চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদের ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তির পতন ও পালিয়ে যাওয়ার দুই বছর পর জাতি এক নতুন সম্ভাবনাময় বাস্তবতায় উপনীত হয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে জাতি আজ সামাজিক-রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ। আর এই ঐক্যের ভিত্তি হলো জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের চেতনায় যে কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি ও ষড়যন্ত্র প্রতিরোধ করে দেশগঠনের প্রতিজ্ঞা। পতিত স্বৈরাচার একাত্তরের চেতনাকে ব্যবহার করেছিল জাতিকে বিভক্ত ও দুর্বল করতে। তারা একই সঙ্গে দেশের গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় ঐক্য ও সংহতিকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করেছিল।
লুটপাটতন্ত্র ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, ভারতের সাথে করিডোর-ট্রান্সশিপমেন্টের নামে যে বন্দোবস্ত তৈরি করেছিল, আর কিছুদিন সময় এভাবে এগিয়ে চললে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে আর কিছু অবশিষ্ট থাকতো বলে মনে হয় না। তারা ৭১ এর অর্জন ও মুক্তিযযুদ্ধের চেতনা একইসঙ্গে শেষ করে দিতে চেয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচার তার হাজার হাজার দোসরের ভারতে আশ্রয় দান এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে অগ্রাহ্য করে অন্তবর্বর্তী সরকারের সময়ে পতিত স্বৈরাচারের পক্ষে নিরঙ্কুশ সমর্থন, প্রপাগান্ডা এবং নানা ধরনের হুমকি থেকে ভারতের বাংলাদেশবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে যায়।
দুই বছর পেরিয়ে গেলেও ভারতীয়রা বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। আশা করা হচ্ছিল, দেশে গণতান্ত্রিক নির্বাচনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন বাতাবরণ দেখা দেবে। একটি আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের পক্ষ থেকে নানা ধরনের হুমকি ও উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রয়েছে। ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের স্মৃতিবহ জুলাই আবারও এসেছে। ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে চব্বিশের জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে খুনি স্বৈরাচারের বন্দুকের সামনে মুক্তিপাগল ছাত্র-জনতার অকুতোভয় সংগ্রামে হাজার হাজার মানুষের আত্মদান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ অভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠির অবদান নয়। পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের বাইরে দেশের প্রায় সব রাজনৈতিক দল, ছাত্র সংগ্রঠন ও মুক্তিকামী ছাত্র-জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সংগঠিত তৎকালীন অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে থাকা ওসমান হাদী, হাসনাত, মাহফুজ, সারজিস, নাহিদ, আসিফ, নাসির, তামান্না, ঝুমা, আবিদুল, ফরহাদ, সাদিক কায়েমদের অসীম সাহসী ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই। কথিত কোনো মাস্টারমাইন্ড বা প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল বা নেতার একক নির্দেশনা ছাড়াই এই আন্দোলনের জনগণের বিজয় অর্জন সম্ভব হয়েছিল। এই অভ্যুত্থানের পেছনে কাজ করেছিল দেড় দশকের দুঃশাসন, নিপীড়ন, গুম-খুন ও দেশ ধ্বংসের ধারাবাহিক অপতৎপরতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষের উত্তুঙ্গ ক্ষোভ। বিশেষত লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি-জামায়াতসহ নিপীড়নের শিকার হওয়ার সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যেমন অভ্যুত্থান সফল হয়েছিল, সেই সাথে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের সেনাবাহিনী অতীতের বিভিন্ন ঐতিহাসিক ক্রান্তিকালে যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, চব্বিশের জুলাই অভ্যুত্থানেও তার ব্যতিক্রম হয়নি। বুলেটের জোরে সরকারের ক্ষমতায় আঁকড়ে থাকার বিপরীতে সেনাবাহিনীর অবস্থান ছিল সুস্পষ্ট মেসেজ। সেই বৃটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ থেকে পঁচাত্তরের নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব থেকে চব্বিশের অভ্যুত্থান পর্যন্ত জাতির প্রতিটি সংগ্রামের সাথে মিশে আছে সিপাহী-জনতার মিলিত ঐক্যের ইতিহাস।
একাত্তর পরবর্তী বাংলাদেশের জাতীয় লক্ষ্য অর্জন ও অগ্রগতির সবেচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল অনৈক্য ও প্রতিহিংসার রাজনীতি। চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদের ন্যারেটিভে বৈষম্য, বিভক্তি, দুঃশাসন-নিপীড়নের বিরুদ্ধে। একারণেই জুলাই অভ্যুত্থানকে যথার্থই দ্বিতীয় স্বাধীনতা রূপে অভিহিত করা যায়। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর জাতি সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছে। জুলাইয়ের চেতনা মানে কোনো আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত না করা। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে বাংলাদেশের নতুন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে শুরু করেছেন।
তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের নেতাদের সাথে সাক্ষাতে সেই বার্তাই তুলে ধরা হয়েছে। বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো ও অপার সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার পেছনে রয়েছে চব্বিশের জুলাই আগস্টের সেই অকুতোভয় বীর শহীদদের আত্মদানের অনন্য ইতিহাস। প্রায় দেড় হাজার শহীদ এবং প্রায় চল্লিশ হাজার আহত মানুষের রক্তদানের বিনিময়ে পাওয়া এই দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই জুলাইয়ের চেতনার মূল লক্ষ্য। এই প্রথম সংসদের সরকারি দল এবং বিরোধী দল একই কাতারে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অভিন্ন প্লাটফর্ম হিসেবে জুলাইয়ের চেতনাকে ধারণ করেছে।
অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জুলাইয়ের চেতনায় দেশগঠনের অঙ্গীকার করেছে। একইভাবে ইসলামি ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে। বাংলাদেশের ছাত্র-জনতা যখন জুলাই অভ্যুত্থানের বার্ষিকী পালন করছে, অন্যদিকে আধিপত্যবাদী শক্তি সীমান্তে বাংলাদেশ বিরোধী তৎপরতা বাড়িয়ে চলেছে। তারা একদিকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাভাষি ভারতীয় মুসলমানদের জড়ো করে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছে। অন্যদিকে শিলিগুড়ি করিডোর, রংপুর, ফেনী, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থান দখল করে নেয়ার প্রকাশ্য হুমকি ও পরিকল্পনার কথা প্রকাশ করছে। তবে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি বিএসএফ’র সামনে ইস্পাতকঠিন প্রতিরোধ গড়ে তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। একইভাবে বাংলাদেশের সরকার, বিরোধী দল, সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝাঁপিয়ে পড়েছে। নতুন বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এই জুলাই সাহস ও ত্যাগের আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে।
