১৯৭৫ সালের ৩ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি অত্যন্ত অস্থির ও ঘটনাবহুল দিন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল শাফায়াত জামিলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার কথা বলে সেনাবাহিনীতে তথাকথিত অভ্যুত্থান ঘটায়। কিন্তু প্রশ্ন জাগে—যে চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হচ্ছিল, সেই প্রক্রিয়ার শুরুতেই কেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হলো? কর্নেল (অব.) শাফায়াত জামিল তার ‘একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর’ বইতে লিখেছেন, ২৯ অক্টোবর সেনাপ্রধান জিয়াউর রহমান তাকে ডেকে নিয়ে ১৫ আগস্টের অভ্যুত্থানকারী অফিসারদের নানা বিশৃঙ্খলা নিয়ে আলোচনা করেন। এ সময় শাফায়াত জামিলকে অভ্যুত্থানকারীদের অধীনস্থ ট্যাংকগুলো একটি সামরিক মহড়ার মাধ্যমে সাভারের দিকে সরিয়ে নিতে নির্দেশ দেন। ট্যাংকগুলোই ছিল তাদের শক্তির মূল উৎস। জিয়াউর রহমান এই কাজটি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে করতে বলেছিলেন।

কিন্তু খালেদ মোশাররফ ও শাফায়াত জামিলের তাড়াহুড়ো ছিল। তখন কর্নেল মান্নাফকে অধিনায়ক করে ঢাকায় ৭৭ ব্রিগেড নামে নতুন একটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেয়া হয়েছিল। এর ফলে ৪৬ ব্রিগেডের অধিনায়ক শাফায়াত জামিল নিজের ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কা করছিলেন। অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদ সেনাপ্রধান জিয়াউর রহমানের দিক থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার আশঙ্কা করছিলেন। ফলে তারা দ্রুত কিছু করার সিদ্ধান্ত নেন।

আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম তার ‘১৯৭১ ও আমার সামরিক জীবন’ বইয়ের ১৬৬ ও ১৬৭ পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করেছেন, অক্টোবর মাসেই খালেদ মোশাররফকে সতর্ক করা হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল, সেনাপ্রধান জিয়াউর রহমানকে সঙ্গে রেখেই সেনাবাহিনীর ভেতরের বিদ্রোহী কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবস্থা নেয়া সম্ভব। স্বয়ং খালেদ মোশাররফের স্ত্রীও তাকে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে নিষেধ করেছিলেন।

অর্থাৎ যে যুক্তিতে ৩ নভেম্বরের অভ্যুত্থান হয়েছিল, সেই ব্যবস্থা সেনাপ্রধান জিয়াউর রহমানকে সঙ্গে নিয়েই নেয়া যেত। এর জন্য সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের প্রয়োজন ছিল না।

জেলহত্যা: জাতীয় চার নেতার হত্যাকাণ্ড

২ নভেম্বর দিবাগত রাতে মেজর ইকবালের নেতৃত্বে বঙ্গভবন থেকে দুটি কোম্পানি চলে আসার সঙ্গে সঙ্গে বিদ্রোহী অফিসাররা পূর্বপরিকল্পনা অনুযায়ী ১ম বেঙ্গল ল্যান্সারের রিসালদার মোসলেমের নেতৃত্বে একটি ক্ষুদ্র সশস্ত্র সেনাদলকে সেন্ট্রাল জেলে পাঠায়। এ সময় জেল কর্তৃপক্ষ তাদের বাধা দিলে খন্দকার মোশতাক জেলারকে ফোন দেন এবং তাদের জেলের ভেতরে প্রবেশের অনুমতি দিতে বলেন। পরবর্তী সময়ে জেলের ভেতরেই চার জাতীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। একদিন পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ই এ চৌধুরীর মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানা যায়।

