অনেক ধোঁয়াশা ও অনিশ্চয়তার পর অবশেষে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তার আগে থেকেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে সরব রয়েছে। তথাপি নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিদ্যমান ছিল। বিশেষত ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তার দোসরদের নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য, নাশকতার নির্দেশনা, গুপ্ত কর্মসূচির পাশাপাশি ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক ও সরকারি প্রতিক্রিয়ায় বাংলাদেশে অস্থিতিশীলতা বৃদ্ধির সাথে সাথে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে এক ধরনের সংশয় দেখা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলা ও টার্গেট কিলারদের ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এমনিতেই ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। উভয় পক্ষে হুমকি ও উস্কানিমূলক বক্তব্য টানাপোড়েনকে আরো জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এ ক্ষেত্রে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এক শ্রেণির মানুষের ভারতবিরোধী বক্তব্য আদতে ভারতের হাতে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি ও উত্তেজনা ছড়ানোর অস্ত্র তুলে দিচ্ছে। হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারিভাবে বাংলাদেশের তরফে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে যথার্থভাবেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। একই সময়ে এনসিপির পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি নিয়ে রাজপথে নামলেও পুলিশ তাদের পথ আটকে দেয়। সেখানেই অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেয়া এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা বক্তব্যের প্রতিক্রিয়ায় মাত্র দেড় ঘণ্টার নোটিশে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারত পাল্টা প্রতিক্রিয়া জানায়।

হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নন, তার বক্তব্য শ্রেফ মেঠো রাজনৈতিক বক্তব্য হিসেবেই ধরে নেয়া যায়। ইতিপূর্বে ভারতের গণমাধ্যম ব্যক্তিত্ব ও ক্ষমতাসীন দলের নেতারাও চট্টগ্রাম দখল করা, ফেনী কিংবা চিকেন নেক আলাদা করে ফেলার হুমকি দিয়েছেন। কিছু কিছু আপত্তিকর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনও মনে করেনি বাংলাদেশ সরকার। ভারতে অবস্থানরত পলাতক অপরাধীদের বাংলাদেশ বিরোধী বক্তব্য, ভারতীয়দের হুমকি, হাদির হত্যাকারীদের ভারতে পালিয়ে যাওয়া ইত্যাদি ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই হাসনাতের এমন বক্তব্য, এমনটাই ধরে নেয়া যায়।

তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী চক্রের উস্কানি, দূরভিসন্ধিমূলক অপতৎপরতা ও নাশকতার আশঙ্কা বেড়ে যাওয়ার মধ্যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতার লাগামহীন বক্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত ও ঘোলাটে করে তুলতে পারে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য তেমনই অগ্নিতে ঘৃত সংযোগের উপলক্ষ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এ ধরনের বক্তব্যকে ভারত বিরোধিতার নামে ভারতের হাতে বাংলাদেশ বিরোধিতার অস্ত্র তুলে দেয়ার নামান্তর বলে অভিহিত করছেন। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে টানপোড়েন রয়েছে। স্থল ও নৌসীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিএসএফের হত্যাকা-, অভিন্ন নদীর পানির হিস্যা, বাণিজ্য ঘাটতি, বন্দি প্রত্যার্পণ ইত্যাদি নানা ইস্যুতে মতপার্থক্য সত্ত্বেও বাংলাদেশ বরাবরই বন্ধুত্ব ও সংযমের পথ অনুসরণ করেছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ও কৌশলগত। বাংলাদেশের নিরাপত্তা, অখ-তা, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভারতের সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারতের অখ-তা বা নিরাপত্তার হুমকি পারস্পরিক আস্থা ও নির্ভরতা হাত ধরাধরি করে চলে। বড় প্রতিবেশী হিসেবে ভারতের কাছ থেকে যেমন দায়িত্বশীল আচরণ কাম্য, তেমনি বাংলাদেশও নিজের স্বার্থেই বড় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। এখানে রাষ্ট্রের বাইরে কোনো রাজনৈতিক ব্যক্তি বা পক্ষের উস্কানিমূলক বক্তব্য যেন নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উভয় দেশের সরকারকে সচেতন ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সম্পর্কে ভারতীয় ন্যারেটিভের সাথে বাস্তবের কোনো মিল নেই। দীর্ঘদিন ধরে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে উগ্র জঙ্গিবাদের উত্থানের মিথ্যা ন্যারেটিভের প্রচারণা চলছে। জুলাই অভ্যুত্থানের পর দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও দোসররা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে দখলদার ও জঙ্গি সরকার বলে অভিহিত করতে শোনা গেছে। জুলাই অভ্যুত্থান মূলত ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্মের গণতান্ত্রিক আকাক্সক্ষারই বিপ্লবী প্রতিফলন। হাজার হাজার মানুষ রক্ত ও জীবন দিয়ে একটি ফ্যাসিস্ট রেজিমকে পরাজিত করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে অন্তর্বর্তী সরকারসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলকে সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

জাতীয় ঐকমত্য, সংস্কারসহ নানা কাজে সরকার অনেক বেশি সময় ব্যয় করেছে। কিন্তু রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তাসহ নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এহেন বাস্তবতায় দেশকে অস্থিতিশীল করে নেপথ্যের কুশীলবরা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বানচাল করতে চায়। ভারত বিরোধিতার নামে অহেতুক হুমকি ও উস্কানি দিয়ে কেউ তাদের হাতে বাড়তি সুযোগ এনে দিতে চাইলে, তা কঠোরভাবে প্রতিহত করতে হবে। বাংলাদেশ ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সাথে বৈরী সম্পর্ক চায় না। স্থিতিশীল ও আস্থাপূর্ণ সুসম্পর্ক উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকার উপর নির্ভর করে। হুমকি, উস্কানির মধ্য দিয়ে তা অর্জন করা সম্ভব নয়। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নির্বাচন ও জাতীয় রাজনীতির এই ক্রান্তিকালে যারা অহেতুক বিতর্ক সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভারতের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।