প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ লইয়া জনপরিসরে যেই সকল প্রশ্ন উঠিয়াছে সেইগুলি গুরুত্বপূর্ণ বলিয়া আমরা মনে করি। মঙ্গলবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, অধ্যাদেশটির যেই খসড়া ৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ভেটিংয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইতে আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হইয়াছে, উহা শুধু মূল খসড়া হইতে পৃথক নহে; বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের অনেকে শঙ্কা প্রকাশ করিয়াছেন, ইহা পুলিশকে পূর্বের ন্যায় আমলা ও রাজনীতিনির্ভর করিয়া রাখিতে পারে। সাধারণত কমিশনের নিকট সংশ্লিষ্ট আইনের প্রবিধান প্রণয়নের ক্ষমতা থাকে; বিধি প্রণয়নের ক্ষমতা থাকে সরকারের নিকট। এইখানে দুইটিই সরকারের হস্তে রাখা হইয়াছে। ফলে স্বাধীনভাবে তো দূরস্থান; স্বাভাবিকভাবেও কমিশন পরিচালনা কঠিন হইতে পারে। জানা গিয়াছে, গণঅভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠিলে আইন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি পুলিশ কমিশনের খসড়া প্রণয়ন করে। সেই খসড়ায় পুলিশকে সামান্য হইলেও ক্ষমতা দেওয়া হইয়াছিল। কিন্তু খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে সেই ক্ষমতাটুকুও বাদ দেওয়া হইয়াছে। যেমন পুলিশ মহাপরিদর্শক নিয়োগের ব্যাপারে প্রাথমিক খসড়ায় বলা হইয়াছিল, কমিশনের সুপারিশকৃত তিনজনের মধ্য হইতে পুলিশ মহাপরিদর্শক নিয়োগ দেবে সরকার। কিন্তু নূতন খসড়ায় উক্ত নিয়োগের জন্য সরকারের নিকট কমিশনের পক্ষ হইতে তিনজনের নাম সুপারিশ করিবার বিধান থাকিলেও চূড়ান্ত নিয়োগ এই তিনজনের মধ্য হইতে হইবে কিনা, তাহা স্পষ্ট করিয়া বলা নাই। উহার ফলে স্বাধীন পুলিশ কমিশন না হইয়া প্রস্তাবিত কমিশন হইবে সুপারিশ-পরামর্শ প্রদানের কমিশন এবং পুলিশকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যবহারের সুযোগ সম্পূর্ণই থাকিয়া যায়।
বিগত দশকগুলিতে বেসামরিক প্রশাসনের ন্যায় পুলিশও ক্রমবর্ধমান দলীয়করণের শিকার হইয়াছে, ইহা আমরা সকলেই জ্ঞাত। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষার প্রধান বাহিনীটির এহেন অধঃপতন বিগত সরকারের আমলে চূড়ান্ত রূপ পাইয়াছিল, উহাও স্বীকার্য। উক্ত সময়ে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ শুধু নহে; সাধারণ নাগরিকদেরও নিছক ভিন্নমত পোষণের কারণে নানাবিধ পুলিশি নির্যাতনের শিকার হইতে হইয়াছিল। স্বাভাবিকভাবেই গত বৎসরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে পুলিশের বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হয়, যাহার পরিণামে তখন অনেক থানা, ফাঁড়ি আক্রান্ত হয়। প্রাণ যায় বহু পুলিশ সদস্যের। বস্তুত পুলিশি ব্যবস্থাটাই ভাঙিয়া পড়িয়াছিল। এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা, তৎসহিত সচেতন নাগরিকগণও সংশ্লিষ্ট আইনসহ সম্পূর্ণ বাহিনীর সংস্কারের দাবি উত্থাপন করেন। সাবেক ও বর্তমান অনেক পুলিশ সদস্যও উহাতে সম্মতি দেন। তখন এই কথা প্রায় সকলে সমস্বরে বলিয়াছিলেন, পুলিশের নিয়োগ-বদলি-পদোন্নতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলে একটা স্বাধীন কমিশনের হস্তে দিতে হইবে। দুর্ভাগ্যবশত সেই সকল আশাবাদে এক প্রকার জল ঢালিয়া নখদন্তহীন এক পুলিশ কমিশন উপহার দিবার আয়োজন চলিতেছে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী সমকালকে দুঃখের সহিত বলিয়াছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি ছিল। কিন্তু গত ১৬৪ বৎসর যাবৎ রাজনীতিক ও আমলাতন্ত্র পুলিশ নিয়ন্ত্রণ করিয়া আসিতেছে। পুলিশ অধ্যাদেশটি যেইভাবে রহিয়াছে সেইভাবেই চূড়ান্ত হইলে উক্ত দুই শক্তিই বাহিনীকে নিয়ন্ত্রণ করিবে। অর্থাৎ পুলিশ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হইয়াই থাকিবে।
ইতোপূর্বে আমলাতন্ত্রের চাপে প্রশাসনের সংস্কার প্রক্রিয়া কীরূপ স্থবির হইয়া পড়িয়াছে, উহা দেখিয়াছি। আমলাতন্ত্রের সহিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির কী ধরনের অশুভ আঁতাত রহিয়াছে, উহাও আমরা জ্ঞাত। প্রস্তাবিত পুলিশ সংস্কারও তাই একই পথে হাঁটিতেছে বলিয়া অনুমিত। তবে জনআকাঙ্ক্ষার বিপরীতে এহেন অবস্থান গ্রহণ করিতে পারে না অন্তর্বর্তী সরকার। তাই উক্ত বিষয়ে তাহাদের সম্বিৎ ফিরিয়া আসুক– এই প্রত্যাশা আমাদের। তবে সচেতন নাগরিকদের সোচ্চার ভূমিকা ব্যতিরেকে এই প্রত্যাশা পূরণ যে সম্ভব হইবে না, উহাও স্বীকার করিতে হইবে।