খন্দকার মোশতাকের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক

জিয়াউর রহমানের সঙ্গে খন্দকার মোশতাকের সম্পর্ক মোটেও ভালো ছিল না। জ্যেষ্ঠতা অনুযায়ী মুক্তিযুদ্ধের পরপরই জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়ার কথা ছিল। কিন্তু ১৯৭২ ও ১৯৭৫—দুই দফায় তাকে বঞ্চিত করা হয়। পরে মুজিবের পতনের পর ১৯৭৫ সালের ২৪ আগস্ট তাকে সেনাপ্রধান করা হলেও অন্যদিকে মোশতাক জেনারেল ওসমানীকে তার সামরিক উপদেষ্টা নিয়োগ করেন। মেজর জেনারেল খলিলুর রহমানকে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ করে জিয়াউর রহমানের ওপরে স্থান দেয়া হয়।

জিয়াউর রহমানের সঙ্গে খন্দকার মোশতাক সরাসরি কথা বলতেন না। সে সময় জিয়াউর রহমানের অবস্থা ছিল খাঁচাবন্দি ব্যাঘের মতো। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে জিয়াউর রহমান যেদিন প্রধান সামরিক আইন প্রশাসক হন, সেদিনই তিনি কুমিল্লায় ফোর্স পাঠিয়ে মোশতাককে গ্রেফতার করেন।

৭ নভেম্বরকে ‘বিপ্লব’ বলার ঐতিহাসিক ভিত্তি

ইরানের ১৯৭৯ সালের শাসনতান্ত্রিক পরিবর্তনকে বিপ্লব বলা হয়, কারণ এর মাধ্যমে ইরানের কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক ঐতিহ্যের অবসান ঘটে এবং পশ্চিমাপন্থী শাহ সরকারের পরিবর্তে ধর্মীয় নেতৃত্বকেন্দ্রিক সম্পূর্ণ নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত ইউনিয়নের ১৯১৭ সালের পরিবর্তনকেও বিপ্লব বলা হয়, কারণ এর মাধ্যমে সোভিয়েতের পুরনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। শতাব্দীপ্রাচীন জারতন্ত্রের পতন হয় এবং শেষ পর্যন্ত বলশেভিকদের নেতৃত্বে বিশ্বের প্রথম স্থায়ী সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথ তৈরি হয়। চৈনিক বা ফরাসি বিপ্লবও সেখানকার রাষ্ট্র ও সরকার ব্যবস্থায় বড় ধরনের মৌলিক পরিবর্তন ঘটায়।

তেমনিভাবে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবও বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক রূপান্তর ঘটায়। এ বিপ্লবের ফলে বাংলাদেশ একদলীয় বাকশালি শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পথে যাত্রা শুরু করে। জাতীয় পরিচয় ‘বাঙালি’ থেকে হয় ‘বাংলাদেশী’। এর আগে বাংলাদেশের অর্থনীতিতে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণের ভূমিকা ছিল অনেক বেশি। জিয়াউর রহমান অর্থনীতিকে বেসরকারি খাতনির্ভর ও বাজারমুখী করার উদ্যোগ নেন। মুক্তবাজার অর্থনীতি চালু করেন।

ভারত ও সোভিয়েতনির্ভর পররাষ্ট্রনীতি থেকে বৈচিত্র্যময় পররাষ্ট্রনীতির পথে যাত্রা শুরু হয়। চারটি পত্রিকা রেখে বাকিগুলোর ডিক্লারেশন বাতিলের মাধ্যমে গণমাধ্যমের যেভাবে টুঁটি চেপে ধরা হয়েছিল, সেখান থেকে উন্মুক্ত বাকস্বাধীনতার সূচনা হয়। এসব পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক চরিত্রের রূপান্তর ঘটে।

৩ নভেম্বরের অভ্যুত্থানে আধিপত্যবাদের সম্পৃক্ততা

খালেদ মোশাররফ সেনাবাহিনীতে কিছুটা ভারতঘেঁষা অফিসার হিসেবে পরিচিত ছিলেন। খালেদ মোশাররফের ক্ষমতা দখলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। ভারতীয় প্রতিরক্ষা গবেষক শ্রীকান্ত মহাপাত্রের ১৯৯১ সালে প্রকাশিত ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড আর্মড ফোর্সেস ইন বাংলাদেশ’ শীর্ষক লেখায় এবং অন্যান্য রাজনৈতিক ভাষ্যকারের লেখায়ও এ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।

ব্রিগেডিয়ার সাখাওয়াতের বইয়ের ১০২ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ৪ নভেম্বর ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার ভোরা সেনানিবাসের মেইন গেটে এসে খালেদ মোশাররফের জন্য একটি প্যাকেট শুভেচ্ছা উপহার হিসেবে রেখে গেলে নানা আশঙ্কা আরো জোরালো হয়ে ওঠে। সামরিক আইন জারির অবস্থায় খালেদের মা ও ভাইয়ের নেতৃত্বে ৩২ নম্বরমুখী আওয়ামী লীগের মিছিলও এ আশঙ্কাকে জোরালো করে যে আধিপত্যবাদী ও বাকশালিরা আবারো ফিরে আসার চেষ্টা করছে।

৭ নভেম্বর কেন অনিবার্য হয়ে উঠেছিল

৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশ একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল। মেজর ডালিমের বইয়ের তথ্যমতে, ২য় ফিল্ড রেজিমেন্ট এবং ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট সে সময় পূর্ণ যুদ্ধপ্রস্তুতি নিয়ে পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছিল। শুধু স্থলবাহিনীই নয়, আকাশেও তখন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিমান ওড়াচ্ছিল। ব্রিগেডিয়ার সাখাওয়াত এ পরিস্থিতিকে বলেছেন, পাইকারি বাজারের দরকষাকষি। এক পক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়ায় অন্য পক্ষ নতুন পদক্ষেপ নিচ্ছিল। ৩ নভেম্বরের অভ্যুত্থানের মূল দুই হোতার মধ্যেই আস্থা ও বিশ্বাসের ঘাটতি ছিল। শাফায়াত জামিলের ৪৬ ব্রিগেডকে ভারসাম্যে রাখার জন্য খালেদ ঢাকার বাইরে থেকে একাধিক ইউনিটকে ঢাকায় নিয়ে এসেছিলেন। এ সময় দেশে সরকার ছিল না। বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং চলা অবস্থায় রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। ক্যাবিনেট মিটিং থেকেই মোশতাকের পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় এবং কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার করা হয়। সিএমএলএ হওয়ার প্রশ্নে বাকি দুই বাহিনীর প্রধানের সঙ্গে খালেদের স্পষ্ট মতানৈক্য তৈরি হয়। জিয়াউর রহমানকে বন্দি করার ঘটনায় সাধারণ সৈনিক, জেসিও ও এনসিওদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। রেডিও-টেলিভিশন টানা কয়েক দিন বন্ধ থাকে। এ রকম রুদ্ধশ্বাস ও ভয়ংকর পরিস্থিতিতে কোনো দেশ থাকতে পারে না। এর বিপরীতে বাংলাদেশপন্থীদের অবশ্যম্ভাবী সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয় ৭ নভেম্বর।

৭ নভেম্বরের বিপ্লবে কর্নেল তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থা

