দেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক সিদ্ধান্ত নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ঘোষণা করার পর তা থেকে পিছিয়ে এসেছে ইসি। এর ফলে নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যখন কোনো নির্বাচনের সময়সূচি ঘোষণা করে এবং পরে সিদ্ধান্ত থেকে সরে আসে, তখন স্বাভাবিকভাবেই জানতে হয়— কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়, ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান, দেশের মোট ইউনিয়ন ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য তারিখগুলো হলো- প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে। কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ ব্যাপারে আপত্তি জানালে ইসি থেকে বলা হয়, এটি ছিল প্রাথমিক রূপরেখা। আর এ কারণে বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে। বলা হচ্ছে, এমনটা হয়ে থাকলে ইসির সাংবিধানিক স্বাধীনতা কোথায়?

নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব হলো সংবিধান ও আইনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের সংবিধান নির্বাচন কমিশনকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনকে প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যও পরিষ্কার— কোনো সরকার, রাজনৈতিক দল বা প্রশাসনিক শক্তির প্রভাবমুক্ত থেকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এ স্বাধীনতা শুধু কাগজে-কলমে থাকলেই হবে না; কমিশনের সিদ্ধান্ত ও কার্যক্রমেও তার বাস্তব প্রতিফলন থাকা প্রয়োজন।

এ কারণেই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে পরে তা থেকে সরে আসার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল সাধারণ কোনো প্রশাসনিক ঘোষণা নয়। এর সঙ্গে রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর প্রস্তুতি জড়িত থাকে। তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট সবাই নির্বাচনী প্রস্তুতি শুরু করেন।

এখানে আরও একটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের তুলনায় কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গ্রাম পর্যায়ে নাগরিক সেবা, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্থানীয় অবকাঠামোসহ নানা বিষয়ে ইউপি জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। তাই এসব প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি নির্বাচন দীর্ঘদিন ঝুলে থাকা কিংবা বারবার নির্বাচনের সময়সূচি পরিবর্তিত হওয়া কোনোভাবেই কাম্য নয়।

বাংলাদেশে নির্বাচন নিয়ে জনগণের আস্থার সংকট নতুন নয়। জাতীয় ও স্থানীয়— উভয় পর্যায়ের নির্বাচন নিয়েই বিভিন্ন সময়ে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের মধ্যে নানা অভিযোগ ও সংশয় তৈরি হয়েছে। এমন বাস্তবতায় নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। ইসির সাংবিধানিক স্বাধীনতার অর্থ এ নয় যে কমিশন সরকারের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করবে না। নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা প্রয়োজন। কিন্তু সমন্বয় আর নির্ভরশীলতা এক বিষয় নয়।

আমরা মনে করি, নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষা করা শুধু কমিশনের নিজের দায়িত্ব নয়; সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, গণমাধ্যম এবং নাগরিক সমাজ—সবার। একটি স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া অর্থবহ গণতন্ত্র কল্পনা করা কঠিন। তাই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার পর তা থেকে পিছিয়ে আসা সঙ্গত নয়।