গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা করে অভিযান চলছে। অনেককে আটক করা হয়েছে। সব মিলিয়ে অপরাধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলার বাস্তবচিত্রের সাথে তার এ কথার মিল নেই। বরং পত্রপত্রিকায় প্রায় প্রতিদিনই খুন, জখম, ছিনতাই, চাঁদাবাজির খবর প্রকাশিত হচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের আভ্যন্তরীণ পর্যালোচনা সভাগুলোতে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা, পুলিশের লুট হওয়া অস্ত্র এবং চাঁদাবাজিতে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তদের জড়িয়ে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি মানবাধিকার সংস্থার তথ্য মতে, গত এপ্রিল মাসে মব সহিংসতায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। অন্যদিকে, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করলেও নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির দুটি দিক রয়েছে। একটি প্রকাশ্য, আরেকটি অপ্রকাশ্য। সাধারণত সংঘটিত অপরাধ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। অন্যদিকে, অনেক অপরাধ প্রকাশ্যে আসে না, কিংবা সংবাদপত্রে প্রকাশিত হয় না। চুরি, ডাকাতি, মাদক-জুয়া, ছিনতাই, চাঁদাবাজি, হুমকিÑধমকিসহ নানা অপরাধ অনেক সময় অপ্রকাশিত থেকে যায়। যেসব অপরাধ প্রকাশিত হয়, সেগুলো অপ্রকাশ্য অপরাধের মুখমাত্র। বলার অপেক্ষা রাখে না, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। তাদের আশা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও দৃঢ় হবে। তবে তাদের এই আশা অনেকটাই ফিকে হতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ভয়াবহ অপরাধের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

মানুষের আতঙ্ক দূর করার জন্য পুলিশের যে ধরনের দৃশ্যমান তৎপরতা থাকা দরকার, সে ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। অনেক সময় পুলিশ আছে কিনা, তা বোঝা যায় না। বরং দেখা যাচ্ছে, অপরাধী ধরতে গিয়ে উল্টো পুলিশ হামলার শিকার হচ্ছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, অপরাধীরা পুলিশের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে এ ধরনের ঘটনা ঘটেছে। রাজধানীর মধ্যে মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সেখানে অপরাধীরা দোর্দণ্ড প্রতাপে বিচরণ করছে। আইনশৃঙ্খলা বাহিনী যেন সেখানে নিরুপায় হয়ে রয়েছে। এই যদি হয় পরিস্থিতি, তাহলে মানুষের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। সাধারণ মানুষকে যদি আতঙ্ক ও ভয়ের মধ্যে বসবাস করতে হয়, তাহলে তার দায় সরকারের উপর বর্তায়। জননিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হয়। দেশের অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি স্থবির হয়ে পড়ে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কতটা ভঙুর, তা নতুন করে বলার কিছু নেই। মানুষের হাতে টাকা নেই, আয় কমে গেছে, তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বেকারত্ব হু হু করে বাড়ছে। অর্থনৈতিক চাঞ্চল্য নেই, বিনিয়োগ নেই। কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। বেকারত্ব, কর্মসংস্থানের অভাব মানুষকে হতাশার দিকে ঠেলে দেয়। হতাশা থেকে তাদের মধ্যে অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়, মাদকাসক্ত হয়ে পড়ে। এতে মাদকের প্রসার ঘটে। পারিবার ও সামাজ অস্থিতিশীল হয়ে উঠে। শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয়। এই প্রবণতা এখন লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা সহনীয় পর্যায়ে না থাকলে চলমান শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে না। নিরাপত্তাজনিত কারণে দেশি-বিদেশি বিনিয়োগ ও শিল্পায়ন হবে না। ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা বিরাজ করছে, তা স্থবিরই থেকে যাবে। ফলে সরকারকে সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে নজর দিতে হবে। পুলিশকে অধিক সক্রিয় করতে হবে। অপরাধের সাথে যারা জড়িত এবং তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। ছাড় দেয়া যাবে না। ইতোমধ্যে এক এমপি পুত্রের বিরুদ্ধে চাঁদাবাজিসহ ভয়াবহ অপরাধের অভিযোগ উঠেছে। তাকে আটক করা হলেও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এতে জনমনে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি। অনেকের মধ্যে এ ধারণার জন্ম দিয়েছে, ক্ষমতাসীন দলের এমপি পুত্র হওয়ায় তাকে ছাড় দেয়া হয়েছে। সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। অপরাধী যত ক্ষমতাধর হোক, সে যাতে ক্ষমতার কাছাকাছি থাকার কারণে ছাড় না পায়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে, তা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা থাকতে হবে। কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, এ নিয়ে জাতীয় সংসদে বিশেষ আলোচনা হতে পারে। জনগণ এ নিয়ে কোনো আলোচনা দেখছে না। এ নিয়ে সরকারের উদ্যোগী হওয়া জরুরি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া অন্যকোনো বিকল্প নেই।