জাসদ ও এ রাজনৈতিক ধারার অনুসারীদের অনেক বর্ণনায় এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা দেখা যায় যে ৭ নভেম্বরের পুরো অভ্যুত্থান মূলত কর্নেল আবু তাহের ও তার নেতৃত্বাধীন বিপ্লবী সৈনিক সংস্থার একক সাংগঠনিক সাফল্য। অর্থাৎ, তারাই যেন পুরো অভ্যুত্থান সংগঠিত করেছিলেন, তারাই খালেদ মোশাররফকে উৎখাত করেছিলেন এবং তারাই জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। এ প্রসঙ্গে মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের ‘সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর’ বইয়ের ২২৮ ও ২২৯ নম্বর পৃষ্ঠার ভাষ্যমতে, তাহের তিন বছর আগে অবসর নেয়া একজন কর্মকর্তা ছিলেন। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর মূল ভিত্তি পদাতিক বাহিনী ও ট্যাংক রেজিমেন্টের কাছেও তিনি তুলনামূলকভাবে অপরিচিত ছিলেন। তার মতে, সিগন্যাল, অর্ডন্যান্স, সার্ভিস কোর এবং কয়েকজন বিমানসেনাকে নিয়ে একটি সংগঠন রাষ্ট্রক্ষমতা দখল করবে—সামরিক বাস্তবতায় এমন পরিকল্পনা ছিল প্রায় অকল্পনীয়। জিয়াউর রহমানকে সামনে রেখেই রাষ্ট্রক্ষমতা দখলের পরিকল্পনা করেছিলেন তাহের ও জাসদপন্থীরা। কিন্তু সেনাবাহিনীর চেইন অব কমান্ডের নিয়ন্ত্রণে থাকা জিয়াউর রহমান তাদের সেই পরিকল্পনাকে গুরুত্ব দেননি।

খালেদ মোশাররফের হত্যাকাণ্ড: কারা দায়ী

গত কয়েক বছরে অনেকেই উদ্দেশ্যমূলকভাবে খালেদ মোশাররফের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়াতে চেয়েছে। এ সম্পর্কে ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনের ‘বাংলাদেশ: রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১’ বইয়ে লিখেছেন—

‘‘পরে নওয়াজীশ আমার সঙ্গে কথা প্রসঙ্গে খালেদ মোশারফের তরফ থেকে একটি ফোন পাওয়ার কথা বলে। তবে এ ফোনটি কোথা থেকে তারা করেছিলেন সে সম্বন্ধে সে তখন বলতে পারেনি। খালেদ মোশাররফ, কে এন হুদা আর হায়দার তিনজনেই পায়ে হেঁটে অধিনায়কের অফিসে অবস্থান গ্রহণ করেন। ভোরের দিকে জিয়াউর রহমান খালেদ মোশাররফের অবস্থান জানার পর তার সাথে কথা বলেন এবং দু’জনার মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে জিয়াউর রহমান নওয়াজীশকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। এ কথা নওয়াজীশ নিজেই আমাকে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে তারা নিহত হন।’’

সেনাবাহিনীর অফিসার হত্যাযজ্ঞের দায়

৭ নভেম্বরের সিপাহি-জনতার উচ্ছ্বাসের অব্যবহিত পরই কর্নেল তাহের এবং তার বিপ্লবী সৈনিক সংস্থা নারকীয় ‘অফিসার খতম’ অভিযানে নেমে পড়ে। তাদের এ হত্যাযজ্ঞের বিবরণ উঠে এসেছে লে. কর্নেল (অব.) এমএ হামিদের ‘তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা’ বইয়ের ১৭৯ ও ১৮২ নম্বর পৃষ্ঠায়—

