দীর্ঘদিন ধরেই সিটি কর্পোরেশনসহ দেশের স্থানীয় সরকার প্রশাসনে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকারের নির্বাচন না হওয়ায় সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দেয়ায় সেবার মান ও কাজের গতিশীলতা বাড়েনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হওয়ার কথা থাকলেও তার কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে ইতোমধ্যে দেশের ৬টি সিটি কর্পোরেশনে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এতদিন যে সব প্রশাসক সিটি কর্পোরেশনগুলোতে দায়িত্ব পালন করছিলেন তাদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা হিসেবে নিজেদের অন্য দায়িত্বের পাশাপাশি সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছিলেন। স্বাভাবিকভাবেই তারা সেবার মানোন্নয়নে পূর্ণ সময় ও মনোযোগ দিতে পারছিলেন না। এ কারণেই সেবার মান বাড়ানোর লক্ষ্যে সরকার রাজনৈতিক ব্যক্তিদের সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপন জারি করে ৬টি সিটি কর্পোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। আশা করা যাচ্ছিল, রাজনৈতিক বিবেচনায় সরকারি দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দেয়ার ফলে সিটি কর্পোরেশনের কাজে নতুন গতি আসবে এবং সেবার মান বাড়বে। বাস্তবে তার তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষত ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার মানুষ মশার যন্ত্রণা ও নাগরিক সেবার অপ্রতুলতার সংকট থেকে রেহাই পায়নি।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ১৪ মার্চ শনিবার থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন। সারাদেশের সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায়, নিজেদের বাড়িঘর ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আগামী গ্রীষ্মের আগেই সিটি কর্পোরেশন, পৌরসভা ও গ্রামাঞ্চলের বাড়িঘর ও প্রতিষ্ঠানের চারপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মরণব্যাধী উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। মশাবাহিত রোগের উপদ্রব কমিয়ে আনতে পরিবেশগত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিছু কার্যক্রম চোখে পড়লেও বাস্তবে এর ফলাফল দেখা যায়নি। দীর্ঘদিন পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তার সরকারের মন্ত্রী, এমপি, স্থানীয় সরকারের প্রশাসক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মশাবাহিত প্রাণঘাতী রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ডাক দিয়েছেন। আশা করা যায়, সরকারি ও বিরোধী দলের এমপি এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগ ও নির্দেশনা এবার বাস্তবে ফল বয়ে আনবে। দেশের সব কর্পোরেট প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং সাধারণ জনগণ এই মহতি উদ্যোগে সামিল হলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের প্রকোপ ও নাগরিক দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব হতে পারে। পরিচ্ছন্নতা ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির সাথে সাথে পানি দূষণ, বায়ু দূষণ ও শব্দ দূষণের কারণে সৃষ্ট জনস্বাস্থ্যের সংকট অনেকটা কমিয়ে আনা সম্ভব।

৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়ার পর প্রায় ৩ সপ্তাহ কেটে গেলেও নগর প্রশাসনে সেবার মান বৃদ্ধির দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশেষত ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় মশার প্রকোপ আগের চেয়ে বেড়ে যাওয়ার আলামত দেখা যাচ্ছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকার কথা শোনা যায়। বিশেষত মশক নিধনে পর্যাপ্ত জনবল, ফগার মেশিন ও ওষুধের অপ্রতুলতার কথা বলা হয়। আদতে বাজেট সংস্থানের চেয়ে বাজেট বরাদ্দের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিত্ব ও প্রয়োজনীয় জনবল কাঠামো নিশ্চিত করার দিকেও নজর দিতে হবে।

নির্বাচিত মেয়র বা পৌরসভা চেয়ারম্যানের বদলে প্রশাসক নিয়োগ দিয়ে জরুরি কাজ চালিয়ে নেয়া গেলেও ওয়ার্ড কাউন্সিলরদের অনুপস্থিতিতে স্থানীয় সমস্যার ত্বরিৎ সমাধানের বিকল্প কোনো ব্যবস্থা নেই। সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারের সেবার মান বাড়াতে প্রথমে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। সেই সাথে পরিবেশগত নিরাপত্তা, পানি, বায়ু ও শব্দ দূষণের মতো বিষয়গুলো নিয়ে পরিবেশ অধিদফতর ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বিত কর্ম-উদ্যোগ থাকতে হবে। রাস্তায় যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের কাজ সময়মত শেষ করা এবং নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আইনগত বাধ্যবাধকতাসমূহ সঠিক নজরদারি ও জবাবদিহির আওতায় আনতে হবে। রাস্তা, গলিপথ ও হাইওয়ের উপর ময়লার ডাম্পিং, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অচলাবস্থা দূর করতে ত্বরিৎ উদ্যোগ নিতে হবে। যানজট ও জনদুর্ভোগ লাঘব করতে বর্ষার আগেই রাস্তার জলাবদ্ধতা, মশক নিধন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করতে হবে। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে সঠিক নেতৃত্ব, উপযুক্ত জনবল কাঠামো পূরণ এবং সেবার মান নিশ্চিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।