কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী প্রযুক্তিগুলোর একটি। মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে এটি দ্রুত জায়গা করে নিচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। শিক্ষার্থীদের পড়াশোনা, পেশাজীবীদের দৈনন্দিন কাজ, ফ্রিল্যান্সিং, চিকিৎসাসেবা, ওষুধ উৎপাদন, গবেষণা ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এআইয়ের ব্যবহার বাড়ছে। প্রযুক্তিটির যথাযথ প্রয়োগে কম সময়ে অধিক কাজ করা, উৎপাদনশীলতা বাড়ানো, জটিল রোগ শনাক্ত করা এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। কিন্তু এআইয়ের এসব সম্ভাবনার আড়ালে যেসব ঝুঁকি তৈরি হচ্ছে, সেগুলো উপেক্ষা করার সুযোগ নেই।
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ২০১৪ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানবজাতির সমাপ্তি ডেকে আনতে পারে।’ তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন অত্যন্ত উন্নত প্রযুক্তির সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। বর্তমানে এআইয়ের অতিব্যবহার, এর ওপর মানুষের ক্রমবর্ধমান নির্ভরতা এবং প্রযুক্তির মালিকানাকে কেন্দ্র করে মুষ্টিমেয় প্রতিষ্ঠানের বিপুল ক্ষমতা অর্জনের প্রবণতা হকিংয়ের সতর্কবার্তাকে নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে। এআইয়ের কল্যাণে কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান ও তাদের কর্ণধার বিপুল সম্পদের মালিক হচ্ছেন। কিন্তু এই সম্পদ ও প্রযুক্তিগত ক্ষমতা কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার ওপর জনস্বার্থের কার্যকর নিয়ন্ত্রণ কতটা রয়েছে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এআইয়ের মাধ্যমে মানুষের কাজ সহজ হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই ও কর্মসংস্থান সংকোচনের আশঙ্কা বাড়ছে। উৎপাদন, বিপণন, গ্রাহকসেবা, তথ্য বিশ্লেষণ ও দাপ্তরিক কাজে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে বিশেষ করে স্বল্প ও মাঝারি দক্ষতার কর্মীরা সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন। অন্যদিকে শিক্ষার্থী ও পেশাজীবীদের একাংশ কোনো বিষয়ে নিজে চিন্তা না করে এআইয়ের তৈরি উত্তর গ্রহণ করছেন। এতে তাৎক্ষণিক সুবিধা মিললেও দীর্ঘ মেয়াদে মানুষের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এআইয়ের আরেকটি বড় উদ্বেগের জায়গা এর পরিবেশগত ব্যয়। সাধারণ মানুষের কাছে এআই বলতে চ্যাটবট বা মোবাইল ফোনে ব্যবহৃত কয়েকটি অ্যাপ্লিকেশন বোঝালেও এর পেছনে কাজ করে বিশাল সার্ভার ও ডেটা সেন্টারের অবকাঠামো। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। সার্ভারগুলো অতিরিক্ত গরম হয়ে পড়ায় সেগুলো ঠান্ডা রাখতে প্রচুর পানি ব্যবহার করতে হয়। ফলে বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ বাড়ার পাশাপাশি স্থানীয় পানিসম্পদ, পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বাংলাদেশের মতো বিদ্যুৎ ও জ্বালানিসংকটে থাকা দেশে বিষয়টি বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। এমনিতেই শিল্পকারখানা, কৃষি ও গৃহস্থালি পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।
সেখানে পর্যাপ্ত সক্ষমতা ও পরিবেশগত প্রভাব যাচাই না করে বড় বড় এআই ডেটা সেন্টার স্থাপনে উৎসাহী হওয়া আত্মঘাতী হতে পারে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল বিবেচনার দাবি রাখে। নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় বিজয়ের পেছনে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে ভোটারদের অবস্থান স্পষ্ট হয়েছে। বিদ্যুতের বাড়তি চাহিদা, পানির ব্যবহার, পরিবেশদূষণ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা থেকে অনেক এলাকায় এসব প্রকল্পের বিরোধিতা হয়েছে। এ কারণেই নির্বাচনের পর এআই ও ডেটা সেন্টারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে ব্যাপক ধস নামে। একদিনে নাসডাকের বাজারমূল্য কমে প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে যায়। যদিও নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের একমাত্র কারণ এআইবিরোধিতা নয়। তবে ডেটা সেন্টারবিরোধী জনমত নির্বাচনী ফলাফলে ভূমিকা রেখেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এর তাৎপর্য হলো, প্রযুক্তির উন্নয়নের নামে স্থানীয় মানুষের বিদ্যুৎ, পানি ও পরিবেশগত স্বার্থ উপেক্ষা করলে শেষ পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিরোধের মুখে পড়তে হয়। আরও উদ্বেগের বিষয়, উন্নত দেশগুলোতে পরিবেশ ও জ্বালানিসংক্রান্ত বিধিনিষেধ কঠোর হলে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যুৎ ও পানিনির্ভর ডেটা সেন্টার উন্নয়নশীল দেশগুলোতে স্থাপনের চেষ্টা করতে পারে। সস্তা জমি, তুলনামূলক কম ব্যয় এবং সরকারি প্রণোদনার সুযোগ কাজে লাগিয়ে তারা বিনিয়োগের প্রস্তাব দিতে পারে। এতে এসব ডেটা সেন্টার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিপুল বিদ্যুৎ উৎপাদনের আর্থিক ও পরিবেশগত দায় শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশের মানুষের ওপর চাপতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এআই নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও ঝুঁকি মূল্যায়নের চেয়ে এর ব্যবহার ও সম্প্রসারণে কোনো কোনো মন্ত্রী ও আমলার অতিউৎসাহ বেশি চোখে পড়ছে। সর্বাধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ থাকা অবশ্যই ইতিবাচক। কিন্তু প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে দেশের বাস্তবতা, আর্থিক সামর্থ্য, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, পরিবেশগত ভারসাম্য এবং মানুষের কর্মসংস্থানের বিষয়গুলো বিবেচনায় রাখা জরুরি। শুধু আধুনিকতার পরিচয় দিতে কিংবা প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় এআই ব্যবহারে নির্বিচারে উৎসাহ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। মনে রাখতে হবে, এআই কোনো জাদুকরি সমাধান নয়। এর তৈরি তথ্য অনেক সময় ভুল, অসম্পূর্ণ কিংবা বিভ্রান্তিকর হতে পারে।
চিকিৎসা, বিচারব্যবস্থা, প্রশাসন ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের মতো সংবেদনশীল ক্ষেত্রে যাচাই ছাড়া এআইয়ের ওপর নির্ভরতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা, ডিপফেক এবং ভুয়া তথ্যের বিস্তার নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। আমাদের দেশে এআই ব্যবহারের পাশাপাশি নিজস্ব গবেষণা, বাংলা ভাষাভিত্তিক তথ্যভান্ডার, দক্ষ জনবল এবং প্রযুক্তিগত সক্ষমতা তৈরিতে গুরুত্ব দিতে হবে। ডেটা সেন্টার স্থাপনের আগে বিদ্যুৎ ও পানির প্রাপ্যতা, পরিবেশগত প্রভাব এবং প্রকল্পের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করতে হবে।
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে, দেশ শুধু জমি, বিদ্যুৎ ও পানি সরবরাহ করবে না; বরং প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান, গবেষণা এবং দক্ষতা অর্জনের বাস্তব সুযোগও তৈরি হচ্ছে কিনা। এআইয়ের কারণে কর্মসংস্থান হারানোর আশঙ্কা মোকাবিলায় কর্মীদের নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের নীতিমালা তৈরি করে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশের সুযোগ অক্ষুণ্ন রাখতে হবে। সর্বোপরি, এআইকে মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। প্রযুক্তিটির সম্ভাবনাকে অস্বীকার করা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি এর প্রতি অন্ধ বিশ্বাসও বিপজ্জনক। যে প্রযুক্তি মানুষের জীবন সহজ করার কথা, সেটি যেন মানুষের কর্মসংস্থান, চিন্তাশক্তি, পরিবেশ ও অর্থনীতির জন্য নতুন সংকট তৈরি না করে, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। মনে রাখতে হবে, প্রযুক্তির সাফল্য শুধু কত দ্রুত তা গ্রহণ করা হচ্ছে, তা দিয়ে বিচার করা যায় না; বরং মানুষের জীবন, অর্থনীতি ও পরিবেশের কতটা কল্যাণ হচ্ছে, সেটিই হওয়া উচিত সাফল্যের প্রকৃত মাপকাঠি। তাই এআই ব্যবহারে উৎসাহের পাশাপাশি সতর্কতা, সুনির্দিষ্ট পরিকল্পনা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।
