কাঙ্ক্ষিত ফল পেতে হলে নীতি প্রণয়নের ক্ষেত্রে তথ্য ও পরিসংখ্যান বিবেচনায় নেয়ার কোনো বিকল্প নেই। কিন্তু দেশের বিভিন্ন খাতে নির্ভরযোগ্য তথ্য বা পরিসংখ্যানের ঘাটতি প্রকট। বিগত সময়ে অর্থনীতির বিভিন্ন সূচকসংক্রান্ত তথ্য পর্যালোচনা করলে তথ্য বিভ্রাটের বিষয়টি বোঝা সহজ হয়। জিডিপি প্রবৃদ্ধি থেকে শুরু করে আমদানি-রফতানি, উৎপাদন সব খাতেই পরিসংখ্যান ঘিরে সংশয় রয়েছে। হাস্যকর বিষয় হলো কোনো একটি বিষয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য ঘিরেই দ্বিধা তৈরি হওয়াটা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ (ডিএই) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রণীত পরিসংখ্যানে বড় ধরনের ব্যবধান পরিলক্ষিত হয়। ফলে কোন প্রতিষ্ঠানের তথ্যের ওপর ভিত্তি করে নীতি কৌশল নেয়া এবং সেটি কতটা কার্যকর হবে তা বুঝে ওঠাই দুষ্কর ঠেকে। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে এমন তথ্য থাকা বাঞ্ছনীয় ছিল যা দ্বিধা নয়, বরং নীতিনির্ধারণ ও সফল বাস্তবায়নে বিশ্বাস জোগাবে। কিন্তু দীর্ঘকাল ধরে এর বিপরীত ঘটনাই ঘটে চলেছে। কৃষি উৎপাদনের হিসাব নিয়ে বিবিএস ও ডিএইর মধ্যে সাম্প্রতিক যে অমিল দেখা যাচ্ছে, তা সেই চিরায়ত সমস্যারই একটি উদাহরণ।
বণিক বার্তার প্রতিবেদন জানাচ্ছে, ২০২৪-২৫ অর্থবছরে আলু উৎপাদনে বিবিএস ও ডিএইর হিসাবের ব্যবধান তিন লাখ টনের বেশি। চাল উৎপাদনে এ ব্যবধান প্রায় ১২ লাখ ৭০ হাজার টন, ভুট্টায় প্রায় ১৯ লাখ ও পেঁয়াজে ১২ লাখ টনেরও বেশি। ডালজাতীয় শস্যের উৎপাদনেও দুই সংস্থার পরিসংখ্যানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। শুধু সর্বশেষ অর্থবছর নয়, আগের কয়েক বছরের তথ্যেও এ অমিল ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে। আবার বিবিএসের নিজস্ব বিভিন্ন প্রতিবেদনেও একই অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান নিয়ে ভিন্ন হিসাব পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের যুক্তি হলো, তথ্য সংগ্রহ ও প্রাক্কলনের পদ্ধতিগত পার্থক্য। কিন্তু উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ সূচকে এত বড় ব্যবধান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উদাহরণ হিসেবে যদি বলি, কৃষি উৎপাদনের তথ্যের সঙ্গে কৃষকের সিদ্ধান্ত, সরবরাহ, পণ্যের মূল্য, সংরক্ষণ সক্ষমতা, আমদানি ও রফতানি পরিকল্পনা সরাসরি সম্পর্কিত। উৎপাদন বেশি হলে সেটিকে স্বাভাবিকভাবেই ইতিবাচক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু উৎপাদন বাড়লেই কৃষক বা দেশের অর্থনীতির জন্য তা ইতিবাচক এমনটা ধরে নেয়ার কোনো সুযোগ নেই। বা বাড়তি উৎপাদনের কারণে খাদ্য ব্যবস্থাপনা উন্নত হবে, এমন নিশ্চয়তা নেই। অতিরিক্ত উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত ব্যবস্থা না থাকলে উদ্বৃত্ত ফসল কৃষকের জন্য উল্টো ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় আলু ও পেঁয়াজের মতো নিত্য ভোগ্যপণ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত উৎপাদন, সংরক্ষণের সুব্যবস্থার ঘাটতিতে পণ্য পচে যাওয়া বা বাজারদর পড়ে যাওয়ার মতো নজিরের অভাব নেই।
২০২৪ সালে কৃষি ও খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, দেশে উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বছরে ২ কোটি ১১ লাখ টনের বেশি খাদ্য নষ্ট হচ্ছে বলে প্রাক্কলন করা হয়। অর্থাৎ উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য তৈরিতে উদ্বৃত্ত পণ্য সংরক্ষণ এবং বাজারজাতের পরিকল্পনা যথাসময়ে করা না গেলে বাড়তি উৎপাদন কৃষক বা অর্থনীতি কারো জন্যই সুফল বয়ে আনবে না। আর যথাসময়ে যথাযথ নীতি নিতে হলে প্রয়োজন উৎপাদন ও চাহিদার অবিভ্রান্তিকর পরিসংখ্যান। সরকারের উচিত এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়া। সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে কীভাবে একক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাবে সেটি নিশ্চিতে সরকারকেই আন্তরিক হতে হবে।
অন্তর্বর্তী সরকারের সময় পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতের দাবি সবচেয়ে বেশি জোরালো হয়েছিল। এক্ষেত্রে কিছু পদক্ষেপ নেয়া হলেও শেষ পর্যন্ত দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বিবিএসের সংস্কারে টাস্কফোর্সও গঠিত হয়েছিল। কিন্তু সেই টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নেও বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে না। অর্থাৎ তথ্য বিভ্রান্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে আন্তরিকতারই ঘাটতি রয়ে গেছে। যে কারণে আজও তথ্য বিভ্রান্তি নিয়ে লিখতে হচ্ছে।
নির্ভরযোগ্য তথ্য ছাড়া পরিকল্পনা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, আর ভুল পরিকল্পনার দায় শেষ পর্যন্ত অর্থনীতি, কৃষক ও ভোক্তাকে বহন করতে হবে—এটা অজানা নয়। তবে এক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো, এটি মনে রাখা যে ভুল নীতির কারণে সরকারের পরিচালন ও উন্নয়ন কার্যক্রমই বাধাগ্রস্ত হয়। সুতরাং পরিসংখ্যানের প্রতি আস্থা ফিরিয়ে আনতে তথ্য সংগ্রহ, যাচাই, প্রকাশ ও সংশোধনের পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ, সমন্বিত ও নির্ভরযোগ্য করে তোলার প্রতি মনোযোগ দেবে সরকার এটাই প্রত্যাশা। একই সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার প্রকাশিত তথ্যের মধ্যে পার্থক্য থাকলে তা কেন হচ্ছে, সংশোধিত হিসাব কীভাবে তৈরি হচ্ছে এবং কোন তথ্য নীতিনির্ধারণের জন্য ব্যবহারযোগ্য—এসব বিষয় জনসমক্ষে ব্যাখ্যা করা প্রয়োজন।
