প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। কিন্তু এই ভাষণের দুই দিনের মধ্যেই সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে চাঁদা তোলা নিয়ে বলেছেন, ‘সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তুললে সেটি চাঁদাবাজি নয়, বরং বাধ্য করলে সেটি চাঁদা’। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সেতুমন্ত্রীর এই বক্তব্য ইতোমধ্যে জনপরিসরে সমালোচনার ঝড় তুলেছে। তিনি এমন সময়ে এ মন্তব্য করলেন যখন বিবিসি নিউজ বাংলা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় পরিচালিত একটি সরকারি তদন্ত অনুযায়ী কেবল ঢাকা শহরেই ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন ২ কোটি টাকার অধিক চাঁদাবাজি হয়, যা প্রতি মাসে প্রায় ৬৭ কোটি টাকা এবং কখনও কখনও ৮০ কোটি টাকা পর্যন্ত পৌঁছায়।

সড়কে কিন্তু কয়েক ধরনের চাঁদা তোলা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কোনটার কথা বলেছেন? ১৯ ফেব্রুয়ারি সমকালের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, ‘মালিক সমিতি ও শ্রমিক সমিতি নিজেদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত নিয়মের মতো।’ কিন্তু একই প্রতিবেদন অনুসারে মন্ত্রী আরও বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এভাবে অর্থ তোলে। ক্ষমতায় যে দল থাকে, তাদের সমর্থিত শ্রমিক সংগঠনের প্রভাব সাধারণত বেশি থাকে। এ চাঁদাও সমঝোতার ভিত্তিতে সংগ্রহ করা হয় বলে তিনি জানিয়েছেন। কিন্তু বাস্তবতা কি তা বলে?

পরিবহন খাতে মালিক ও শ্রমিকরা নিজ নিজ সংগঠন পরিচালনার জন্য তথা সামষ্টিক স্বার্থে নিয়মিত একটা সুনির্দিষ্ট হারে চাঁদা তুলতেই পারে। সরকারি সংস্থায় নিবন্ধিত সংগঠন হিসেবে তা তাদের অধিকারও বটে। তবে সে টাকা কোথায় কখন কীভাবে খরচ হয় তার স্বচ্ছতা ও জবাবদিহিও গুরুত্বপূর্ণ, যদিও তা কস্মিনকালে দেখা যায় না। মূলত সরকারই তা করে না। কিন্তু মন্ত্রী যে তাঁর বক্তব্যে এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনকে টানলেন, তার বৈধতার উৎস কী? বস্তুত এখানেই মূল সমস্যা। ক্ষমতাসীন দলের শ্রমিক নেতাদের এ খাতে ক্ষমতা দেখিয়ে নানা সুবিধা নেওয়ার চল বাংলাদেশে অনেক দিন থেকেই আছে। এর বিনিময়ে পরিবহন খাতে নানা অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যায়। অত্যন্ত সংগঠিত বলে এবং নিজেদের লোকদের কিছু করে খাওয়ার সুবিধা দিতে অতীতে কোনো সরকারই বিষয়টা নিয়ে ‘ঘাঁটতে’ বা ঘাঁটাতে’ চায়নি। বর্তমান সরকারও সম্ভবত ওই ‘স্থিতাবস্থা’ বজায় রাখতে চায়।

তবে আগে সরকার এ চাঁদাবাজির বিষয়টা হয় সরাসরি অস্বীকার করত, নয় ইনিয়েবিনিয়ে নানা কথা বলে এড়িয়ে যেত। এবার এই চাঁদাবাজিকে ‘সমঝোতা’ হিসেবে হাজির করে বৈধতা দিয়ে দেওয়া হলো। অবশ্য এই চাঁদাকে অন্তর্বর্তী সরকারের সময় আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করে বৈধ করতে দেখেছি। যেমন কারও কাছে চাঁদা হয়ে গেছে ডোনেশন, গিফট; আবার কেউ কেউ এটিকে উপস্থাপন করেছেন ‘হাদিয়া’ হিসেবে। বিশেষত এবারের নির্বাচনে ‘ক্রাউডফান্ডিং’ শব্দবন্ধও বেশ শোনা গেছে, যেটি অনেকের মতে চাঁদারই ‘অভিজাত’ রূপ। এখন নতুন করে চাঁদার প্রতিশব্দ হিসেবে জায়গা করে নিয়েছে ‘সমঝোতা’।

