দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র পাওয়া যায়, সেসব খাতের কতটা উন্নতি ও অবনতি হচ্ছে, তার জরিপকৃত পরিসংখ্যানের ওপর। সব খাতের উন্নয়ন এবং অবনমন একসাথে হয় না। এজন্য খাতগুলোর দিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত খোঁজ-খবর বা হিসাব রাখতে হয়। এতে কোন খাতে কতটা উন্নয়ন হচ্ছে, তার সঠিক তথ্য পাওয়া যায়। সাধারণত দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ও অবনতির খতিয়ান তৈরি করার দায়িত্ব পালন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি দেশের কোন খাতের কী উন্নয়ন ও অবনমন হচ্ছে, তার পরিসংখ্যান তুলে ধরে। দেখা যাচ্ছে, সংস্থাটি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না। অনেক ক্ষেত্রে প্রকৃত চিত্রের বাইরে বিভ্রান্তিকর কিংবা ভুল তথ্য উপস্থাপন করছে।

সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, সংস্থাটি অর্থনীতির ক্ষেত্রে বহুবছরের পুরনো ডাটা বা পরিসংখ্যান ব্যবহার করছে। গতকাল ইংরেজি দৈনিক নিউ এজ-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবিএস প্রায় দুই দশক আগের পরিসংখ্যান এখনো ব্যবহার করছে। ২০০১-০৩ সালের করা অর্থনৈতিক শুমারির পরিসংখ্যান চলতি ২০২৬ সালের অর্থবছরের বলে চালিয়ে দিয়েছে বিবিএস। সে সময় এই খাতের মূল্য ছিল ১৫ হাজার ৯৪ কোটি টাকা, যা ছিল জিডিপির ০.২৫ শতাংশ। অথচ চলতি অর্থবছরে তা দাঁড়িয়েছে জিডিপির ৫.১৯ শতাংশ। এই পরিসংখ্যান থেকে এটাই বোঝা যায়, খাতটির কোনো উন্নতি হয়নি এবং তা সেই ২০০১-০৩ সালেই পড়ে আছে। অর্থাৎ পুরনো ডাটা বা পরিসংখ্যান ব্যবহার করে অর্থনৈতিক চিত্র দেখানো হচ্ছে। এ এক ভয়াবহ চিত্র।

দেশের অর্থনৈতিক উন্নতি-অবনতির ক্ষেত্রে প্রকৃত পরিসংখ্যান সরকারের কর্মকা- ও পদক্ষেপ বাস্তবায়নে সঠিকভাবে সহায়তা করে। সঠিক ও নির্ভুল পরিসংখ্যান যাবতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য অপরিহার্য। ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে তা বিপর্যয় ডেকে আনে। যেমন যে খাতে উন্নয়ন দরকার, সে খাতের পরিসংখ্যান যদি প্রকৃত চিত্রের চেয়ে বেশি দেখানো হয়, তাহলে সে খাতের উন্নয়ন সঙ্গতকারণেই কমে যাবে। সরকার তখন এর স্বাভাবিক উন্নয়ন হতে থাকুক বলে অন্যখাতে বেশি মনোযোগী হবে। আবার পরিসংখ্যান প্রকৃত চিত্রের চেয়ে কম দেখালে সেখানে জোর দিতে গিয়ে অন্য খাতের উন্নয়ন ধীর হয়ে যাবে। অর্থাৎ উন্নয়নে সরকারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক উন্নয়ন দেখাতে জিডিপির হার, মাথাপিছু আয় থেকে শুরু করে সবক্ষেত্রে বেশি বেশি পরিসংখ্যান দেখিয়ে উন্নয়নের ফানুস উড়িয়েছিল। এসব উন্নয়ন দেখাতে গিয়ে আদমশুমারিতে দেশের মোট জনসংখ্যাই কমিয়ে দিয়েছিল। যেখানে সকলেরই অনুমান এবং বিশে^র বিভিন্ন সংস্থার হিসাবে দেশের জনসংখ্যা সে সময় (সর্বশেষ ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী) যেখানে ছিল প্রায় ১৮ কোটির বেশি, সেখানে দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখের কিছু বেশি। তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। অর্থনীতিবিদদের মতে, জনসংখ্যা কম দেখিয়ে সরকার জিডিপি, মাথাপিছু আয়সহ উন্নয়ন বাড়িয়ে দেখাতে এই মিথ্যার আশ্রয় নিয়েছিল। বলার অপেক্ষা রাখে না, মিথ্যা পরিসংখ্যান ও ভুল তথ্য দেয়ার এই অপসংস্কৃতি এখনো বহাল রয়ে গেছে।

যেসকল সংস্থা এসব তথ্য জাতির সামনে উপস্থাপন করে, সেসব সংস্থার সাথে কারা জড়িত, তা এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। এটা সকলেরই জানা, উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অত্যন্ত ভঙুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এই অর্থনীতি পুনর্গঠণে কোন খাতের কী অবস্থা, তার সঠিক তথ্য ও পরিসংখ্যান সবচেয়ে বেশি জরুরি। এর উপর ভিত্তি করে সরকারকে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। সেখানে যদি বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়, তাহলে অর্থনৈতিক পুনর্গঠনের কাজ ধীর হয়ে যাবে। মিথ্যা পরিসংখ্যানের উপর ভিত্তি করে যদি সরকার বক্তব্য দেয়, তাহলে সে জনগণের কাছে ‘ফলস্ পজিশনে’ পড়ে যাবে।

জনগণের বিশ^াসযোগ্যতা ও ভাবমর্যাদা হারাবে এবং উপহাসের পাত্রে পরিণত হবে, যেভাবে বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের উন্নয়নের গল্প জনগণের কাছে হাসি-তামাশার বিষয়ে পরিণত হয়েছিল। দেশের অর্থনীতিসহ সবক্ষেত্রের সঠিক পরিসংখ্যান সরকার ও জনগণের সামনে তুলে ধরার বিকল্প নেই। তথ্য ও পরিসংখ্যানের আপডেট থাকা জরুরি। দেখা যাচ্ছে, দেশের সার্বিক তথ্য ও পরিসংখ্যান এগিয়ে গেলেও আমরা তার থেকে পিছিয়ে রয়েছি। বর্তমান প্রযুক্তির যুগে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে মুহূর্তে যেকোনো তথ্য পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে তথ্য ও পরিসংখ্যান দেয়ার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যা তুলে ধরবে, তাই এআই উপস্থাপন করবে। কারণ, এসব ক্ষেত্রে এআই নিজ থেকে কোনো তথ্য ও পরিসংখ্যান তৈরি করতে পারে না।

সে বিভিন্ন মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থাপনকৃত তথ্য সংগ্রহ করেই তা উপস্থাপন করে। কিংবা তাকে যে তথ্য দেয়া হবে, সেটাই উপস্থাপন করবে। দেখা যাচ্ছে, ২০২৬ সালের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৭৮ লাখের মতো। অথচ অনেকের মতে, এ জনসংখ্যা ২০ কোটির কম হবে না। কারণ, এমন অনেক মানুষ রয়েছে, যাদের নিবন্ধন নেই। পথশিশু থেকে শুরু করে ভাসমান অসংখ্য লোক জন্মনিবন্ধনের বাইরে রয়ে গেছে। সরকারি হিসাবে তাদের কোনো তথ্য নেই। কাজেই, তথ্য ও পরিসংখ্যানে সামান্য হেরফের হতে পারে। তার অর্থ এই নয়, তা বাস্তব চিত্রের সাথে ব্যাপক ফারাক থেকে যাবে। যার প্রমাণ পাওয়া গেছে দুই দশক আগের অর্থনৈতিক তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করা থেকে। এই ভুল তথ্য যারা উপস্থাপন করছে, নিশ্চিতভাবেই তারা দায়িত্ব পালনে অবহেলা করেছে, অথবা সরকারকে বিপাকে ফেলার জন্য করছে। তাদের মধ্যে সরকারের অর্থনৈতিক কর্মকা- ও পদক্ষেপকে ভুল পথে চালিত করার দুরভিসন্ধি রয়েছে। সরকারের উচিৎ হবে, এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। সরকার ইতোমধ্যে বিভিন্ন খাতে ফরেনসিক অডিট শুরু করেছে। এই কাজটি যথাযথভাবে করতে পারলে সঠিক তথ্য পাওয়া যাবে। তবে এ কাজে যারা জড়িত, তারা যদি সঠিক তথ্য তুলে না ধরে, তাহলে বিভ্রান্তি বা ভুল থেকেই যাবে। ফলে এ কাজটি যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, এ ব্যাপারে কঠোর নির্দেশনা থাকা অপরিহার্য। জনগণকে সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে।