বিগত বেশ কিছুদিন ধরে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আন্দোলন করতে গিয়ে কখনো কখনো জ¦ালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর এমনকি পুলিশের ওপর হামলা করেছে। ফলে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, গার্মেন্ট শ্রমিকদের এই আন্দোলন কি শুধুই বেতন-ভাতা বৃদ্ধির জন্য, নাকি এর পেছনে তৃতীয় পক্ষ বিশেষ করে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন রয়েছে? ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে ঢুকে একে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী সন্ত্রাসীরা স্যাবোটাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গার্মেন্ট শ্রমিকদের বেতন বোর্ড সরকার গঠন করার পরও শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে সীমান্তের ওপারের ষড়যন্ত্র রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে পতিত আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে। ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকা- করার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বেশিরভাগই নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। গোয়েন্দা প্রতিবেদনেও গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে পতিত আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক এমপিসহ আওয়ামী সমর্থক গার্মেন্ট ব্যবসায়ীদের ইন্ধন রয়েছে।

এসব বক্তব্য ও গোয়েন্দা তথ্য থেকে বুঝতে অসুবিধা হয় না, গার্মেন্ট খাতের শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আড়ালে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রয়েছে। আশার কথা, সরকারের উদ্যোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শ্রমিকদের এই আন্দোলন ধীরে ধীরে কমে এসেছে। শিল্পাঞ্চলগুলোতে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের ফলে প্রতিদিন এ খাতে প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। দৈনিক মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক সপ্তাহের আন্দোলনে শত শত কারখানায় উৎপাদন বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে বিঘিœত হয়।

গার্মেন্ট মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকদিনের আন্দোলনের ফলে পোশাক খাতের সম্ভাব্য আর্থিক ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ পেতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে, বৈশি^ক মন্দার কারণে যেসব উন্নত দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি হয়, সেসব দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাক কেনার গতি কমে গেছে। বায়াররাও অর্ডার বাতিল ও স্থগিত করছে। পাশাপাশি গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, রপ্তানির ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়েছে। ইংরেজি দৈনিক নিউ এজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গার্মেন্ট খাতে একক বৃহত্তর রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোশাক রপ্তানি কমেছে ৪.৩০ শতাংশ।

ইউরোপের বাজারেও একই আশঙ্কা করা হচ্ছে। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে। ক্ষমতায় আসতে না আসতেই ইরানযুদ্ধে পুরো বিশে^র অর্থনীতি টালমাটাল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের ভঙুর অর্থনীতিকে আরও নাজুক করে তুলেছে। গ্যাস-বিদ্যুৎ, জ¦ালানি সংকট, আমদানি-রফতানির স্থবিরতা, মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ^াস চলছে। বলার অপেক্ষা রাখে না, সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে উঠলে তার দায় সরকারের উপর পড়ে। এই দায়কে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য পতিত আওয়ামী লীগ ও তার দোসররা উঠেপড়ে লেগেছে। গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। আশার কথা, সরকার এই ষড়যন্ত্র ডিটেক্ট করতে পেরেছে।

সাধারণ শ্রমিকদেরও বুঝতে হবে, সরকার ইতোমধ্যে তাদের বেতনবোর্ড গঠন করেছে এবং তাতে তারা উপকৃত হবে। সরকার এটা উপেক্ষা করছে না যে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন কষ্টের মধ্যে রয়েছে। সরকার তাদের প্রতি সহানুভূতিশীল। ফলে তাদের আন্দোলনের ফলে কারখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের আর কর্মসংস্থানের সুযোগ থাকবে না। এটাও স্মরণে রাখতে হবে, গার্মেন্ট খাতের বাইরে অন্যান্য শিল্পকারখানাও রয়েছে, তারাও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তাদের জন্য কোনো বেতনবোর্ড নেই। তারা আন্দোলন করছে না। সরকার গার্মেন্ট শিল্পকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাদের উপলব্ধি করতে হবে, গার্মেন্ট মালিকরাও অর্ডার কমে যাওয়া এবং বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গেছে। পোশাক রপ্তানি করতে না পারলে তারা কোথা থেকে শ্রমিকদের বেতন দেবে?

তারাও অসহায় হয়ে পড়েছে। এদিকে, বাংলাদেশ বিশে^র যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কমদামে বায়ারদের পোশাক সরবরাহ করে। শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চীনের মতো প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের চেয়ে বেশি দামে পোশাক বিক্রি করে। বায়াররাও বাংলাদেশের সাথে বার্গেনিং করে পোশাকের দাম কম দেয়। ফলে বাংলাদেশ কম দামে পোশাক বিক্রির ফাঁদে পড়ে গেছে। যদি প্রতিযোগী দেশগুলোর সমান দামে পোশাক বিক্রি করতে পারত, তাহলে গার্মেন্ট খাতের আয়ও বেশি হতো, শ্রমিকদেরও বেতন ও সুযোগ-সুবিধা বেশি দিতে পারত। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলন করতে হতো না। এ বিষয়টিও শ্রমিকদের বুঝতে হবে। তবে গার্মেন্ট মালিকদের উচিৎ হবে, সম্মিলিতভাবে কীভাবে পোশাকের দাম বাড়ানো বা প্রতিযোগী দেশগুলোর সমান করা যায়, এ নিয়ে বায়ারদের সাথে আলাপ-আলোচনার উদ্যোগ নেয়া। দুঃখজনক বিষয় হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো গার্মেন্ট শ্রমিকদের নিয়ে মানবাধিকারের কথা বলে, তবে তারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো যাতে পোশাকের দাম বাড়িয়ে দেয়ার আহ্বান জানায় না। ফলে মানবাধিকার নিয়ে তাদের মায়াকান্না এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

পোশাক শিল্পাঞ্চলে এখন শান্ত পরিবেশ। ছুটির দিনেও কারখানাগুলোতে পুর্নোদ্যমে উৎপাদন শুরু হয়েছে। এটা শুভ লক্ষণ। তবে পর্যবেক্ষকরা বলেছেন, এ খাতে যাতে পুনরায় ষড়যন্ত্র দানা বাঁধতে না পারে এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই যাতে গার্মেন্ট খাতের উৎপাদন ব্যাহত না হয়, রপ্তানি কার্যক্রম বেগবান হয়, তা মনিটর করতে হবে। ষড়যন্ত্রকারিরা যাতে এ খাতে আর অস্থিরতা সৃষ্টি করতে না পারে এবং যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সরকারকে মনে রাখতে হবে, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরাকে সামনে রেখে তার দলের নেতাকর্মীরা ইতোমধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। গার্মেন্ট খাত টার্গেট করে শ্রমিকদের আন্দোলন উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে। পর্যবেক্ষকদের শঙ্কা, সামনের দিনগুলোতে তাদের সন্ত্রাসী কার্যক্রম আরও বাড়তে পারে। কাজেই সরকারকে এ ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে।