একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহীদ মিনারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়াছে তাহা নিন্দনীয় ও উদ্বেগজনক। রবিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, ভাষাশহীদদের শ্রদ্ধা জানাইতে গেলে এক দল তরুণ জাতীয় পার্টির ফুল ও ব্যানার কাড়িয়া লয়।
অন্যদিকে কতিপয় মানুষের বাধার মুখে শ্রদ্ধা না জানাইয়াই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ফিরিয়া আসিতে হইয়াছে। এই সময় তাঁহার পুষ্পস্তবক ছিঁড়িয়া ফেলার অভিযোগও উঠিয়াছে। ইহা সত্য, ১৯৮০-এর দশকে বিশেষত সামরিক শাসনামলে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের শ্রদ্ধা নিবেদনকালে তৎকালীন সরকার সমর্থক রাজনীতিবিদদের হেনস্তার ঘটনা ঘটিয়াছে।
তৎপরবর্তী সময়েও ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দলের পরস্পর কিংবা নিজেদের মধ্যে এহেন ঘটনা ঘটিয়াছে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়া অন্য অনেক নেতিবাচক প্রবণতার সহিত এহেন প্রতিহিংসার রাজনীতিরও অবসান ঘটিবার কথা ছিল। বিশেষ করিয়া আলোচ্য ন্যক্কারজনক ঘটনাবলি এমন সময়ে ঘটিয়াছে যখন নূতন সরকারপ্রধান বেশ স্পষ্ট ভাষায় প্রতিহিংসার রাজনীতি চলিবে না বলিয়া ঘোষণা দিয়াছেন।
তদুপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করিয়া গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলিয়াছিলেন, কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হইবে না। এই প্রেক্ষাপটে আলোচ্য ঘটনাবলি শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐ অঙ্গীকার ও হুঁশিয়ারিকেই চ্যালেঞ্জ জানাইতেছে না; সাধারণ জনগণের জন্যও হতাশাজনক বার্তা বহন করে। কারণ, এই ধরনের ঘটনা শুধু শহীদ মিনার বা স্মৃতিসৌধেই সীমাবদ্ধ থাকিবে না, উপযুক্ত প্রতিরোধমূলক পদক্ষেপ গৃহীত না হইলে রাজনীতি ও সমাজের অন্যান্য ক্ষেত্রেও ছড়াইয়া পড়িবে। মনে রাখিতে হইবে, রুমিন ফারহানা শুধু জনগণের ভোটে নির্বাচিত একজন স্বতন্ত্র সংসদ সদস্যই নহেন; প্রথিতযশা ভাষাসংগ্রামী ও রাজনীতিকেরও কন্যা বটে। সেই হিসাবে তিনি দীর্ঘ ও পোক্ত রাজনৈতিক ঐতিহ্য ও পরিচিতির ধারক। আর জাতীয় পার্টি দীর্ঘদিন দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। দলটির কোনো নেতার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগও নাই। ফলে তাহাদের হেনস্তা করা একেবারে প্রতিক্রিয়াহীন থাকিবে না।
যাহা অধিকতর উদ্বেগজনক, এহেন অসুস্থ রাজনীতি টিকিয়া থাকার আলামত যখন প্রকাশ পাইয়াছে তখন দেশের অর্থনীতি ভয়ংকর সংকট মোকাবিলা করিতেছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি জনজীবনকে পিষ্ট করিয়া চলিয়াছে, অন্যদিকে বিনিয়োগ খরায় নূতন কর্মসংস্থান প্রায় সোনার হরিণে পরিণত হইয়াছে। শুধু উহাই নহে, গত দেড় বৎসরে দারিদ্র্য বৃদ্ধি পাইয়াছে; বহু কলকারখানা বন্ধ হইবার কারণে কয়েক লক্ষ মানুষ জীবিকা হারাইয়াছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিও তথৈবচ। চুরি, ডাকাতি, খুন, অপহরণসহ বিবিধ হালকা ও গুরুতর অপরাধ ঘটিতেছে এক প্রকার প্রতিকারহীন। নূতন সরকার আশু করণীয় নির্ধারণ করিয়া ইতোমধ্যে কাজ শুরু করিয়াছে বটে, কিন্তু এই ক্ষেত্রে সাফল্যের জন্য সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। আলোচ্য ঘটনাবলির ন্যায় যে কোনো প্রতিহিংসামূলক রাজনৈতিক কর্মকাণ্ড যেখানে বাধা হইয়া দাঁড়াইতে পারে।
প্রসঙ্গত, প্রথম ঘটনায় অভিযোগের আঙুল উঠিয়াছে এনসিপির মহানগরীর কর্মীদের দিকে। দ্বিতীয় ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় বিএনপিকে অভিযুক্ত করিয়াছেন। বিএনপি হইল সরকারি দল এবং এনসিপি হইল জাতীয় সংসদের অন্যতম বিরোধী দল, যাহার নেতা তথায় বিরোধীদলীয় প্রধান হুইপের ন্যায় অত্যন্ত দায়িত্বশীল পদের অধিকারী। উপরন্তু রাজনীতিতে নূতন বন্দোবস্তের পক্ষে প্রধানত এনসিপির নেতৃবৃন্দই পুনঃপুন দাবি তুলিয়াছিলেন। রাজনীতিতে যাহাদের সর্বাধিক দায়িত্বশীল আচরণ করিবার কথা তাহারাই যদি ঠুনকো অজুহাতে রেষারেষির রাজনীতিকে জিয়াইয়া রাখেন তাহা চরম হতাশাজনক বলিয়া আমরা মনে করি। উভয় ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন তাহাদের দায় উপেক্ষা করিতে পারে না। অবিলম্বে যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের চিহ্নিত করিয়া আইনের আওতায় আনা হইবে– এই প্রত্যাশা আমাদের।
