কর্ণফূলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু বা এক নম্বার কর্ণফুলী সেতুর টোলপ্লাজা দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক টোলপ্লাজা। পদ্মাসেতুর পর সম্ভবত এর উপর দিয়েই প্রতিদিন বেশি সংখ্যক যানবাহন চলাচল করে। এর টোলপ্লাজা থেকে যে পরিমান রাজস্ব আদায় হওয়ার কথা তা হচ্ছে কি? সম্ভবত না। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোলপ্লাজায় ডিজিটাল জালিয়াতির যে চিত্র বেরিয়ে এসেছে তা বিষ্ময়কর। জনগণের আন্দোলনে পতিত স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের মাধ্যমে তৈরী করা সামগ্রিক ব্যবস্থার অনেক কিছুই এখনো অক্ষত ও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। কর্ণফূলী সেতুসহ দেশের অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ টোলপ্লাজায় কথিত রেগনাম রিসোর্সেস লিমিটেডের সৃষ্ট এমআইএস(ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) এর উপর নির্ভরশীল রোডস অ্যান্ড হাইওয়ের সামগ্রিক ডিজিটাল প্রযুক্তিগত ব্যবস্থাপনা। সাবেক সরকারের প্রভাবশালী নেতাদের চাপে অনানুষ্ঠানিকভাবে নিয়োগ পাওয়া কোম্পানী রেগনাম সরকারি টোলপ্লাজাগুলোর টোল আদায়, যানবাহন চলাচলসহ সামগ্রিক তথ্য নিয়ন্ত্রণ ও পরিবর্তনের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মাসাতের সুযোগ পাচ্ছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। ইনকিলাবের রিপোর্টে ফাঁস হওয়া তথ্যের আলোকে তদন্ত করলে এই ডিজিটাল জালিয়াতির প্রকৃত চিত্র এবং হাজার হাজার কোটি টাকা রাজস্ব হাতিয়ে নেয়ার কাহিনী বেরিয়ে আসতে পারে।
সুইফ্ট কোড হ্যাক ও ম্যালওয়্যারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বিশ্বের অন্যতম বড় ডিজিটাল আর্থিক কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হয়। আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত সে ঘটনা ধামাচাপা দিতে না পারলেও চুরি ও পাচার হওয়া শত শত মিলিয়ন ডলার ফেরত আনা বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও ব্যর্থ হয়েছে। এ থেকে বুঝা যায়, সরকারের শীর্ষমহল ও প্রভাবশালী ব্যক্তিরাই এই ঘটনার সাথে জড়িত ছিল। কর্ণফূলী টোল প্লাজাসহ বিভিন্ন টোলপ্লাজার ডিজিটাল অপারেটিং সিস্টেম ও টোল জালিয়াতির প্রশ্ন আগেও উঠেছে। কর্ণফূলী টোলপ্লাজায় অস্বাভাবিক ধীরগতির কারণে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের চিত্রও নতুন নয়।
ডিজিটাল যুগে এনালগ গতির টোল আদায়ের পেছনে রেগনামের সংশ্লিষ্টদের তথ্য নিয়ন্ত্রণ, তথ্য মুছে ফেলা ও আদায়কৃত অর্থচুরির ঘটনাক্রমের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বিষ্ময়কর ব্যাপার হচ্ছে, রক্তাক্ত রাজনৈতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলেও পতিত স্বৈরাচারের দোসরদের নিয়োগকৃত কোম্পানি কিভাবে যাচাই বা জবাবদিহিতাহীনভাবে বছরের পর বছর ধরে দেশের এমন গুরুত্বপূর্ণ রাজস্ব খাতের ডিজিটাল ব্যবস্থাপনার নিয়ন্ত্রক হিসেবে বহাল থাকলো। দেশের ৬৭টি টোলপ্লাজায় রেগনাম রিসোর্সেস’র এমআইএস ব্যবহুত হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মতে, রেগনাম সবগুলো টোলপ্লাজা থেকে টাকা চুরি করে না, কর্ণফুলী, ভৈরব, আত্রাই, চরসিন্দুর, নাটোরের বনপাড়া-হাটিকুমরুল, কচিকাটাসহ ডজনখানেক টোলপ্লাজায় ইউনিফাইড টোল সিস্টেম ম্যালওয়্যারের মাধ্যমে টাকা চুরির আশঙ্কা প্রকাশ করছেন তারা। প্রশ্ন হচ্ছে, রোডস অ্যান্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তারা এতদিন কি করেছেন? তাদের কাছে এই ডিজিটাল জালিয়াতি ধরা পড়েনি কেন? ইনকিলাবের অনুসন্ধানী রিপোর্টে টেস্ট কেস হিসেবে যে কয়েকটি তথ্য তুলে ধরা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, কর্ণফূলী সেতুর টোলপ্লাজা থেকে অন্তত ৩০ শতাংশ টোলের তথ্য গায়েব করে টাকা চুরি করেছে রেগনাম রিসোর্সের সংশ্লিষ্টরা।
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় জনগণের রাজস্ব থেকে প্রাপ্ত অর্থে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বাজেট ঘাটতির পেছনে রাজস্ব ঘাটতি বা রাজস্ব আদায়ে অক্ষমতাকে ধরা হয়। এনবিআর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি অর্থবছরের ১০ মাসে সরকারের রাজস্ব ঘাটতির পরিমান ১ লাখ কোটি টাকার বেশি। একদিকে সরকার রাজস্ব আদায় করে উন্নয়ন বাজেট ও সামাজিক নিরাপত্তার খরচ সংস্থান করতে পারছে না, অন্যদিকে দেশের প্রধান প্রধান বন্দর, টোলপ্লাজা এবং ভ্যাট আদায় পদ্ধতিতে শুভঙ্করের ফাঁকির ডিজিটাল সিস্টেম ব্যবহার করে বছরে হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করছে মেগনাম সিসোর্সের মত কোম্পানি মালিক পতিত স্বৈরাচারের দোসররা। ডিজিটালাইজেশনের মূল লক্ষ্যই হচ্ছে একই সঙ্গে কাজের গতি এবং স্বচ্ছতা নিশ্চিত করা।
কিন্তু শর্ষের ভেতরে ভুত রেখে তা দিয়ে ভুত তাড়ানো অসম্ভব। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশ থেকে দুর্নীতি-অস্বচ্ছতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি ও হয়রানি বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি অস্বচ্ছতা দূর করার বদলে আওয়ামী লীগ সরকারের সময় পুরো সিস্টেমকে দুর্নীতিবাজদের হাতে তুলে দেয়ার অভিজ্ঞতা আমাদের আছে। টোলপ্লাজার ডিজিটাল সিস্টেমকে ব্যবহার করে রেগনামের মত কোম্পানিগুলো কিভাবে জনগণের অর্থ লোপাট করেছে তার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের ব্যাংক, বীমা, বন্দরসহ রাজস্বখাত ও সরকারি প্রতিষ্ঠানগুলো ডিজিটালাইজেশন ও সফ্টওয়্যার ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। কর্ণফুলী টোলপ্লাজার টোল চুরির সাথে জড়িত কোম্পানী ও ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে টোল ও রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে ঘাটতি কমিয়ে আনা সম্ভব।
