গত কয়েকদিন ধরে বেতনবৃদ্ধির দাবিতে রাজধানী, গাজীপুরসহ অন্যান্য এলাকায় গার্মেন্ট শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতন দিয়ে সংসার চলানো কঠিন হয়ে পড়ছে বলে তাদের বেতন বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ চলছে। তাদের দাবি, বর্তমান সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। ২০২৩ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এই মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে নতুন বেতনকাঠামো গঠন এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা আগেভাগেই বিক্ষোভ শুরু করেছে। ইতোমধ্যে সরকার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণে ওয়েজ বোর্ড গঠন করার উদ্যোগ নিয়েছে।
গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কাছে তাদের তিনজন প্রতিনিধি বোর্ডে দেয়ার জন্য বলেছে। এই বোর্ড নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে। শ্রমিক সংগঠনগুলো মনে করছে, এই বোর্ড গঠন হলে শ্রমিকদের আন্দোলন কিছুটা প্রশমিত হবে। অন্যদিকে গার্মেন্ট কারখানার মালিকরা অভিযোগ করে বলেছেন, ওয়েজ বোর্ড গঠনের উদ্যোগ নেয়া সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের নানা কথা বরে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন নিয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, দেশের প্রচলিত প্রথা অনুযায়ী, শীত মৌসুম আন্দোলনের সময়। এই সময়কে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠী আন্দোলনে নামে।
তবে আগামী ডিসেম্বরে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে আসার ঘোষণাকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসররা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার নানা ধরনের ষড়যন্ত্র করছে। ইতোমধ্যে তার আলামত দেখা গেছে। এর মধ্যে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে ইন্ধন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা অস্বাভাবিক নয়। অস্বীকার করার উপায় নেই, মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম স্বল্প ও সীমিত আয়ের সাধারণ মানুষের সামর্থ্যরে বাইরে চলে গেছে। যে আয় করে তা দিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। নিম্নবিত্ত তো বটেই মধ্যবিত্ত পরিবারগুলোও বিপাকে পড়েছে। কোনো কোনো পরিবার রাজধানীতে টিকতে না পেরে গ্রামে চলে যাচ্ছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, দেশের সার্বিক অর্থনীতি কতটা মন্দাবস্থার মধ্যে রয়েছে।
ইরানযুদ্ধে বৈশ্বিক অর্থনীতির মন্দাবস্থা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক শোচনীয়তা সরকারকে আষ্টেপৃষ্ঠে ধরেছে। বিনিয়োগ খরা, বেকারত্ব বৃদ্ধি, আমদানি-রফতানি বাণিজ্য কমে যাওয়াসহ সার্বিক অর্থনীতির প্রায় সব সূচকের নিম্নগামীতা পরিস্থিতিকে শোচনীয় করে তুলেছে। সরকারের হাতেও টাকা নেই। তাকে ঋণ করে চলতে হচ্ছে। চলতি অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে মোট ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়ে নিয়েছে। সামনে আরও ঋণ নেবে। এর বিপরীতে সরকারের প্রধানতম আয়ের উৎস রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮১ হাজার ৫৩ কোটি টাকা।
