দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরেছেন। এক-এগারোর সরকার থেকে শুরু করে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশক ধরে তার দেশে ফেরার অপেক্ষায় ছিল মানুষ। অবশেষে বহু দেশি-বিদেশি নিরন্তর ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশের মাটিতে পা রেখেছেন। গত বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে তাঁকে ও তাঁর পরিবারকে বহন করা বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির নেতাকর্মী তো বটেই, দেশের ১৮ কোটি মানুষও তার এই স্বদেশ প্রত্যাবর্তন কীভাবে হয়, সেদিকে গভীর মনোযোগ ও দৃষ্টি রাখে। শুধু দেশের মানুষই নয়, এদিন পুরো বিশ্বেরই দৃষ্টি ছিল, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিকে।
কিছুদিন আগে যখন বিএনপি থেকে নিশ্চিত করে বলা হয়, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন, তখন থেকেই দেশের মানুষ তাঁকে বরণ করে নিতে বিপুল উৎসাহ-উদ্দীপণা এবং আনন্দ-উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করতে থাকে। বিএনপি তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি শুরু করে। দেশের বিভিন্ন স্থান থেকে দলটির লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে স্বচক্ষে দেখা ও বরণ করে নেয়ার জন্য ঢাকামুখী হয়। অন্তর্বর্তী সরকারও দেশের অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা তারেক রহামানের নিরাপত্তা দেয়ার সব ধরনের ব্যবস্থা করে। বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সরকার, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুরো রাজধানীকে নিরাপত্তার বলয়ে নিয়ে আসে। বিএনপির নেতা হিসেবে নয়, দেশের প্রয়োজনে সরকার ও রাষ্ট্রের বিভিন্ন বাহিনী তারেক রহমানের দেশে ফেরাকে মসৃণ করার জন্য নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা করে। তারেক রহমানও বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে তাঁর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য আপনার নেয়া সব আয়োজনের জন্য। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সারাদেশ থেকে লাখ লাখ মানুষ তারেক রহমানকে বরণ করতে রাজধানীতে এলেও কোথাও কোনো বিশৃঙ্খলা বা আইণশৃঙ্খলাজনিত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর পুরো কৃতিত্ব দেশের মানুষ, সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর।
তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়েই খালি পায়ে শিশিরভেজা ঘাসে দাঁড়িয়ে ১৭ বছর পর দেশের মাটির ¯পর্শ নেন। দেশের মাটি হাতে তুলে নেন। যে জিয়াপরিবার দেশের মাটি ও মানুষের জন্য উৎসর্গকৃত, সেই পরিবারের সন্তানের কাছে ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করা কতটা আবেগ ও হৃদয়স্পর্শী, তা বুঝতে অসুবিধা হয় না। কোনো বক্তব্য নয়, কোনো ঘোষণা নয়, নীরব একটি মুহূর্তে ধরা পড়ে, দীর্ঘ সময় জন্মভূমির মাটির ¯পর্শ না পাওয়ার বেদনা অথবা স্বদেশের মাটির পরশ পাওয়ার আনন্দ। অথচ ১৭ বছর আগে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর এই বিমানবন্দর দিয়েই যখন এক-এগারোর সরকার তাঁকে নির্যাতন করে নিঃস্ব, রিক্ত করে বিমানে উঠিয়ে দিয়েছিল, সেই বিমানবন্দরেই তিনি নেমেছেন ১৮ কোটি মানুষের ভালবাসা নিয়ে।
সেদিন কড়া পাহারায় তাঁকে যখন বিমানে তুলে দেওয়া হয়েছিল, সেদিন তাঁর আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন ছাড়া আর কেউ ছিল না। দল থেকে, মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল। ১৭ বছর পর সেই তারেক রহমানকে দেশের মানুষ পরম মমতায় বরণ করে নিয়েছে। দেশের অবিসংবাদিত আপোসহীন নেত্রী তাঁর মা অনেকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সঙ্গতকারণেই সবার আগে তাঁর মায়ের কাছে ছুটে যাওয়ার কথা। কিন্তু তিনি তা করেননি। যে মা, দেশ ও দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই মায়ের পথ ধরেই তিনি সবার আগে দেশের মানুষের কাছে ছুটে গেছেন। তিনি স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনা সভায় হাজির হয়ে বলেছেন, এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব।
সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাঁদের জন্য জীবন উৎসর্গ করেছেন, আপনারা, এই মানুষ, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সে জন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি, টেলিভিশনগুলোর মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যাঁরা আমাকে দেখছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। ঐতিহাসিক জনসভায় দাঁড়িয়ে তারেক রহমান প্রায় ১৬ মিনিটের যে ভাষণ দেন, তাতেই আগামী বাংলাদেশের ভবিষ্যতের কথা ফুটে উঠেছে। তিনি বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। ছোট্ট এই বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে, দেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশের ভবিষ্যত রচনায় তিনি কী করবেন।
সবার আগে তিনি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করেছেন, হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ার দিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী; আজ আপনি যদি আমাদের রহমত দেন, আমরা এই মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া যদি এই দেশের মানুষের ওপরে এই দেশের উপর থাকে. আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে, ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সবাই মিলে নবী করিমের (সা.) যে ন্যায়পরায়ণতা, সে ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার চেষ্টা করবো।
মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আপনরা যদি পাশে থাকেন, আমার পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো। দেশের প্রতি নিবেদিত একজন সত্যিকারের দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের যে বক্তব্য দেয়া দরকার, তারেক রহমান জনসভায় সেই বক্তব্যই দিয়েছেন। তাঁর ১৬ মিনিটের বক্তব্যে অল্প কথায় অনেক কথা বলে দিয়েছেন। এই মুহূর্ত তো বটেই, দেশের সবসময়ের জন্য যে শান্তি প্রয়োজন, জনঐক্য প্রয়োজন, সেই শান্তি ও ঐক্যের ওপর তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। জনগণের উদ্দেশ্যে বলেছেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। জাতি-ধর্ম নির্বিশেষে এই দেশ সবার উল্লেখ করে বলেছেন, মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানের মর্যাদা এবং আধিপত্যবাদী শক্তির গুপ্তচরদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। আগামীর নেতৃত্ব দেয়ার জন্য তিনি তরুণদের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি সময়কে ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তাঁর পুরো ভাষণে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী কারো প্রতি কোনো বিদ্বেষ, বিষোদগার, প্রতিশোধপরায়ণতা ছিল না। ছিল ঐক্য ও শান্তির কথা। বিদ্ব্যৎ সমাজ থেকে শুরু করে তরুণ প্রজন্মের কাছে তারেক রহমানের এই সংক্ষিপ্ত ভাষণ যেমণ বিপুলভাবে প্রশংসিত হয়েছে, তেমনি তাদেরকে এক শান্তি, সমৃদ্ধি ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন এমন হয়েছে যে, তিনি এলেন, দেখলেন, জয় করলেন।
তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থেকে দেশের মানুষের সাথে নিরন্তর কথা বলেছেন। এখন তিনি সরাসরি জনগণের সাথে কথা বলবেন, প্রত্যক্ষ অভিজ্ঞতার মুখোমুখি হবেন। দেশে তাঁর আগমনে জনগণের মধ্যে যে বিপুল প্রত্যাশা জন্মেছে, সেই প্রত্যাশা পূরণে তাঁকে এখন নিবেদিত হতে হবে। তারা এখন তাদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করা শুরু করবে। তারা যাঁকে দায়িত্ব পালনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাঁর প্রতি জনগণের এই প্রত্যাশা থাকা স্বাভাবিক। জনপ্রত্যাশা পূরণের মূল কাজ হচ্ছে, জনগণের নিরাপত্তা, শান্তি ও তাদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। দেশের অর্থনীতিতে যে টালমাটাল পরিস্থিতি চলছে, মানুষ কষ্টে আছে, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিতে যে স্থবিরতা বিরাজ করছে, তা থেকে উত্তরণ ঘটাতে তারেক রহমানকে তাঁর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে জনগণকে আশ্বস্ত করতে হবে। বাস্তবতা হচ্ছে, জনগণের আগামীর স্বপ্ন ও আকাক্সক্ষা তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। তারা তাঁর ওপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে। এই আস্থার প্রতিদান তাঁকে দিতে হবে। দেশে এখন রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা চলছে। এ শূন্যতা পূরণে তারেক রহমানের বিকল্প নেই। জনগণ তাঁকে জাতীয় নেতা হিসেবে দেখছে। তিনি নিশ্চয়ই তা উপলব্ধি করেন। তবে এ কথা মনে রাখতে হবে, মানুষের যেমন বিপুল প্রত্যাশা রয়েছে, তেমনি প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জও রয়েছে। আমরা মনে করি, জনগণের সকল প্রত্যাশার চাপ সামলে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার সক্ষমতা তারেক রহমানের রয়েছে।
