বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মবের মুখোমুখি হইয়া যেইভাবে স্বীয় কার্যালয় ত্যাগ করিতে বাধ্য হইয়াছেন, উহা দুর্ভাগ্যজনক। এই ঘটনায় একদিকে এই আশঙ্কা গভীর হয় যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন একজন ব্যক্তিও বর্তমান ব্যবস্থায় মব সহিংসতার হস্ত হইতে নিরাপদ নহেন; অন্যদিকে সরকারি কোনো পদে পরিবর্তনের আইনসংগত রীতিও অতীতের ন্যায় উপেক্ষিত। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকার যে বেআইনি প্রক্রিয়ায় তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করিয়াছিল, উহার সমালোচনা অন্য সকলের সহিত বর্তমান সরকারি দলের নেতারাও সংগতভাবেই করিয়াছিলেন। সেই দলই ক্ষমতায় বসিয়া অসৌজন্যমূলক প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করিল।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের ক্ষেত্রে বিদায়ী গভর্নর বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করিয়াছিলেন। বিশেষত সামষ্টিক অর্থনীতির ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় তাঁহার গৃহীত পদক্ষেপগুলি প্রশংসা পাইয়াছিল। ইহা সত্য, ব্যাংক একীভূতকরণসহ বিদায়ী গভর্নরের কিছু পদক্ষেপ লইয়া বিশেষজ্ঞ মহলের পাশাপাশি জনপরিসরেও সমালোচনা রহিয়াছে। তাঁহার গৃহীত পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস না পাইলেও ব্যাংক ঋণের সুদের হার অস্বাভাবিক রহিয়া গিয়াছে, যাহা বিনিয়োগে নেতিবাচক প্রভাব সৃষ্টি করিয়াছে। উপরন্তু বিএনপি-ঘোষিত অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বিদায়ী গভর্নর উপযুক্ত নহেন, এই কথাও দলটির নেতারা তথা সরকারের উচ্চ মহল যৌক্তিভাবেই মনে করিতে পারেন।
কিন্তু ইহাও সত্য, গণতান্ত্রিক কাঠামোয় জবাবদিহি নিশ্চিতকরণের নির্ধারিত প্রক্রিয়া রহিয়াছে; উহাই অনুসরণ করা বাঞ্ছনীয়। কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন কাহারও সহিত মতভেদ থাকিতে পারে। তাহার বিরুদ্ধে নীতিগত সমালোচনাও থাকিতে পারে; কিন্তু তাহার সমাধান কখনোই মবের মাধ্যমে হইতে পারে না। তদুপরি কেন্দ্রীয় ব্যাংক কেবল একটা দপ্তর নহে, আর্থিক স্থিতিশীলতার প্রতীক। সেইখানে মবের উপস্থিতি, উচ্চপদস্থ কর্মকর্তাদের বাধ্যতামূলক দপ্তর ত্যাগ দেশি-বিদেশি বিনিয়োগকারী, উন্নয়ন অংশীদার ও সাধারণ মানুষের নিকট কোনো শুভ বার্তা পৌঁছায় না। অর্থনীতি মূলত দাঁড়াইয়া থাকে আস্থার উপর। ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রানীতি কিংবা বৈদেশিক বাণিজ্য–সকল কিছুর কেন্দ্রবিন্দুতে রহিয়াছে বিশ্বাস ও পূর্বানুমানযোগ্যতা। কেন্দ্রীয় ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে যদি নীতিনির্ধারকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হয়, তাহা হইলে ওই সকল কিছুই ভুল হইবার আশঙ্কা থাকে। আলোচ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু আর্থিক প্রশাসনের অন্যত্র নহে; জনপ্রশাসনেও নেতিবাচক বার্তা দিলে বিস্ময়ের কিছু থাকিবে না। ইহা মনে রাখা জরুরি, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার একটা মৌলিক শর্ত। মব কিংবা রাজনৈতিক বা জনতার চাপের মুখে নীতিনির্ধারণী পদে থাকা কর্মকর্তাদের অপসারণের সংস্কৃতি গড়িয়া উঠিলে তাহা ভবিষ্যতের জন্য ভয়াবহ নজির হইয়া থাকিবে।
সরকারের উচিত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের অগ্রহণযোগ্য প্রক্রিয়া লইয়া দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা উপস্থাপন করা। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বিদায়ী গভর্নরের সহিত যেই সকল কর্মকর্তা আপত্তিকর আচরণ করিয়াছেন, তাহাদেরও জবাবদিহির আওতায় আনিতে হইবে। বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা না ফিরিলে অর্থনীতিতে শৃঙ্খলা আনয়ন কঠিন হইবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো জোরদার করা আবশ্যক। অর্থনৈতিক পুনর্গঠনের এই সংবেদনশীল সময়ে দায়িত্বশীল আচরণই হইতে পারে আমাদের একমাত্র পথ। ব্যক্তি নহে, প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই হউক রাষ্ট্রের অঙ্গীকার। নূতন গভর্নরের নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি তাহার যোগ্যতা লইয়া যে সকল প্রশ্ন উঠিয়াছে, সেই সকল প্রশ্নের উত্তর জানা জরুরি। তবে আমরা প্রত্যাশা করি, অর্থনীতির স্বার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণ করাই হইবে তাহার সম্পর্কে সকল সংশয় অবসানের সর্বোত্তম উপায়।
