সোমবার সাতক্ষীরার শ্যামনগরে সমকালের উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাব সভাপতি সামিউল মনিরের উপর যেই ন্যক্কারজনক হামলা হইয়াছে উহা যদ্রূপ উদ্বেগজনক, তদ্রূপ নিন্দনীয়। বস্তুত অঘটনটি এই বার্তা দেয়, জনগণকে সংবাদ জানাইবার কাজটি নির্বাচিত সরকারের আমলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রহিয়াছে। সমকালের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা সামিউল মনিরকে প্রেস ক্লাব চত্বরের বাহিরে লইয়া গিয়া ইট ও হাতুড়ি সহযোগে গুরুতররূপে আহত করিয়াছে। এইরূপ নির্যাতন প্রমাণ করে– উহারা নিছক ছিঁচকে দুর্বৃত্ত নহে; অপরাধী চক্রের সদস্য। হামলাকারীরা যদিও ‘ক্ষমতাসীন দলের সহিত সংশ্লিষ্ট’ বলিয়া অভিযোগ রহিয়াছে, তাহারা রাজনীতির ছত্রছায়ায় পালিত ঘৃণ্য অপরাধী। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর হইতেই সামিউল মনিরের বিরুদ্ধে হুমকি-ধমকি চলিতেছিল। এই ঘটনায় ইতোমধ্যে শ্যামনগর বাসস্ট্যান্ড হইতে যেই দুইজনকে আটক করিয়াছে পুলিশ, তাহাদের একজন শ্যামনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, অপরজন বিএনপির কর্মী আব্দুর রহিম। আমরা মনে করি, ব্যক্তি ও গোষ্ঠীবিশেষের অপরাধের দায় রাজনৈতিক দলগুলির লওয়া উচিত হইবে না। অপরাধী হিসাবে বিচার, তৎসহিত তাহাদের দল হইতেও বহিষ্কার আশু কর্তব্য।
পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিক নির্যাতনের এহেন ঘটনা অবশ্যই স্বাধীন সাংবাদিকতার জন্যও গুরুতর হুমকিস্বরূপ। অথচ সদ্য সমাপ্ত নির্বাচনের পূর্বে বিএনপির ইশতেহারে সুস্পষ্ট ভাষায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল।
আমরা জানি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অন্যান্য মানবাধিকারের সহিত মতপ্রকাশের স্বাধীনতাও ভীষণভাবে সংকুচিত হইয়াছিল। মূলত অন্য কিছু বিষয়ের সহিত এই কারণেও ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের বিদায়ঘণ্টা বাজিয়াছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, সেই সরকারের স্থলে যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করিয়াছিল, তাহারাও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করিতে ব্যর্থ হইয়াছিল। স্মরণ করা যাইতে পারে, গত বৎসরের আগস্টে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পেশাগত দায়িত্ব পালনকালে দেশীয় অস্ত্র দিয়া কোপাইয়া হত্যা করা হইয়াছিল। শুধু উহাই নহে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত বৎসরের ৫ আগস্ট জানাইয়াছে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হইয়াছেন। তন্মধ্যে ২৬৬ জনকে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হইয়াছে; তিনজন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হইয়াছেন। ঢালাওভাবে সম্পাদকসহ বহু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার ঘটনাও এই প্রসঙ্গে উত্থাপন করা যায়। উপরন্তু গত বৎসরের ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা ও অগ্নিসংযোগের ভয়ংকর ঘটনার কথাও বলা যায়। সংবাদকর্মী হয়রানি ও নির্যাতন এবং সংবাদমাধ্যম ধ্বংসের এতগুলি ঘটনার পর স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকারকে আর যাহাই হউক সংবাদমাধ্যমবান্ধব বলা যায় নাই। তাই তাহাদের বিদায় এবং একটা নির্বাচিত সরকারের আগমন অন্য সকল মহলের ন্যায় সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মধ্যেও স্বস্তি দিয়াছিল।
স্বীকার্য, বিগত ৫৪ বৎসরে এই দেশে কোনোদিনই সাংবাদিকতা ঝুঁকিহীন ছিল না। বিশেষত রাজনীতি যেইভাবে ক্রমবর্ধমান হারে দুর্বৃত্তায়নের শিকার হইয়াছে, তাহা হইতে মুক্তি যদ্রূপ তাৎক্ষণিক সম্ভব নহে, তদ্রূপ স্বাধীন সাংবাদিকতার পথে বিরাজমান এই সমস্যারও সহজ সমাধান নাই। কিন্তু বর্তমান সরকার যদি অন্তর্বর্তী সরকারের ন্যায় কথার ফুলঝুরি না ছিটাইয়া স্বাধীন সাংবাদিকতার শত্রুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে, তাহা হইলেই ইতিবাচক বার্তার সম্প্রসারণ ঘটিবে। আলোচ্য ঘটনাই হইতে পারে সেই দৃষ্টান্ত স্থাপনের সুযোগ।
