দেশে যতসংখ্যক মানুষ মাদকাসক্তিতে ভুগিতেছে বলিয়া সোমবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী এক গবেষণায় উঠিয়া আসিয়াছে, উহা উদ্বেগজনক। আরও হতাশাজনক হইল, উহাদের অধিকাংশই চিকিৎসা বা পুনর্বাসনের বাহিরে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউর ‘বাংলাদেশে মাদক অপব্যবহারকারী ব্যক্তির সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট কারণসমূহ’ শীর্ষক যে গবেষণায় এই সকল তথ্য উঠিয়া আসিয়াছে, সেখানে আরও দেখা গিয়াছে, মাদক ব্যবহারকারীদের অর্ধেকের বেশি জীবনের কোনো না কোনো সময় মাদক ত্যাগ করিবার চেষ্টা করিলেও পর্যাপ্ত ও মানসম্মত চিকিৎসা, কাউন্সেলিং সুবিধা এবং সামাজিক ও আর্থিক সহায়তার অভাবে অধিকাংশই ইহাতে সফল হন নাই। মাদক ব্যবহারকারী বড় একটি অংশই তরুণ। ইহার এক-তৃতীয়াংশ ব্যবহারকারীই ৮ হইতে ১৭ বৎসর বয়সে প্রথম মাদক গ্রহণ শুরু করিয়াছে।
অর্ধেকের বেশি সংখ্যক ব্যবহারকারীই ২৫ বৎসরের নিম্নে প্রথমবার মাদক গ্রহণ করিয়াছে। তরুণদের মাদকাসক্তি ভয়ানক এই জন্য, ইহা তাহাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ধ্বংস এবং পড়াশোনা ও কর্মজীবন সংকটে ফেলিয়া দেয়। পরিবারে অশান্তি ও সামাজিক অপরাধ বৃদ্ধির ক্ষেত্রেও মাদকের ভূমিকা অনেক বেশি। মাদকাসক্তির মাধ্যমে সমাজের সবচেয়ে সম্ভাবনাময় অংশটি যেভাবে ধ্বংসের পথে পা বাড়াইয়াছে, উহা রাষ্ট্র ও সমাজের জন্য যথেষ্ট উদ্বেগজনক। বিশেষত, শহরাঞ্চলে মাদক ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক বেশি হইলেও গ্রামাঞ্চলেও উহার বিস্তার দ্রুত ঘটিতেছে। মাদকপ্রাপ্তি সহজ হইবার কারণে তরুণরা ইহাতে আকৃষ্ট হইতেছে এবং ইহার বিস্তার ঘটিতেছে। আমরা জানি, সারাদেশে মাদক ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক রহিয়াছে, যাহার মাধ্যমে তাহারা ইহার সরবরাহ ব্যবস্থা টিকাইয়া রাখিতে সক্ষম হইয়াছে। এই ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা পর্যায়ে সংযোগ ব্যতীত এহেন অবাধ মাদক বাণিজ্য সম্ভব নহে। ইতোপূর্বে আমরা দেখিয়াছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে বাহকসহ ছোট কারবারি ধরা পড়িলেও অর্থ বিনিয়োগকারী ও মাদকের রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাহিরেই থাকিয়া গিয়াছে। সম্ভবত এই কারণেই ৯০ শতাংশ ব্যবহারকারী জানাইয়াছে, মাদক তাহাদের নিকট সহজলভ্য।
মাদক নিয়ন্ত্রণে যদ্রূপ ইহাকে দুর্লভ করিতে হইবে, তদ্রূপ ইহার সরবরাহশৃঙ্খলও ভাঙিয়া দিতে হইবে। সর্বাধিক ব্যবহৃত মাদক গাঁজা। ফলে ইহার চাষ ও উৎপত্তিস্থল ধ্বংস করিতে হইবে। ইয়াবা, অ্যালকোহল এবং ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের পথও বন্ধ করিতে হইবে। গবেষণায় মাদক ব্যবহারের প্রধান প্রধান কারণের মধ্যে বেকারত্ব, বন্ধুমহলের প্রভাব, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপের কথা উল্লেখ করা হইয়াছে। তাই আর্থসামাজিক পরিবর্তনের কার্যকর কর্মসূচি ব্যতীত এই অভিশাপ হইতে মুক্তি এক প্রকার অসম্ভব। গবেষণা প্রতিবেদনে যেমনটা আসিয়াছে, অনেকে মাদকাসক্ত হইবার পর উহা ছাড়িয়া দিতে চাহিলেও সেই চিকিৎসা ও পুনর্বাসন সহজ নহে। তাই মাদকাসক্তদের জন্য কার্যকর চিকিৎসা ও পুনর্বাসন জরুরি। মাদকমুক্তির মাধ্যমে কেবল ব্যক্তি সুস্থ হয় না, বরং তাহার পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইহার ইতিবাচক প্রভাব রহিয়াছে। মাদকাসক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করিবার ফলে কর্মক্ষমতা নষ্ট করে এবং অপরাধে সংশ্লিষ্ট করে। চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে রোগী নূতনভাবে জীবন শুরু করিবার সুযোগ পায় এবং সুস্থ হইয়া ফিরিতে পারে।
তবে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সমন্বিত প্রক্রিয়ায় হইতে হইবে; যেইখানে চিকিৎসা, কাউন্সেলিং, সামাজিক সহায়তা এবং যথাযথ পুনর্বাসন জরুরি। মনে রাখিতে হইবে, দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং সমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত মাদকাসক্তদের পুনর্বাসন কার্যকর নহে। সেই কারণেই এইখানে জোর দিতে হইবে। মাদকাসক্তদের নূতন জীবনে ফিরাইয়া আনা জনস্বাস্থ্যের জন্য যদ্রূপ গুরুত্বপূর্ণ, তদ্রূপ সমাজে অপরাধ হ্রাস এবং একটি সুস্থ প্রজন্ম গড়িয়া তুলিবার ক্ষেত্রেও ইহা অপরিহার্য।
