দেশের কোটি কোটি মানুষের শ্রমে-উৎপাদনে অর্জিত অর্থ দেশে বিনিয়োগ না করে বিদেশে পাচার করে ব্যাংকিং ও আর্থিক খাতকে দেউলিয়া করে ফেলা হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী রাজনীতিক, আমলা ও ব্যবসায়ী অলিগার্করা সরাসরি অর্থ পাচারের সাথে জড়িত। দেড় দশকে পাচারকৃত অর্থের পরিমাণ পিলে চমকানোর মতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থপাচার বিষয়ে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুসারে আওয়ামী লীগ সরকারের প্রথম ১৪ বছরে অর্থ পাচারের পরিমাণ ছিল ২৩৪ বিলিয়ন ডলার। দেশে বিনিয়োগসহ অর্থনীতির চাকাকে আরো গতিশীল করার পাশাপাশি সামাজিক সুরক্ষা বলয়কে আরো শক্তিশালী করতে পাচারকৃত অর্থ ফেরত আনাকে তাদের অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ হাই-প্রোফাইল উপদেষ্টা ও বিনিয়োগ এক্সপার্টরা নানা রকম যোগাযোগ ও কসরত করেও উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেননি। উপরন্তু সে সময়েও বেশ কয়েক বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। রাজস্ব ঘাটতি পূরণ করতে সরকারকে লক্ষকোটি টাকা ঋণ নিতে হয়েছে। বলা হচ্ছিল, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগে গতি আসবে না, নির্বাচনে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে না। ইতোমধ্যে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটসহ দেশের সামনে একটি নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এহেন বাস্তবতায় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন উদ্যোগের দিকে মনোযোগ দিতে হবে। তবে অবৈধ পন্থায় পাচারকৃত অর্থের সিকিভাগও দেশে ফিরিয়ে এনে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করা সম্ভব।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিচ্ছে। বিগত সময়ের অভিজ্ঞতায় দেখা যায়, প্রাত্যাশিত সংস্কারের ক্ষেত্রে সরকারের নীতিগত অবস্থান ও সিদ্ধান্তসমূহ শুধুমাত্র বাগাড়ম্বর হিসেবে উচ্চারিত হলেও বাস্তবে তার প্রতিফলন খুঁজে পাওয়া যায়নি। এমনকি রাজনৈতিক প্রতিবন্ধকতা ও দায়বদ্ধতার বাইরে থাকা অন্তর্বর্তী সরকারও পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। গতকাল পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট অলিগার্ক ও ৬টি শিল্প গ্রুপ ব্যাংক থেকে ৩ লাখ ২৪ হাজার ৫০১ কোটি ঋণ টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। এসব টাকা অনুসন্ধান ও ফেরত আনতে দেশের ১০টি ব্যাংক বিভিন্ন বহুজাতিক কোম্পানির সাথে ইতোমধ্যে ৩৬টি এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (চুক্তি) করেছে। মোট ৫৯টি এনডিএ চুক্তি হওয়ার কথা থাকলেও বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। কার্যত বিনিয়োগ বৃদ্ধি বা অর্থপাচার বন্ধে সরকারের নীতিগত অবস্থান বা অগ্রাধিকার তেমন কোনো ফল দেয়নি। এখনো দিচ্ছে বলে মনে হয় না। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ও অলিগার্করা বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকলেও অর্থপাচার বন্ধ হয়নি। একইভাবে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়া এবং রাজস্ব ঘাটতি সামাল দিতে বাজেট বাস্তবায়নে সরকারকে লক্ষকোটি টাকা ঋণ নিতে হচ্ছে।

চলতি (২০২৫-২৬) অর্থবছরে সরকারের ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা থাকলেও অর্থ বছরের প্রথম সাড়ে ৮ মাসে সরকার ব্যাংক থেকে ৯৮ হাজার ৫২৬ কোটি টাকা ঋণ নিয়েছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। অর্থবছরের শেষে নিশ্চিতভাবেই তা লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে ধারণা করা যায়। অর্থাৎ দেশের অর্থনীতি এখনো তার স্বাভাবিক ইতিবাচক ধারায় ফিরে আসেনি। একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানে সরকারের পতন হওয়ার পর সে সরকারের সাথে সংশ্লিষ্ট আমলা, মন্ত্রী ও অলিগার্কদের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারে দুই বছরেও দৃশ্যমান অগ্রগতি না হওয়া এবং অর্থনীতিতে ইতিবাচক গতি ফিরে না আসার বাস্তবতা নিয়ে নতুনভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করতে হবে।

সম্প্রতি জিএফআই বা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টের আলোকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, গত এক দশকে দেশ থেকে বাণিজ্যের আড়ালে ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা মোট পাচার হওয়া অর্থের প্রায় ১৬ শতাংশ বা সাড়ে ৮ লক্ষ কোটি টাকার বেশি। দুর্নীতি, মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ দমন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছেন। সামগ্রিকভাবে এটা সরকারের একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক প্রবণতা। তবে এটা খুব সহজসাধ্য বিষয় নয়। এ বিষয়ে সাফল্য নিশ্চিত করতে অতীতের ধারাবাহিক ব্যর্থতার অভিজ্ঞতার আলোকে সরকারকে নতুন কর্মকৌশল গ্রহণ করতে হবে। যেসব ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন বহুজাতিক কোম্পানির সাথে এনডিএ করেছে তাদের সাথে সরকারের আর্থিক গোয়েন্দা বিভাগের সহযোগিতা ও সমন্বিত কর্মপন্থা থাকা জরুরি। দেশের অর্থনীতিতে ত্রিমুখী চ্যালেঞ্জের কথা বলেছেন অর্থমন্ত্রী। সেই সাথে মার্চ মাসে দেশে রেকর্ড প্রায় পৌনে চার বিলিয়ন ডলারের রেমিটেন্স প্রবাহের সুসংবাদও পাওয়া গেছে। বাণিজ্যের নামে অসাধু ব্যবসায়ী ও ব্যাংকারদের যোগসাজশে অর্থপাচারের চক্রব্যুহ ভেঙ্গে দেয়া জরুরি। সেই সাথে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে সরকারকে আরো কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এমটিএফই বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠানের ক্রিপ্টোকারেন্সিতে পাচার করা ৪৪ কোটি টাকা ফেরত আনতে সক্ষম হয়েছে সিআইডি। পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ দেশে ফিরিয়ে আনার সাথে সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি অর্থপাচার বন্ধে প্রযুক্তি ও কৌশলগত ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে।