বিগত অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ হইবার কারণে সামগ্রিক জনস্বাস্থ্য খাতে যেই আশঙ্কা ও উদ্বেগ সৃষ্টি হইয়াছে, উহা সমগ্র জাতির জন্যই অশনিসংকেত বলিয়া আমরা মনে করি। শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, সরকারের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির আওতায় বিভিন্ন অপারেশন প্ল্যানের মাধ্যমে পরিচালিত কার্যক্রম গত বৎসরের মার্চে সরকারি সিদ্ধান্তের কারণে আকস্মিকভবে বন্ধ হইয়া যায়। ইহার ফলে একদিকে টিকা সংকটের কারণে হাম ও রুবেলা, নিউমোনিয়া, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হেপাটাইটিসসহ ১১টি রোগের সহিত সংশ্লিষ্ট টিকাদান কর্মসূচি ব্যাহত হয়; অন্যদিকে রক্তস্বল্পতা, গর্ভকালীন জটিলতা, কালাজ্বর, বুদ্ধিপ্রতিবন্ধিতা, নারী ও প্রসূতি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কৃমি, রাতকানা, টাইফয়েডসহ ১৫টি রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ হইয়া গিয়াছে। ফলস্বরূপ, ইতোমধ্যে সংক্রামক ও অসংক্রামক মিলাইয়া ২৬টি রোগ ছড়াইয়া পড়িতে শুরু করিয়াছে।
উপরন্তু বিদ্যমান পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করিতেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বর্তমানে দেশব্যাপী যেই হামের ন্যায় প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যুর মিছিল চলিতেছে, তাহা অন্তর্বর্তী সরকারের উক্ত অবিমৃষ্যকারী সিদ্ধান্তেরই ফসল। একই সিদ্ধান্তের কারণে নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, পোলিও ইত্যাদির টিকার ঘাটতি সৃষ্টি হয়। তাহা হইলে শুধু শিশুমৃত্যুই কয়েক গুণ হইবে না; অসংখ্য শিশুর স্বাভাবিক শারীরিক-মানসিক বিকাশ রুদ্ধ হইলে দীর্ঘমেয়াদি জাতীয় সংকটও দেখা দিবে। অথচ ১৯৯৮ সাল হইতে দেশে উক্ত রোগসমূহের প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হইয়া আসিতেছে। ধারাবাহিক কার্যক্রমের ফলে এই সকল রোগ প্রায় সর্বাংশে নিয়ন্ত্রণে চলিয়া আসিয়াছিল। বিশ্বব্যাপী বাংলাদেশের এই সাফল্য বেশ প্রশংসাও অর্জন করিয়াছিল।
এইখানে এই কথাও বলা প্রয়োজন, স্বাস্থ্য খাতের ৩৮টি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে একসময় ৪৫ সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হইয়াছিল। অপারেশন প্ল্যান বন্ধ হইবার পর তাহাদের বৃহদাংশ অনিশ্চয়তায় পড়িয়াছে। প্রতিবেদনমতে, ১৯ সহস্রাধিক কর্মীকে ইতোমধ্যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হইলেও বাকি প্রায় ২৬ সহস্র কর্মীর বেতন গত দুই বৎসর যাবৎ বন্ধ। এই বিপুলসংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মীর এহেন বেকার জীবন রাষ্ট্রের জন্যও সম্পদের অপচয়সম বলিয়া আমরা মনে করি। ইহা সত্য, সরকারি অর্থায়ন ও দাতা সংস্থার সহায়তায় এই কর্মসূচি চলিত। অতএব গত বৎসর ইউএসএইডসহ বিভিন্ন মার্কিন সাহায্য বন্ধ হইবার কারণে উক্ত কর্মসূচিতে ইহার প্রভাব পড়া স্বাভাবিক। কিন্তু এই কথাও অস্বীকার করা যাইবে না, জনস্বাস্থ্যের সহিত উক্ত কর্মসূচির সম্পর্ক অত্যন্ত নিবিড়। কর্মসূচিটি বন্ধ হইবার কারণে সামগ্রিক জনস্বাস্থ্যে যেই সংকট সৃষ্টি হইতেছে, তাহার মূল্য এই খাতে সরকারি বিনিয়োগ অপেক্ষা কয়েক গুণ। অতএব সরকারি অর্থায়নে কর্মসূচিটি অব্যাহত রাখাই জরুরি ছিল। কিন্তু দুর্ভাগ্য, ইহা অনুধাবনে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়াছে।
সমকালের প্রশ্নের জবাবে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলিয়াছেন, স্বাস্থ্য খাতকে দীর্ঘদিনের দাতানির্ভরতা হইতে বাহির করিয়া আনিবার পরিকল্পনার অংশ হিসাবে তাহারা উক্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিলেন। তিনি বর্তমান সংকটের জন্য তাহাদের প্রণীত নূতন ডিপিপি বা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল অনুমোদনে আমলাতান্ত্রিক জটিলতার ইঙ্গিত দিয়া আমাদের শাসকদের চিরাচরিত প্রবণতার প্রকাশ ঘটাইয়া পূর্ববর্তী সরকারকেও দায়ী করিয়াছেন।
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দাবি করিয়াছেন, হামের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার যদ্রূপ সর্বোচ্চ গুরুত্ব দিয়াছে, তদ্রূপ স্বাস্থ্যসেবা নিশ্চিতে নূতন ডিপিপি বা ওপি দ্রুত প্রস্তুতের ব্যবস্থা করা হইবে। আমরা এই ক্ষেত্রে যেই কোনো বিলম্বকে আত্মঘাতী বলিয়া মনে করি। স্মরণে রাখিতে হইবে, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা। তাই সংশ্লিষ্ট সকলের সম্মতি লইয়া অবিলম্বে নূতন কর্মকৌশল নির্ধারণ করিয়া উহা বাস্তবায়নে ঝাঁপাইয়া পড়িতে হইবে।
