ও বিশেষজ্ঞদের বিবৃতি মতে, খুব জরুরি প্রকল্প নয়। যেখানে অর্থের টানাটানি আছে, অপচয়ের আশংকা আছে, সেখানে প্রকল্প গ্রহণ প্রশ্নের জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, সফটওয়ার ও হার্ডওয়ারের চাহিদা আমরাই পূরণ করতে পারি। আমাদের দেশেও বিশেষজ্ঞ আছে, ইঞ্জিনিয়ার আছে। কাজেই বিদেশে নিয়ে প্রশিক্ষণ দেবার কোনো যৌক্তিকতা নেই। বিদেশি ঋণ প্রয়োজন নেই, এমন কথা বলা যাবে না। ঋণ ও প্রযুক্তি দুই-ই দরকার। ঋণ নিতে হবে জাতীয় ও জনগুরুত্বসম্পন্ন প্রকল্পে। ঋণের ব্যাপারে দর কষাকষি করতে হবে এবং তুলনামূলক কম সুদে তা নিতে হবে। কোনো দেশ বা সংস্থার চাপে বা স্বার্থে ঋণ নেয়া যাবে না। আমরা আশা করবো, সরকার এই বিবেচনা থেকে প্রকল্প গ্রহণ ও ঋণ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
