দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ও বিদেশি নাগরিক এ বিমানবন্দরে আসেন। বাংলাদেশের সঙ্গে তাদের প্রথম ও শেষ প্রত্যক্ষ যোগাযোগের অন্যতম স্থান এটি। ফলে বিমানবন্দরের সেবা ও ব্যবস্থাপনা শুধু যাত্রীসেবার বিষয় নয়; এর সঙ্গে বাংলাদেশের ভাবমর্যাদা জড়িত। অথচ দীর্ঘদিন ধরে এই বিমানবন্দর নিয়ে যেসব অভিযোগ শোনা যাচ্ছে, তার মধ্যে লাগেজ কাটা, মালামাল চুরি, লাগেজ হারানো এবং যাত্রী হয়রানির অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক।
পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ সময় বিদেশে কঠোর পরিশ্রম করে তারা দেশে ফেরেন স্বজনদের জন্য উপহার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। অনেকের লাগেজে থাকে কষ্টার্জিত অর্থে কেনা মূল্যবান জিনিস। বিমানবন্দরে এসে সেই লাগেজ কাটা বা ভেতরের মালামাল খোয়া যাওয়ার ঘটনা তাদের জন্য নিছক আর্থিক ক্ষতি নয়; এটি তাদের মনে দেশের প্রতিষ্ঠান সম্পর্কে গভীর হতাশা তৈরি করে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে বিমান বন্দরের এই অব্যবস্থাপনা ভোগান্তি নিরসনের দাবি জানানো হয়েছে। দুঃখজনক হলো, ভুক্তভোগী যাত্রীর জন্য অভিযোগ জানানোর প্রক্রিয়াও অনেক সময় সহজ নয়। প্রতিবাদ জানাতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটছে ।
লাগেজ নিরাপত্তার ক্ষেত্রে প্রথম প্রয়োজন প্রযুক্তিনির্ভর নজরদারি। একটি লাগেজ বিমানবন্দরে প্রবেশের পর থেকে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত তার গতিপথ ডিজিটালভাবে শনাক্তযোগ্য থাকতে হবে। কোথায়, কখন এবং কার দায়িত্বে লাগেজটি ছিল—প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই যেন তা জানা যায়। এর সঙ্গে সিসিটিভি নজরদারি আরও কার্যকর করতে হবে। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যাত্রীসেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দুর্নীতির সুযোগ থাকা উচিত নয়। কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, প্রবেশাধিকার, শিফট এবং দায়িত্বের রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ করা যেতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত হলে সংশ্লিষ্ট সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দ্রুত শনাক্ত করার ব্যবস্থা থাকতে হবে।
আমরা মনে করি একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ‘এক দরজা’ নীতি চালু করা জরুরি। একজন যাত্রী লাগেজ কাটা বা মালামাল হারানোর অভিযোগ করলে তাকে যেন একাধিক দপ্তরে ছুটতে না হয়। বিমানবন্দরেই একটি কেন্দ্রীয় লাগেজ অভিযোগকেন্দ্র থাকতে পারে। অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গে একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানানো হবে। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাত্রী অনলাইনে বা মোবাইল ফোনে তার অবস্থা জানতে পারবেন—এমন ব্যবস্থা করা এখন প্রযুক্তিগতভাবে কঠিন নয়।
প্রবাসীদের প্রতি আচরণের ক্ষেত্রেও পরিবর্তন জরুরি। যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, বিমানবন্দরে তাদের সম্মানজনক সেবা পাওয়া অধিকার। নিরাপত্তা ও আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন নেই; কিন্তু সেটি হতে হবে পেশাদার, স্বচ্ছ ও মানবিক। প্রবাসীকে হয়রানি করা বা তাকে এমনভাবে আচরণ করা যেন তিনি অপরাধী—এমন সংস্কৃতি কোনোভাবেই চলতে পারে না।
খবরে জানা গেছে, বিমান ১০ টি এয়ারবাস কেনার চুক্তি করেছে। আমরা মনে করি নতুন নতুন বিমান ও এয়ারবাস ক্রয় করলেই হবে না। বিমানবন্দরের যাত্রী সেবার মানও বাড়াতে হবে। উন্নয়ন বলতে শুধু ভবন, রানওয়ে বা নতুন টার্মিনাল নির্মাণ বোঝালে চলবে না। আন্তর্জাতিক মানের বিমানবন্দর মানে দ্রুত সেবা, নিরাপদ লাগেজ, দক্ষ জনবল, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং জবাবদিহি। অতএব, লাগেজ কাটা ও চুরির অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সময় শেষ হয়েছে। বিমানবন্দরের সামগ্রিক লাগেজ ব্যবস্থাপনা নিয়ে স্বাধীন ও পূর্ণাঙ্গ নিরীক্ষা করা প্রয়োজন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারে এসে যদি একজন প্রবাসী তার লাগেজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকেন, তাহলে আমাদের উন্নয়নের দাবি প্রশ্নবিদ্ধ হয়। দেশের প্রধান বিমানবন্দরকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে নতুন নতুন বিমান ও চকচকে অবকাঠামোর পাশাপাশি নিশ্চিত করতে হবে মানুষের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ সেবা। লাগেজ কাটা ও প্রবাসী হয়রানি বন্ধে এখন আর আশ্বাস নয়—দৃশ্যমান, পরিমাপযোগ্য ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রয়োজন।