কেন সেতুমন্ত্রীকে এই খাতে চাঁদাকে বৈধতা দিয়েই তাঁর মন্ত্রিত্ব শুরু করতে হবে? কারণ সাধারণ শ্রমিক নয় বরং দলীয় শ্রমিক নেতারাই এই খাতে তাঁর মন্ত্রিত্ব চালানোর শক্তি বলেই পূর্বসূরিদের মতো তিনিও সম্ভবত ধরে নিয়েছেন। এটি সেতুমন্ত্রীর অজানা নয় যে, জনগণ ট্যাক্স বা ভ্যাটের বাইরে যা দেবে এবং পরিবহন মালিকরা নির্ধারিত টোলের বাইরে যা দেবে সবই আসলে অবৈধ। কেন তাদের সেটি দেওয়ার ক্ষেত্রে সমঝোতার নামে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করছেন? মন্ত্রীর এ কথার মানে কি এই, ‘নিয়মিত চাঁদা দিন, আর এটি অলিখিত বিধি?’

মানুষ তার কষ্টার্জিত টাকার ভাগ দিতে কখন রাজি হয়? যখন কেউ বুঝে যায়– তা না দিলে সমস্যা হবে। এটাকেই বলা হচ্ছে দুপক্ষের মধ্যে আপস বা সমঝোতা। একজন পেশাদার পরিবহন মালিককে এ দেশে সড়কে গণপরিবহন নামাতে কত ঝক্কিঝামেলা পোহাতে হয়, তা কারও অজানা নয়। তাঁর প্রতিনিধি হিসেবে যা সামলাতে হয় সংশ্লিষ্ট চালককে। আর এ ঝক্কি যে শুধু ক্ষমতাসীনদের আশ্রয়পুষ্ট চাঁদাবাজরা করে, তা নয়; পুলিশ ও অন্যান্য প্রতিষ্ঠানের লোকেরাও করে। তাই বাড়তি ঝামেলা এড়াতে মালিক ও চালক আপস করে। আর তাদের এই অসহায় অবস্থাকেই মন্ত্রী বলছেন ‘সমঝোতা’।

অস্বীকার করা যাবে না, এই চাঁদার সরাসরি ভুক্তভোগী সাধারণ মালিক বা শ্রমিক হলেও তার প্রায় পুরো দায় শোধ করতে হয় যাত্রীদের এবং পণ্যের ভোক্তাদের। উপরন্তু এই বৈধকরণ শুধু পরিবহন খাতের চাঁদাকেই বৈধতা দিচ্ছে না, একদিন তা পুরো চাঁদার জগৎ বা দুর্নীতিকে সমঝোতার সংস্কৃতি হিসেবে পাঠ করতে সহায়তা করবে।

আরও একটু এগিয়ে গেলে ‘ঘুষ’ও এই সমঝোতার মধ্যে পড়ে যাবে। আপসের ‘লেনদেন’ আর কি! চাইতে হবে না। সবাই জেনে যাবে– এটি না দিলে কাজ হবে না। এটাও হয়ে যাবে ‘অলিখিত নিয়ম’। যদিও এখন অনেক ক্ষেত্রে সেটি খুব দাপুটে অবস্থান নিয়েই আছে। বিশেষ করে সরকারি বিভিন্ন পরিষেবার গ্রাহকরা প্রতিদিন এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন।

আওয়ামী সরকারের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একবার ঘুষকে ‘স্পিড মানি’ বলে অনেকটাই বৈধ করার চেষ্টা করেছিলেন। সেটি নিয়েও সে সময় ব্যাপক সমালোচনা হয়েছিল। কিন্তু রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকেই যদি এভাবে অবৈধ উপার্জনকে বৈধতা দেওয়া হয়, তাহলে জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ে অনেকটা শ্বেতহস্তীর ন্যায় দুদক বা অন্যান্য কয়েক ডজন দুর্নীতিবিরোধী বা নিয়ন্ত্রক সংস্থা পালনের অর্থ কী?

জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

zobaidanasreen@gmail.com