বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার-প্রচারনা চলছে। ক্ষমতায় গেলে জনগণের জন্য কি কি উপকার করবে, সেই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। সভা-সমাবেশ থেকে পারস্পরিক দোষারোপের বক্তব্যও আসছে। পত্রপত্রিকাগুলোও তাদের প্রচার-প্রচারণা, জনসভা, জনসংযোগ থেকে শুরু করে প্রতিশ্রুতির খবর তুলে ধরছে। টেলিভিশন চ্যানেলগুলো লাইভ সম্প্রচার করছে। নির্বাচন সামনে রেখে এটা হওয়াই স্বাভাবিক। তবে এসব সংবাদের ভিড়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ গতকাল একটি ইংরেজি দৈনিক প্রকাশ করেছে। সংবাদের শিরোনাম হচ্ছে, ‘দেশে ধর্ষণের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে’। নারীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পুলিশ হেডকোর্য়াটারের পরিসংখ্যান তুলে ধরে পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে ৯ হাজার ১৪৩টি নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। বেসরকারি সংস্থাগুলো বলছে, এ হিসাবের বাইরে আরও অনেক ধর্ষণের ঘটনা রয়েছে, যা ভুক্তভোগীরা লজ্জা ও সামাজিক নিগ্রহের ভয়ে প্রকাশ করে না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ধর্ষণের বেশিরভাগ ঘটনা ঘটছে, বাস, ট্রেন ও অন্যান্য পাবলিক প্লেসে। চলতি জানুয়ারি মাসের ১২ তারিখ রাতে মানিকগঞ্জের এক হাসপাতালে দুই আনসার সদস্য এক কিশোরীকে ধর্ষণ করে। ১৫ জানুয়ারি রাতে ঢাকা থেকে বাসে আশুলিয়ায় যাওয়ার পথে এক তরুণীকে চালক ও কন্ডাক্টর ধর্ষণ করেছে। ধর্ষণের এমন ঘটনা দেশজুড়ে প্রায় প্রতিদিনই ঘটছে। সামাজবিজ্ঞানীদের মতে, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা এবং মূল্যবোধের অবক্ষয়। নারীর নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের অভাবের কথাও তারা বলেছেন।
নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে এখন অনেক ইসলামী দল ব্যস্ত সময় পার করছে। নির্বাচনী মাঠে তারা বেশ দাপট দেখাচ্ছে। অথচ দেশে যে এত ধর্ষণের ঘটনা ঘটছে, এ ব্যাপারে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। নারী ও শিশুদের নিরাপদে ও নির্ভয়ে চলাফেরার পরিবেশ নিশ্চিত করা যে দরকার, এ নিয়ে তাদের কাছ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। মোট ভোটারের অর্ধেক যে নারী, তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তাদের বক্তব্যে এ পরিকল্পনা উঠে আসছে না। দেশের বৃহৎ বিরোধীদল বিএনপির চেয়ারম্যান প্রত্যেক জনসভায় তার বক্তব্যে নারীদের জন্য ফ্যমিল কার্ড দেয়ার পরিকল্পনার কথা বলছেন। এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে নারীরা সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করে নিজে কিছু করার সুযোগ রয়েছে। এতে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
তখন ঘরে-বাইরে নারীদের কর্মচাঞ্চল্য বাড়বে। অনেক গৃহিনী সন্তানদের স্কুলে নিয়ে প্রায় পাঁচ-ছয় ঘন্টা সেখানে অবস্থান করেন। তারা কর্মে যুক্ত হলে অনেকের পক্ষে মেয়ে সন্তানকে স্কুলে আনানেয়া সম্ভব হবে না। তখন সন্তানদের একা স্কুলে যেতে আসতে হবে। বর্তমানে যে হারে নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, পরিবেশের উন্নতি না হলে তা বাড়বে বৈ কমবে না। অর্থনৈতিক কর্মকা-ের মাধ্যমে দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণের যে অপরিহার্যতা এবং প্রোডাক্টিভিটি, তা কমে যাবে। বর্তমান বিশ্বে নারীদের পিছিয়ে থাকার মতো মানসিকতা গ্রহণীয় নয়। নবী করিম (স.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) মক্কার একজন ধনী ও সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। এ প্রেক্ষিতে, ইসলামে নারীদের স্বাবলম্বী হওয়া এবং কর্মে অংশগ্রহণের বৈধতা রয়েছে।
আমাদের ধর্মপ্রাণ নারীদেরও পিছিয়ে থাকার কারণ নেই। তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তোলার নিরাপদ পরিবেশ ও নিরাপত্তা দেয়া সরকারসহ সকলের দায়িত্ব। আমাদের মতো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে ধর্ষণের ঘটনা ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ার মূল কারণ যে, ধর্মীয় নীতি-নৈতিকতা থেকে দূরে সরে যাওয়া এবং পারিবারিক ও সমাজিক মূল্যবোধের অবক্ষয়, তা সমাজবিদরা বারবার বলছেন। এই মূল্যবোধের অবক্ষয় শিক্ষিত সমাজের মধ্যেও চরমভাবে ঘটছে। আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, শিক্ষিত সমাজ থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের একশ্রেণীর মধ্যে মাদকাসক্তি রয়েছে। এ সংক্রান্ত অনেক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বলার অপেক্ষা রাখে না, অপরাধের সকল উৎস যে মাদক, সেই মাদকই তাদের গ্রাস করছে। যাদের মাদক নিয়ন্ত্রণ করার কথা, তারাই মাদকাসক্ত হচ্ছেন। এ যেন সরিষার মধ্যে ভূতের বসবাস। দেশের সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক চোরাচলানের ঘটনা নতুন নয়। একেক সময় একেক ধরনের মাদকের বিভিন্ন ভার্সন দেশে আসছে। এসব মাদক তরুণ ও যুবসমাজকে শারিরীক, মানসিক ও নৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে যাচ্ছে। অথচ রাজনৈতিক দলগুলো এখন যে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণা এবং তাদের নেতৃবৃন্দের বক্তব্যে মাদক নির্মূল করার কোনো কথা নেই। ইসলামী দলগুলো এ নিয়ে কোনো কথা বলছে না। নারীদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি নেই। হুংকার দিয়ে বলছে না, আমাদের মা-বোনদের কর্মপরিবেশ, চলাফেরা থেকে শুরু কর্মসংস্থানের ব্যবস্থা করব। বরং আমরা দেখছি, রাজনৈতিক দলগুলো একে অপরকে গালাগালি করছে। কুৎসা রটানো থেকে শুরু করে দোষারোপের রাজনীতি করছে, যা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।
আমাদের দেশে প্রায় সারাবছরই ওয়াজ-মাহফিল হয়। প্রতি জুম্মার নামাজে ব্যাপক সংখ্যক তরুণ ও মুসল্লির আগমণ ঘটে। ওয়াজ-মাহফিলে প্রখ্যাত আলেম-ওলামারা ধর্মীয় নীতি-নৈতিকতার কথা বলে মানুষকে সচেতন করার বয়ান দেন। জুম্মার খুতবায় ইমামরা পরিবার ও সমাজ গঠনের দিক নির্দেশনা দেন। তবে তাদের এই বয়ান তরুণ সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে থাকার জন্য যথেষ্ট হচ্ছে না। এক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দলগুলোর সচেতনতামূলক বক্তব্য, উদ্যোগ ও পদক্ষেপ দরকার। দেশে যেভাবে পৌনঃপুনিক হারে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তা উদ্বেগের বিষয়। ধর্ষণ প্রতিরোধে সকল রাজনৈতিক দলগুলোর এক অবস্থান ও রাজনৈতিক সিদ্ধান্ত থাকা জরুরি। যারাই এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নারীদেরও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। কখন, কোথায় যেতে হবে, কোন কোন স্থান ও সময় নারীদের জন্য নিরাপদ নয়, তা বুঝে চলতে হবে। পশ্চিমা দেশগুলোতেও এমন অনেক জায়গা রয়েছে, যেখানে নিরাপত্তাজনিত কারণে নারীরা সময় বুঝে যাতায়াত করে। তবে নারী-পুরুষসহ সকল নাগরিকের চলাফেরার নিরাপদ পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর অধিক সক্রিয়তা এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার ক্ষেত্রে তৎপরতা থাকতে হবে। সরকারের একার পক্ষে এই নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব নয়। এজন্য, জনগণের সচেতনতা ও নৈতিক সুরক্ষা বলয় তৈরি করা অপরিহার্য। রাজনৈতিক দল, পরিবার ও সমাজের অভিভাবকদের শাসন-বারণ, নীতি-নৈতিকতা ও মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজকে সচেতন করতে আলেম-ওলামা ও ইমামদের বয়ান জারি রাখতে হবে।