এর বিপরীতে আদায় হয়েছে ৫৫ হাজার ৫৬২ কোটি টাকা। ঘাটতি প্রায় ২৫ হাজার ৪৯১ কোটি টাকা। এ চিত্র থেকে বোঝা যায়, রাজস্ব আদায়ে দায়িত্বশীল সংস্থাগুলোর পারঙ্গমতার অভাব রয়েছে। সরকার অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়ন হতে সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখার জন্য ইনস্ট্যান্ট উদ্যোগ থাকা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ কতটা কষ্টের মধ্যে রয়েছে, তা প্রতিদিন পত্রপত্রিকার প্রতিবেদন দেখলেই বোঝা যায়। সরকারের উচিৎ, চলমান সংকট যাকে প্রেজেন্ট টাইম’স রিয়্যাল ক্রাইসিস বলা হয়, সেটা নিরসনে উদ্যোগী হওয়া। সাধারণ মানুষের কষ্টের জীবনযাপনে কিছুটা হলেও স্বস্তি দেয়ার ব্যবস্থা করা। এ ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ নিয়ে সরকারের তরফ থেকে কোনো কথাও বলা হচ্ছে না। ফলে অভাব-অনটনে পড়া মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। গার্মেন্ট শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ সড়কে নামছে। গার্মেন্ট শ্রমিকরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন অনেক বেড়েছে, এর প্রভাবে মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে তাদেরও বেতন বাড়াতে হবে। তবে গার্মেন্ট খাতে যে সংকট, তার সাথে বৈশ্বিক সংকট ওতোপ্রোতভাবে জড়িত। ইউরোপ-আমেরিকার মতো দেশগুলো অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। এর প্রভাব পড়েছে গার্মেন্ট খাতে। অর্থনৈতিক সংকটের কারণে অনেক আমদানিকারক ক্রেতা অর্ডার দিয়েও স্থগিত বা বাতিল করছে। এই সংকট রাতারাতি কাটানো যাবে না। বন্ধ শিল্পকারখানা চালু করতে সরকার ইতোমধ্যে ৬০ হাজার টাকা প্রণোদনা ঘোষণা করেছে।
সরকার যা করতে পারে তা হচ্ছে, এই প্রণোদনার অর্থ যাতে মালিকরা দ্রুত পেয়ে কারখানা চালু করতে পারে, সে প্রক্রিয়া সহজ করা। এতে বেকার হয়ে যাওয়ারা যেমন চাকরি পাবে, তেমনি নতুন কর্মসংর্স্থানেরও সুযোগ হবে। এছাড়া, অর্থনীতি ও কর্মসংস্থানের আরেকটি বড় খাত আবাসন স্থবির হয়ে রয়েছে। ফ্ল্যাট বা জমিজমা বিক্রি বলতে কিছু নেই। এ খাতের অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে। খাতটিকে কীভাবে চাঙা করা যায়, সরকারকে সে পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষকে ভালো রাখতে না পারলে, তার দায় সরকারের উপর বর্তায়। আয়ের সাথে ব্যয় সংকুলান করতে না পেরে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে, তার জন্য তারা সরকারকেই দায়ী করছে। তাদের মধ্যে অসন্তোষ বিরাজমান থাকলেও তারা ধৈর্য্য ধারণ করে আছে।
বিচ্ছিন্নভাবে গার্মেন্ট শ্রমিক ও অন্যান্য পেশার মানুষ সড়কে নামলেও সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে তেমন কোনো কথা বলছে না। সরকার যদি তাদের চলমান সংকটময় জীবনকে সহজ করার জরুরি উদ্যোগ না নেয়, তাহলে তাদের এই ধৈর্য্যরে বাঁধ ভেঙে যেতে বেশি সময় লাগবে না। তাছাড়া সরকারকে বেকায়দায় ফেলা বা ব্যর্থ করে দেয়ার জন্য বিরোধীদল ও পতিত আওয়ামী লীগ ওঁতপেতে আছে। তারা সাধারণ মানুষের এই যৌক্তিক ক্ষোভকে উসকে দিয়ে এ কাজ করতে বিন্দুমাত্র দেরি করবে না। সরকারের উচিৎ, এ বিষয়গুলো দ্রুত অনুধাবন করে এখনই সাধারণ মানুষের টানাপোড়েনের জীবনযাপনকে সহজ করতে কিছু উদ্যোগ নেয়া। কর্মসংস্থান বাড়াতে বিদ্যমান আভ্যন্তরীণ খাতগুলোকে কীভাবে উজ্জীবিত করা যায়, সেই ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের দাম সহনীয় করার উদ্যোগ নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে। মনে রাখা দরকার, সরকারের গৃহীত অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ ও পরিকল্পনার সুফল পেতে যে সময় লাগবে, সে পর্যন্ত সরকারকে পৌঁছতে হলে সাধারণ মানুষের এই মুহূর্তের কঠিন জীবনযাপনকে সহজ করার জরুরি পদক্ষেপ নিতে হবে। যদি তা না করা যায়, তাহলে সরকারের সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছার পথ ক্রমেই কঠিন হয়ে যাবে।
