রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ও তাঁহার সহযোগীরা পুনরায় মব সন্ত্রাস করিয়াছেন। এইবার তাহাদের মব সহিংসতার শিকার হইয়াছেন বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থী। শুধু উহাই নহে; সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হামলাটি শুরু হয় প্রক্টরের দপ্তরে প্রক্টরেরই সম্মুখে। এক পর্যায়ে হামলা হইতে বাঁচিবার আশায় আক্রান্তরা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে আশ্রয় লইলেও রেহাই পান নাই। এমনকি গ্রন্থাগারে পাঠরত সাধারণ শিক্ষার্থীরাও আক্রান্ত হইয়াছেন। প্রক্টরের দপ্তর কিংবা গ্রন্থাগারেও যদি রেহাই না মিলে; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপদ এলাকা তাহা হইলে কোনটি?
স্মরণ করা যাইতে পারে, রাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হইবার অব্যবহিত পর হইতেই সালাহউদ্দিন আম্মার ক্যাম্পাসের স্বঘোষিত অভিভাবক বনিয়া যান। অপছন্দের শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়া প্রহার ও বিতাড়ন করেন। অনেক শিক্ষকও তাঁহার হেনস্তা হইতে রেহাই পান নাই। বেপরোয়া ও দুর্বিনীত এই ‘শিক্ষার্থী’ সাধারণ শিক্ষকদের ভোটে নির্বাচিত বিভিন্ন অনুষদের ডিনের কর্তব্য পালনে বাধা দিয়াই ক্ষান্ত হন নাই; হুমকি-ধমকি দিয়া পদ ছাড়িতেও বাধ্য করিয়াছেন। দেশের আইন-আদালত এবং বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানের তোয়াক্কা না করিয়া একজন ছাত্রনেতা এই প্রকারে একাদিক্রমে সহিংসতা চালাইয়া যাইবার অধিকার কোনো সভ্য রাষ্ট্রে পাইতে পারেন না। অতীতে অনেক শিক্ষকও উপযুক্ত প্রতিকার দাবি করিয়া বিক্ষোভ প্রদর্শন করিয়াছিলেন।
অত্র সম্পাদকীয় স্তম্ভেই আমরা সুষ্ঠু তদন্তসাপেক্ষে সালাহউদ্দিনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাইয়াছিলাম। দুর্ভাগ্যবশত, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদ্রূপ ঐ সকল আহ্বান ও দাবির প্রতি কর্ণপাত করে নাই, তদ্রূপ তৎকালীন অন্তর্বর্তী সরকারও নীরবতা পালন করিয়াছিল। বস্তুত, এহেন দায়মুক্তিই আম্মারসহ মব সন্ত্রাসীদের অপকর্ম চালাইয়া যাইতে দ্বিগুণ উৎসাহ দিয়া আসিতেছে।
শিক্ষাঙ্গনে মব সহিংসতা কেবল শিক্ষার পরিবেশই ক্ষতিগ্রস্ত করে না, প্রাণহানিও যে ঘটাইতে পারে– রাজশাহী বিশ্ববিদ্যালয়েই ইহার একাধিক দৃষ্টান্ত রহিয়াছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাবি ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে প্রহার করিয়া হত্যা করা হইয়াছিল। অবস্থাদৃষ্টে মনে হইতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ এইবারও এহেন ফৌজদারি অপরাধের বিরুদ্ধে অবস্থান লইতে ইচ্ছুক নহে। প্রতিবেদনমতে, হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পরিবর্তে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে নিষিদ্ধ ‘ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম’-এর মামলায় গ্রেপ্তার দেখানো হইয়াছে। ঐ শিক্ষার্থীদের বায়বীয় মামলায় গ্রেপ্তার সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরবে সম্মতি দিয়াছে।
উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত পাঁচ সদস্যের কমিটি কতখানি সুষ্ঠু তদন্ত করিতে পারিবে, উহা লইয়া প্রশ্ন জাগা স্বাভাবিক। প্রসংগত, গ্রেপ্তার শিক্ষার্থীরা ছাত্রলীগের সহিত সংশ্লিষ্টতা অস্বীকার করিয়াছেন। তদুপরি, অতীতে কোনো শিক্ষার্থীর সহিত ছাত্রলীগের সম্পর্ক থাকিলেই তাঁহাকে গ্রেপ্তারের আইনি ভিত্তি কী? যতক্ষণ কেহ ফৌজদারি অপরাধে সংশ্লিষ্ট না হন, তিনি অন্যান্য সকলের ন্যায় নাগরিক অধিকার ভোগ করিবেন। এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত করিবার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ এড়াইতে পারিবে না। অস্বীকার করা যাইবে না, গত দুই বৎসর যাবৎ দেশে যেই মব সহিংসতা চলিতেছে, উহার প্রভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক অবস্থায়। বিশ্ববিদ্যালয়সমূহেও অহরহ আইন স্বীয় হস্তে তুলিয়া লইবার ঘটনা ঘটিতে থাকিলে তাহা আইনের শাসন প্রতিষ্ঠাকে আরও দুরূহ করিয়া তুলিবে। স্মরণে রাখিতে হইবে, সালাহউদ্দিন আম্মার সরাসরি সম্পর্ক অস্বীকার করিলেও, তাঁহার অপকর্মের সহযোগীদের প্রায় সকলেই ছাত্রশিবিরের নেতাকর্মী। আম্মারের স্তম্ভের শক্তি কোনো রাজনৈতিক সংগঠনেই নিহিত– উহা বুঝিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই।
