সাম্প্রতিক কয়েক মাসে সারাদেশে আইনশৃঙ্খলার উদ্বেগজনক অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজাহানি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন ইত্যাদি অপরাধের মারাত্মক বিস্তার ঘটেছে। গত রোববার বিভিন্ন পত্রপত্রিকায় কয়েকটি অপরাধের ঘটনা প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। ফরিদপুরে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। খুলনা শহরের দৌলতপুর উপজেলার এক মসজিদে ফজরের নামাজের সময় সন্ত্রাসীরা গুলি দু’জনকে আহত করেছে। এ তিনটি ঘটনাকে নজির হিসাবে উল্লেখ করা হলো। এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে। এতে মানুষের মধ্যে ভয়ভীতি, আতংক ও নিরপত্তাহীনতা জনিত অসহায়ত্ব বাড়ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রকাশ্য দিবালোকে অস্ত্র উচিয়ে সন্ত্রাসীরা গুলি চালাতেও দ্বিধা করছে না। রাজনৈতিক বিরোধ ও প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি বা রক্ষার জন্যও গুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা রীতিমত বেপরোয়া হয়ে উঠেছে। তারা অস্ত্র পর্যন্ত ব্যবহার করছে। রাজধানীর মতিঝিলে তারা এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৪ হাজার ডলার নিয়ে গেছে। ক’দিন আগে রিকশা-আরোহী এক মহিলার ব্যাগ ধরে টান দিলে মহিলা রাস্তায় পড়ে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বিরোধের জেরে গুলি ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে। রাজধানীর রামপুরা এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছে কাইল্যা পলাশ নামে এক শীর্ষ সন্ত্রাসী। এর আগে নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় নাইম ইসলাম টিটন নামে অপর এক শীর্ষ সন্ত্রাসী। পর্যবেক্ষকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, অমনোযোগিতা ও অপারগতার কারণে আইনশৃঙ্খলার এরূপ অবনতি ঘটেছে। অবৈধ অস্ত্র দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্যাসিস্ট শাসন উৎখাতের সময় থানা থেকে অনেক অস্ত্র লুট হয়ে যায়, যা এখনো সব উদ্ধার হয়নি। এছাড়া সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র আসছে। এসব লুট হওয়া ও অবৈধ অস্ত্র দুর্বৃত্ত, সন্ত্রাসী, ছিনতাইকারী, রাহাজান, ডাকাত, চাঁদাবাজ ও রাজনৈতিক সন্ত্রাসীদের হাতে পড়ায় খুন-খারাবি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। যতদিন অবৈধ বা বেআইনি অস্ত্র উদ্ধার না হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না বাড়বে, ততদিন সুষ্ঠু আইনশ্ঙ্খৃলা ও নাগরিকনিরাপত্তা অসম্ভব বলেই প্রতিভাত হবে।
সুষ্ঠু আইনশৃঙ্খলা ও নাগরিকনিরাপত্তা যে কোনো দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনৈতিক বিকাশের জন্য অপরিহার্য। দেশে একটানা দেড় দশকেরও বেশি সময় ফ্যাসিস্ট শাসন বলবৎ ছিল। সে সময় শাসকদের কথাই ছিল আইন। তাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর সব কিছু নির্ভর করতো। নাগরিকদের কিছু বলার ও করার অধিকার ছিলনা। তখন ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই দুঃশাসনের অবসান হয়েছে। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারের কাছে মানুষের আশা-প্রত্যাশার শেষ নেই। সর্বাগ্রে মানুষ চায় জান-মাল-ইজ্জতের নিরাপত্তা। তা নিশ্চিত করা সরকারের প্রথম দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টিকে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে এবং কী করছে, মানুষ সেটা দেখতে চায়, বুঝতে চায়।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরই আইনশৃংখলা সুরক্ষা ও নাগরিকনিরাপত্তা বিধানে গুরুত্ব দিয়ে আসছেন। পর্যবেক্ষকদের মতে, শুধু গুরুত্ব দিলেই হবে না। এমন কার্যব্যবস্থা নিতে হবে, যাতে মানুষের এই জরুরি ও প্রয়োজনীয় প্রত্যাশা পূরণ হয়। সরকার অর্থনীতি পুনরুদ্ধার ও শক্তিশালী করার ব্যাপক পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। অর্থনীতিকে আগামী কয়েক বছরের মধ্যে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার দৃঢ় অভিপ্রায় রয়েছে সরকারের। এজন্য বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। বিনিয়োগ আকর্ষণ ও বৃদ্ধি এর মধ্যে অন্যতম। বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান ছাড়া কোনো দেশের উন্নয়ন-সমৃদ্ধি নিশ্চিত হতে পারে না। বিনিয়োগের প্রধান পূর্বশর্ত আইনশৃংখলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ-বান্ধব পরিবেশ, ব্যবসা গড়ে তোলার স্বল্প সময়ের নিশ্চয়তা ইত্যাদিও এজন্য আবশ্যক। বিনিয়োগ আনার জন্য অতীতে বিনিয়োগ সম্মেলন করা হয়েছে। তেমন কোনো সুফল পাওয়া যায়নি। বর্তমান সরকারও বিনিয়োগ সম্মেলন করার চিন্তা করছে। ইতোমধ্যে বিনিয়োগ যারা আনতে পারবে তাদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু সরকারের তরফে বিনিয়োগ ও অর্থনৈতিক বিকাশ, যা কিছুই করা হোক, তা পুরোপুরি সফল ও বাস্তবায়ন হবে না যদি না আইনশৃংখলা ও নাগরিকনিরাপত্তা নিশ্চিত করা যায়।
দেশের আইনশৃংখলা পরিস্থিতি এখন যে অত্যন্ত নাজুক তা নতুন করে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যুদ্ধরত ইরান কিংবা দীর্ঘযুদ্ধ পেরিয়ে আসা আফগানিস্তানেও এমন পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি হয়নি, সেখানে প্রকাশ্য দিবালোকে কেউ কাউকে গুলি করে হত্যা করতে পারে, ঘরে ঘুমিয়ে থাকা গোটা পরিবারকে জবাই করে হত্যা করতে পারে। বিনিয়োগ, শান্তি, স্বস্তি যা কিছুই বলা হোক না কেন, নিশ্চিত করতে হলে আগে আইনশৃংখলার উন্নতি করতে হবে। অবৈধ অস্ত্র, যা নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, সর্বাগ্রে উদ্ধারের পদক্ষেপ নিতে হবে। সীমান্ত পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ করতে হবে। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, হানাহানি রহিত করতে হবে। আইনশৃংখলা বাহিনী, বিশেষ করে পুলিশকে অধিকতর দায়িত্বশীল ও সক্রিয় করতে হবে। ফ্যাসিস্ট শাসক উৎখাত আন্দোলনের সময় পুলিশের ভূমিকা কারো অজানা নেই। সেই ভূমিকার কারণে পুলিশের মনোবলে যে বড় চিড় ধরে, তার অস্তিত্ব এখনো বিদ্যমান আছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। কাজেই, এমন ব্যবস্থা নিতে হবে যাতে পুলিশের মনোবল সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। দায়িত্ব পালনের ক্ষেত্র তাদের অভয় দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। অন্যায় হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণীত করতে হবে। সর্বোপরি অপরাধীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাতে হবে। আশা করা যায়, এসব পদক্ষেপে আইনশৃংখলার উন্নতি হবে। নাগরিকনিরাপত্তা বাড়বে। দেশে কাম্য পরিবেশ প্রতিষ্ঠিত হবে। উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাওয়ার সুযোগ লাভ করবে।