‘‘৭ নভেম্বর ক্যান্টনমেন্টে সকালবেলা যে পরিবেশ বিদ্যমান ছিল, বিকেলে তা সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করল। অফিসাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তারা ধীরে ধীরে সরে পড়তে লাগল। মনে হলো যেকোনো মুহূর্তে তাহেরের জিয়া-উৎখাত প্ল্যান শুরু হয়ে যেতে পারে। ...৭/৮ নভেম্বরের ওই বিভীষিকাময় রাতে গভীর অন্ধকারে উন্মাদ সৈনিকরা অফিসারদের রক্ত নেশায় পাগল হয়ে উঠল। ঘটে গেল বেশ কয়েকটি হত্যাকাণ্ড। বহু বাসায় হামলা হলো। অনেকে বাসায় ছিলেন না। অনেকে পালিয়ে বাঁচল। সৈনিকরা মেজর করিম, মিসেস মুজিব, মিসেস ওসমানকে গুলি করে হত্যা করল, মেজর আজিম ও মুজিব চট্টগ্রামে যাচ্ছিলেন। বিপ্লবী সৈনিকরা তাদের এয়ারপোর্টে পাকড়াও করে। আজিমকে গুলি করে হত্যা করে। মেজর মুজিব প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। অর্ডন্যান্স অফিসার মেসে সৈনিকরা হামলা করে তিনজন তরুণ অফিসারকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে ছিলেন মেজর মহিউদ্দিন যিনি শেখ সাহেবের লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে দাফন করেন। সৈনিকরা বনানীতে কর্নেল ওসমানের বাসায় আক্রমণ করে। হকি খেলতে এসেছিল দুজন তরুণ লেফটেন্যান্ট। তাদের স্টেডিয়ামের পাশে গুলি করে হত্যা করা হয়। অর্ডন্যান্স স্টেটে দশজন অফিসারকে এক লাইনে দাঁড় করানো হয় মারার জন্য। প্রথমজন এক তরুণ ই.এম.ই ক্যাপ্টেন। তার পেটে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাকিরা অনুনয়-বিনয় করলে তাদের ছেড়ে দেওয়া হয়। বেঁচে গেল তারা অপ্রত্যাশিতভাবে। একজন টেলিভিশনের অফিসার মুনিরুজ্জামান। বঙ্গভবনে খালেদের সময়ে খুবই অ্যাকটিভ ছিলেন। তাকে ধরে গুলি করা হয়। তিনদিন পর তার লাশ পাওয়া যায় মতিঝিল কলোনির ডোবায়।’’

কর্নেল তাহেরের বিচার: আইনি প্রক্রিয়া ও বিতর্ক

৭ নভেম্বরকে কেন্দ্র করে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার কর্মকাণ্ডের পেছনে যে সন্ত্রাসবাদী প্রবণতা ও সেনাবাহিনীর কমান্ড কাঠামো ভেঙে দেয়ার পরিকল্পনা ছিল, তার আত্মস্বীকৃতি পাওয়া যায় জাসদের নিজস্ব প্রকাশনা সাম্যবাদ -এর ষষ্ঠ সংখ্যায়। সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ, খতম অভিযান ও উগ্রতার প্রবণতা থেকে মুক্ত থাকার আহ্বান জানানো হয়। বিশেষভাবে বলা হয়, চাপিয়ে দেয়া হামলা মোকাবেলা করা এক বিষয়, আর সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে হামলাকে ডেকে আনা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

তাহেরের পরিকল্পনার ভয়াবহতা সম্পর্কে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তার বাংলাদেশ: রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১ বইয়ের ১২৭ পৃষ্ঠায় লিখেছেন, পরিকল্পনাটি কার্যকর হলে জিয়াউর রহমানকে হত্যা করে সেনাবাহিনীর কমান্ড কাঠামো ভেঙে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করা হতো। এরপর একই ধরনের আঘাত আসত বেসামরিক আমলাতন্ত্রের ওপর, যার পরিণতিতে দেশ ভয়াবহ বিশৃঙ্খলা এবং সার্বভৌমত্বের সংকটে পড়তে পারত।

অন্যদিকে বিচার প্রসঙ্গে আমীন আহমেদ চৌধুরী বীর বিক্রম তার ১৯৭১ ও আমার সামরিক জীবন বইয়ের ১৭৪ পৃষ্ঠায় বলেছেন—

‘‘সেনাবাহিনীতে ডিসিপ্লিন ভঙ্গ করে যখনই কেউ কাজ করবে, ডিসিপ্লিন ভঙ্গের যে ধারাগুলো আছে সেটা তার ওপর বর্তাবে। সুতরাং বিচারে তার মৃত্যদণ্ড হতে পারে। কেউ তাকে জোর করে মৃত্যদণ্ড দিচ্ছে না। শৃঙ্খলা ভঙ্গের কারণেই বিচার। সেটা সংক্ষিপ্ত আকারেও সেনাবাহিনী করতে পারে। কোর্ট মার্শাল যেটা হয়, সেটা বৈধ এবং আইনগতভাবে এটার বৈধতা আছে।’’

