সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদশাকসু নির্বাচন লইয়া যেই সংকটের উদ্ভব হইয়াছে, উহা উদ্বেগজনক। যদিও ইতোমধ্যে নির্বাচন কমিশন হইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করিতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সকল পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত করিয়াছিল; বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে এই ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়াছিল। তবে ইতোমধ্যে একজন ভিপি প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও উচ্চ আদালত শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করিয়াছেন। উচ্চ আদালতের এই আদেশের পর পুনরায় শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলিতেছে। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে দেশের গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ে এইরূপ অস্থিরতা কাম্য নহে। উপরন্তু মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, শাকসু নির্বাচন লইয়া সোমবার ক্যাম্পাসে আন্দোলন করেন ছাত্রশিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীসহ কতিপয় শিক্ষার্থী। গণতান্ত্রিক ব্যবস্থায় যেই কোনো দাবিতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চলিতেই পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়টিতে যেইভাবে প্রশাসনিক ভবনে তালা লাগানো এবং শিক্ষক হেনস্তার শিকার হইয়াছেন, উহা কাম্য নহে। সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান করিয়া জনভোগান্তি সৃষ্টিও অগ্রহণযোগ্য। অন্যদিকে ছাত্রদল যেইভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে ইসির অনুমতিদানের প্রতিবাদে নির্বাচন ভবনের সম্মুখে বিক্ষোভ করিয়াছে, তাহাতেও দুর্ভোগ পোহাইতে হইয়াছে জাতীয় নির্বাচনের প্রার্থী ও জনসাধারণকে। পরিস্থিতি এই পর্যন্ত গড়াইবার পূর্বেই আলোচনার উদ্যোগ গ্রহণ জরুরি ছিল।

আমরা জানি, দীর্ঘ সময় ধরিয়া দেশের উচ্চ শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। নব্বইয়ের দশকের পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হইলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। প্রত্যাশিত সেই ছাত্র সংসদ নির্বাচনের পথ উন্মুক্ত হইয়াছে চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়া। গত বৎসরের সেপ্টেম্বর মাসে ডাকসু নির্বাচন হইবার পর জাকসু, চাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হইয়াছে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জকসু নির্বাচন হইয়াছে চলতি মাসের প্রথম সপ্তাহে। এই সকল নির্বাচনে যাহারা জয়লাভ করিয়াছেন এবং যাহারা প্রতিযোগিতা করিয়াছিলেন, তাহারা সকলেই চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ করিয়াছেন এবং অনেকেই নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।

শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরাইয়া আনিবার ক্ষেত্রে তাহারা যেই প্রতিশ্রুতি দিয়াছিলেন; ছাত্র সংসদ নির্বাচন তাহারই অংশ বলিয়া আমরা মনে করি, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ অদ্যাবধি প্রত্যাশিত ভূমিকা রাখিতে পারে নাই। ক্ষেত্রবিশেষে বরং মব সহিংসতা চলিয়াছে। স্মরণে রাখিতে হইবে, সকল কিছুর ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক কিংবা জাতীয় স্থিতিশীলতা। কিন্তু বুধবার প্রাপ্ত খবরে দেখা যাইতেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করিয়াছেন শিক্ষার্থীগণ। ইহার অর্থ, শাকসু নির্বাচন লইয়া শিক্ষার্থীদের পরস্পরবিরোধী অবস্থান খোদ শিক্ষা কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি করিতেছে। স্বীকার্য, ছাত্র সংসদ নির্বাচন অপেক্ষা জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়। দেশের প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার বিঘ্ন ঘটিলে উহা হইবে সকল অনিষ্টের উৎস। এই কারণেই নির্বাচনের মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করিবার লক্ষ্যে নির্বাচন কমিশন সকল পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত করিবার নির্দেশনা দিয়াছে। কিন্তু এই প্রকার সিদ্ধান্ত সকল পক্ষের সহিত আলোচনার মাধ্যমেই গ্রহণ করা সংগত। আমরা বিশ্বাস করি, সংলাপের মাধ্যমেই সকল বিতর্ক কিংবা বিরোধের সমাধান সম্ভব।

আমরা ইহাও বিশ্বাস করি, উপযুক্ত পরিবেশে ও যুক্তি সহকারে আলোচনা কিংবা সংলাপ আয়োজিত হইলে সকল পক্ষ জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌছাইতে কুণ্ঠিত হইবে না। জাতীয় নির্বাচনের স্বার্থে শিক্ষার্থীরা এই বিলম্ব নিশ্চয় মানিয়া লইবে। বৃহস্পতিবার হইতে যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হইবে, সেহেতু এই সময়ে ছাত্র সংসদ নির্বাচন অতিরিক্ত বিড়ম্বনার কারণ হইতে পারে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় আলোচনার উদ্যোগ গ্রহণ করুক।