গণঅভ্যুত্থানে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ক্ষমতাসীনদল বিএনপি ও বিরোধীদল জামায়াতে ইসলামীর আঁতাত ও আশ্রয়-প্রশ্রয় নিয়ে পারস্পরিক দোষারোপের রাজনীতি দেশের রাজনীতিতে উত্তাপের সৃষ্টি হয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের পারস্পরিক দোষারোপের রাজনীতির সুযোগে পতিত আওয়ামী লীগের ফেরার পথকে প্রশস্ত করবে। অরাজক পরিস্থিতি তৈরি হবে, যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট, এমনকি স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। বেশ কিছুদিন ধরে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতে ইসলামীর আঁতাতের অভিযোগ করা হচ্ছে।
সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, পতি স্বৈরাচার ও বিরোধীদল আঁতাত করছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর। বরং দিল্লির সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সাথে আঁতাত করছে বিএনপি। মূলত বিরোধীদলের যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করতেই তিনি এ ধরনের কথা বলেছেন। প্রশাসনে এখনও ফ্যাসিবাদী শক্তির শক্তিশালী অবস্থান রয়েছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পতিত স্বৈরাচার ও বিরোধীদলের আঁতাতের যে অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন, তা খুবই উদ্বেগজনক। রাষ্ট্রের কাছে তথ্য থাকার পরও শুধু জনসভায় বক্তব্য দিলেই দায়িত্ব শেষ হয় না। বরং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কারণ, জাতি আর কোনোভাবেই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন দেখতে চায় না। পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ক্ষমতাসীনদল ও বিরোধীদলের আঁতাত নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়া দেশের জন্য খুবই বিপজ্জনক। এমনিতেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দীর্ঘ প্রায় ষোল বছরের শাসনামলে লুটপাট, অর্থপাচার করে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে। অন্তর্বর্তী সরকারও সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করে যেতে পারেনি।
বরং আরও খারাপের দিকে গেছে। বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালেই ইরানযুদ্ধ শুরু এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তা পুরো বিশে^র অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। এর প্রভাবে বিশ^জুড়ে জ¦ালানি সংকট, ব্যবসা-বাণিজ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থসংকট দেখা দিয়েছে। জীবনযাত্রার অত্যধিক ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভ প্রদর্শনসহ জ¦ালাও-পোড়াও আন্দোলন চলছে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দা কাটাতে চিরশত্রু রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত ও ডিজেল আমদানির চুক্তি করেছে। যেখানে উন্নত বিশে^র দেশগুলো চরম মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশের কী পরিস্থিতি চলছে, তা বুঝিয়ে বলার কিছু নেই।
বিনিয়োগ খরা, বেকারত্ব বৃদ্ধি, মানুষের আয় কমে যাওয়া, আমদানি-রফতানিতে স্থবিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাপনের ব্যয়বৃদ্ধি, কলকারখানায় উৎপাদন কমে যাওয়াসহ বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটছে। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ৫০টির বেশি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে ৩০ হাজারের মতো। অর্থনীতির সবসূচক নি¤œগামী। অর্থনীতির এই শোচনীয় পরিস্থিতিতে যদি পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আঁতাত নিয়ে পারস্পরিক দোষারোপের রাজনীতি চলে, তাহলে দেশে যে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি দেখা দেবে, তার পরিণতি কী হবে, তা অনুমাণ করতে কষ্ট হয় না। ৫ আগস্টের পর দেশ যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়, তাতে দেশের মানুষ আশা করেছে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।
ক্ষমতাসীনদল ও বিরোধীদলের মধ্যে সুষ্ঠু পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে দেশের স্বার্থে রাজনীতি করবে। সরকারের ভুল-ত্রুটি বিরোধীদল যেমন প্রতিবাদ করবে, তেমনি আলাপ-আলোচনার মাধ্যমে ভুল শোধরানোর পরামর্শও দেবে। দেশের মানুষ কখনোই ৫ আগস্ট পূর্ববর্তী রাজনৈতিক অপসংস্কৃতিতে ফিরে যেতে চায় না। দুঃখজনক বিষয় হচ্ছে, জনগণ সরকার ও বিরোধীদলের মধ্যকার পারস্পরিক দোষারোপের রাজনীতি দেখে হতাশ এবং উদ্বিগ্ন হচ্ছে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর সুফল পেতে সময় লাগবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এর মধ্যে ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় তার নেতাকর্মীরা উৎসাহিত হয়ে নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকা-ে লিপ্ত হচ্ছে।
এমতাবস্থায়, ক্ষমতাসীনদল ও বিরোধীদল যারা দীর্ঘ সময় ধরে জোটবেঁধে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী জীবন দিয়েছে। জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষ প্রাণ দিয়েছে, ত্রিশ হাজারের মতো মানুষ চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে গেছে, তাদের এই ত্যাগের কথা ভুলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যখন আঁতাত করার কথা শোনা যায়, তখন দেশের মানুষের দুঃখের অন্ত থাকে না। বরং দেশের মানুষ এটাই প্রত্যাশা করে, ক্ষমতাসীনদল ও বিরোধীদল উভয়েই ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলন করা দল। একদল ক্ষমতায়, আরেক দল বিরোধীদলে। এ প্রেক্ষিতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফেরা বা পুনর্বাসনের কোনো সুযোগ থাকার কথা নয়। স্থানীয় নির্বাচন আসন্ন। এ নির্বাচনে দলীয় প্রার্থী না থাকলেও দল সমর্থিত প্রার্থী থাকবে।
পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগের সাথে আঁতাত নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের মধ্যে যে দোষারোপের রাজনীতি চলছে, তা একে অপরকে মনস্তাত্বিক চাপে রাখার একধরনের কৌশল। তবে যে কৌশল অবলম্বন করা হোক না কেন, আওয়ামী লীগের সক্রিয় ও ফেরার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা দেশের সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে প্রতারণার শামিল। এটা কোনোভাবেই বরদাশত করা যায় না। ভারতের আশ্রয়ে লালিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিলে তার প্রতিহিংসা থেকে ক্ষমতাসীনদল ও বিরোধীদল কেউই রেহাই পাবে না। তাদের পারস্পরিক দোষারোপ ও রাজনৈতিক অনৈক্য আওয়ামী লীগ উভয়কেই ছোবল মারবে। ফলে ‘কমন শত্রু’ আওয়ামী লীগকে প্রশ্রয়ের ফল কী হতে পারে, তা উভয় দলের না বোঝার কথা নয়। আমরা মনে করি, দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে দেশের মানুষকে কীভাবে স্বস্তিতে রাখা যায়, এ নিয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে আলাপ-আলোচনা করা দরকার। কষ্টে থাকা মানুষের এখন রাজনীতি নিয়ে ভাবার সময় নেই। তাদের প্রত্যাশা, তাদের চলমান টানাপোড়েনের জীবনযাপনে স্বস্তি ফেরাতে ক্ষমতাসীনদল ও বিরোধীদল সম্মিলিতভাবে উদ্যোগ ও পদক্ষেপ নেবে। পারস্পরিক দোষারোপের রাজনীতি জগণের জীবনে উদ্বেগ বাড়ানো ছাড়া কোনো কাজে আসবে না।