জিয়াউর রহমানের ভূমিকা: কঠোরতা, নাকি সংযম

৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়েই বলেছিলেন, “কোনো রক্তপাত হওয়া চলবে না। প্রতিশোধ নেওয়া যাবে না। যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেয়া হবে না।” জিয়াউর রহমান একদিকে খালেদকেও রক্ষা করতে চেয়েছেন, অন্যদিকে শাফায়াত জামিলকেও রক্ষা করতে চেয়েছেন। ৩ নভেম্বরের অভ্যুত্থান ও জিয়াউর রহমানকে গৃহবন্দি করার অন্যতম হোতা শাফায়াত জামিলকে বঙ্গভবনের টেলিফোনে পেয়ে তিনি বলেছিলেন (সূত্র: একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর , পৃ. ১৪৫)—‘‘ফরগিভ অ্যান্ড ফরগেট, লেটস ইউনাইট দ্য আর্মি।”

শাফায়াত জামিলের বিষয়ে জিয়াউর রহমানের মানবিকতাপূর্ণ অবস্থানের বিষয়টি উঠে এসেছে কর্নেল (অব.) খালেকুজ্জামানের ‘সামরিক জীবনের স্মৃতি ১৯৬৪-৮১’ বইয়ের ১২৩ ও ১২৪ নম্বর পৃষ্ঠার বর্ণনায়—

‘‘জেনারেল জিয়া ক্ষমতায় আসার সাথে সাথেই খালেদ মোশাররফ, কর্নেল নাজমুল হুদা, কর্নেল হায়দার পালাচ্ছিলেন। সাফায়েত জামিল ধরা পড়েছিলেন। ‘সিজিএস’ এর দায়িত্ব পালন করছিলেন মীর শওকত আলী। মীর শওকত আলী তখন ঢাকা সেনানিবাসে। তিনি ফোন করলেন, আমি ফোন ধরলাম। আমি জেনারেল জিয়াকে বললাম যে সাফায়েত জামিল ধরা পড়েছেন। তিনি বললেন, সাফায়েত জামিলকে যেন অক্ষত নিয়ে আসা হয়। তার যেন কোনো ক্ষতি না হয়। শওকতকে বলে দাও অফিসার দিয়ে প্রটেকশন দিয়ে যেন তাকে নিয়ে আসে। আমি মীর শওকতকে এই সংবাদটি দিলাম। পরে জানলাম যে লে. কর্নেল আমিনুল হক গিয়ে সাফায়েত জামিলকে সেখান থেকে নিয়ে এসেছেন। সাফায়েত অসুস্থ ছিলেন। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।’’

জিয়াউর রহমান ততটুকুই ব্যবস্থা নিতেন, যতটুকু নেয়া অত্যাবশ্যক ছিল। জিয়াউর রহমান সেদিন এ রাষ্ট্রকে প্রবল সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছিলেন। বাংলাদেশ যে ইরিত্রিয়া, ইথিওপিয়া, লেবানন, লাইবেরিয়া, ভিয়েতনাম, অ্যাঙ্গোলা, আফগানিস্তান কিংবা এল সালভাদরের পরিণতি বরণ করেনি, তা শুধু জিয়াউর রহমানের দায়িত্ববোধের কারণেই। জিয়াউর রহমান পর্যাপ্ত কঠোর হয়েছিলেন বলেই আপনি-আমি মানবিক হওয়ার সুযোগ পেয়েছি।

শাহরিয়ার হক মজুমদার শিমূল: যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ

পরিচালক, পলিসি স্টাডিজ বাংলাদেশ