উৎপাদন খরচ অপেক্ষা কৃষকের ধানের মূল্য হ্রাস পাইবার যে বিষয়টি সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, উহা বহুমাত্রিক সংকটের জন্ম দিতে পারে বলিয়া আমরা মনে করি। ইহার আঘাত প্রত্যক্ষরূপে কৃষকের উপর পড়িলেও উহার প্রভাব আমাদের খাদ্য নিরাপত্তাকেও ব্যাহত করিতে পারে। যাহার আঘাতে দারিদ্র্য বৃদ্ধি এবং পুষ্টি সংকটও বৃদ্ধি পাইতে পারে। আমরা জানি, এই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হইয়াছে। কিন্তু কৃষকের গোলায় ধান উঠার চিরাচরিত উৎসব দৃশ্যমান নহে। কারণ ধান উৎপাদনে তাহাদের যেই অর্থ ব্যয় হইয়াছে, বাজারে উহা অপেক্ষা অনেক কম মূল্যে বিক্রয় করিতে হইতেছে। এমনকি সরকার নির্ধারিত মূল্যও কৃষক পাইতেছে না, যদিও সরকার নির্ধারিত দর লইয়া কৃষকের মধ্যে ক্ষোভ বিরাজমান।

বৈশ্বিক সংকটের কারণে বেশি দরে সার ক্রয়, অতিরিক্ত অর্থে সেচ দিয়া কৃষক ফসল ফলাইয়াছিলেন। ধান কাটার পর সংগত কারণেই যথাযথ মূল্য না পাইয়া তাহারা হতাশ। প্রতিবেদন অনুযায়ী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ হাওরাঞ্চলে ইতোমধ্যে ১৫ হইতে ২৫ শতাংশ ধান কাটা শেষ হইয়াছে। কৃষকগণ ক্ষেত হইতে সরাসরি ধান বিক্রয় করিয়া মণপ্রতি ৭০০ হইতে ৮৫০ টাকা পাইতেছেন। কিছুটা শুষ্ক ধান বিক্রয় করিলে ৮৫০ হইতে ৯৫০ টাকা পাওয়া যায়। অথচ কৃষি মন্ত্রণালয়ের হিসাবে ধানের উৎপাদন মণপ্রতি প্রায় ১৩০০ টাকা। সেই হিসাবে কেজিপ্রতি ধানের উৎপাদন খরচ প্রায় ৩৩ টাকা ধার্য করিয়া সম্প্রতি সরকার ধানের ক্রয়মূল্য নির্ধারণ করিয়াছে ৩৬ টাকা।

মৌসুমের শুরুতেই কৃষকের এই বৃহৎ অঙ্কের লোকসান নিঃসন্দেহে উদ্বেগজনক। হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় কৃষকের বৃহৎ একটি অংশ ঋণনির্ভর। মৌসুমের শুরুতে তাহারা ঋণ করিয়া বীজ, সার, কীটনাশক, সেচ বাদ ব্যয় করিয়া থাকেন। সংগত কারণেই ধান কাটিবার পরই সেই ঋণ পরিশোধের সময় শুরু হয়। এই সময় বাজারদর কম হইলেও অনেক কৃষকের পক্ষে অপেক্ষা করিবার অবকাশ থাকে না। ধান কাটার পরপরই অনেক কৃষককে তাহা বিক্রয় করিতে হয়। সমকালের প্রতিবেদনে তাহিরপুর, দিরাই, অষ্টগ্রাম, খালিয়াজুরীসহ অনেক অঞ্চলের কৃষকের দুর্দশার চিত্র তুলিয়া ধরা হইয়াছে। বস্তুত নেত্রকোণা, কিশোরগঞ্জসহ সমগ্র হাওরাঞ্চলে একই চিত্র বিরাজমান। হাওরাঞ্চলের ধান বাণিজ্যের অন্যতম বৃহৎ কেন্দ্র ভৈরব। তথায় নূতন ধান আসিবার পরই বৃহৎ দর পতন হইয়াছে, যেইখানে প্রতি মণ নূতন ধান বিক্রয় হইতেছে ৬৮০ থেকে ৭০০ টাকায়। অথচ এক মাস পূর্বেও পুরাতন ধান বিক্রয় হইয়াছে ১৩-১৪শ টাকায়।

আমরা জানি, সরকার প্রয়োজনীয় মজুতকরণ ও কৃষকের ন্যায়সংগত মূল্য নিশ্চিতে ধান-চাউলের দর নির্ধারণ করিয়া দেয়। কিন্তু এই ক্রয়কার্যের সময় নির্ধারণের পদ্ধতিগত ত্রুটির কারণে প্রতি বৎসর কৃষক ঠকিতেছে। উহাতে সরকারের দ্বিতীয় উদ্দেশ্য অধিক সময়ই সফল হয় না। পরের দিকে দর বৃদ্ধি পাইলেও অধিকাংশ ক্ষুদ্র কৃষকের হাতে আর বিক্রয় উপযোগী ধান থাকে না। বরং তখন তাহাদেরও ধান ক্রয় করিতে হয় আপন খাদ্য চাহিদা মিটাইতে। দুঃখজনক হইলেও সত্য, এই পরিস্থিতি বৎসরের পর বৎসর চলিলেও সরকারের পক্ষ হইতে কার্যকর উদ্যোগ অনুপস্থিত। এই কারণে কৃষক ধান চাষ হইতে মুখ ফিরাইয়া লইতে পারে– এমন আশঙ্কা সত্ত্বেও সমস্যা সমাধানে সরকার কাঙ্ক্ষিত উদ্যোগ লইতেছে না। অথচ এই কৃষকগণই ভালো উৎপাদন করিয়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখিতেছেন। আমরা প্রত্যাশা করি, সরকার শুধু ধানের দর নির্ধারণ করিয়াই দায়িত্ব শেষ করিবে না; পুরাদমে ধান কাটা শুরু হইবার পূর্বেই বিশেষত ক্ষুদ্র ও মধ্যম মানের কৃষকদের বাঁচাইতে কার্যকর পদক্ষেপ লইবে। যত দ্রুত সম্ভব সরকারের ধান ক্রয় অভিযান শুরু হউক, ইহাও আমাদের প্রত্যাশা।