আজ বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ২৯৯ আসনে সকাল সাড়ে ৭টা হইতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলিবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে তথায় ভোট গ্রহণ স্থগিত করা হইয়াছে। সংসদ নির্বাচনের দিনে এই প্রথমবারের মতো গণভোটও হইতেছে। রাষ্ট্র সংস্কারের নানা ফর্দ-সংবলিত জুলাই সনদে জনসমর্থন আদায় মূলত এই গণভোটের লক্ষ্য। তবে জনপরিসরে আলোচনা ও আগ্রহ মূলত সংসদ নির্বাচন ঘিরিয়া। কারণ সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়া সর্বস্তরের
জনগণ ভোটাধিকার প্রয়োগ করিয়াছিল। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত তিনটি সংসদ নির্বাচন ছিল বিতর্কিত; স্বাভাবিকভাবেই ভোটার উপস্থিতি ছিল কম। উপরন্তু উক্ত সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের নির্বাচনগুলিতেও নানা অনিয়মের কারণে গত এক দশকের অধিক সাধারণ ভোটার ছিলেন কেন্দ্রবিমুখ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সহিত আজ ভোটের দিনও যথারীতি সমগ্র দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হইয়াছে; পূর্ববর্তী দিন বুধবারও সাধারণ ছুটি ছিল। ফলে বিপুলসংখ্যক মানুষ ইতোমধ্যে ঢাকা ও অন্যান্য বৃহৎ শহর ছাড়িয়া নিজ নিজ ঠিকানায় ভোটদানের উদ্দেশ্যে পৌঁছিয়া গিয়াছেন। ইহা সত্য– অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের নানা প্রতিশ্রুতি সরকার এবং ইসির পক্ষ হইতে দেওয়া হইলেও ইতোমধ্যে নির্বাচনী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটিয়াছে। তপশিল ঘোষণার পর হইতে বুধবার পর্যন্ত সরকারি হিসাবে পাঁচজন ও বেসরকারি হিসাবে ১৭ জন নিহত হইয়াছেন; বিশেষত ১৯৯১ সাল এবং তৎপরবর্তী গ্রহণযোগ্য নির্বাচনসমূহে প্রাণহানির এহেন চিত্র দেখা যায় নাই। নারী ও সংখ্যালঘু ভোটারের উপর নানামুখী চাপ প্রয়োগের অভিযোগও কম নহে। সমগ্র দেশের প্রায় ৪৩ সহস্র ভোটকেন্দ্রের মধ্যে ৪০ শতাংশের অধিক কেন্দ্রকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণরূপে চিহ্নিত করিয়াছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্মরণে রাখিতে হইবে, নিবন্ধিত ৬০ দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করিলেও এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত দীর্ঘ ২৫ বৎসরের রাজনৈতিক সঙ্গী। এতৎসত্ত্বেও এহেন সহিংসতা ইসি ও সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। আমাদের প্রত্যাশা, ইসি ও সরকার বিষয়টি সম্পর্কে সচেতন থাকিলে ভোট গ্রহণ ও ফল ঘোষণা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হইবে। এই ক্ষেত্রে ভোটার উপস্থিতি পূর্বের গ্রহণযোগ্য নির্বাচনগুলির ন্যায় না হইলেও যথেষ্ট হইবে।
এইবারের নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হইল দেশে-বিদেশে গ্রহণযোগ্য সংজ্ঞা অনুসারে নির্বাচনটি ‘অন্তর্ভুক্তিমূলক’ হইতেছে না। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ এবং পরে ইসির নিবন্ধন স্থগিত হওয়ায় এইবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করিতে পারিতেছে না। ফলে ভোটকেন্দ্রে দলটির সমর্থক বিপুলসংখ্যক ভোটারের কত শতাংশ উপস্থিত হইবে, এখনও স্পষ্ট নহে। তবে ভোটার উপস্থিতির ক্ষেত্রে সর্বশেষ ২০০৮ সালের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ৮৭ শতাংশের রেকর্ড স্পর্শ করিতে না পারিলেও নির্বাচনটি শান্তিপূর্ণ ও অনিয়মমুক্ত হইলেই জনগণের স্বস্তি মিলিবে বলিয়া আমাদের বিশ্বাস। স্বস্তিটা এই কারণে, নির্বাচনটির মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটিবে, যাহা ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি দেড় দশক যাবৎ দেশে যেই রাজনৈতিক সংকট চলিতেছে, তাহারও নিরসন ঘটিতে পারে।
এই প্রেক্ষাপটে প্রথমত নির্বাচনে বিজয়ী ও পরাজিত সকল দলকেই ফল মানিয়া লইতে হইবে। দ্বিতীয়ত, নির্বাচনের মধ্য দিয়া যেই সরকার গঠিত হইবে তাহাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিতে হইবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাহাদের প্রথম দিন হইতেই আন্তরিকতা প্রদর্শন করিতে হইবে, সন্দেহ নাই। তবে রাজনীতিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আগামী সরকারকে অধিকতর মনোযোগী হইতে হইবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে আমাদের বর্তমান প্রত্যাশা হইল, গণতান্ত্রিক উত্তরণ যাহাতে সহজ ও সফল হয়, তজ্জন্য সকল পক্ষ আন্তরিক থাকিবে।
