যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির এই মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনা করছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনায় সংশ্লিষ্ট, ইরানি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আজ রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগের বৈঠক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনী প্রধান আসিম মুনীর যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশরসহ ইউরোপের প্রভাবশালী দেশগুলোর সাথে নিরন্তর কথা বলে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে শান্তি চুক্তির আলোচনা করতে সক্ষম হয়েছিলেন। তবে সে আলোচনা চুক্তি ছাড়াই শেষ হয়। তারপরও পাকিস্তান অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আলোচনা অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যায়। তারই ফলস্বরূপ নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। নতুন এই বৈঠক থেকে একটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন। এ সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান—এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রা¤প বলেন, আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। সারাবিশ্ব এখন অনুষ্ঠিতব্য এই আলোচনার দিকে তাকিয়ে আছে। আলোচনা ফলপ্রসূ হবে এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে, সবাই এই আশায় আছে।
যুদ্ধে মানবসভ্যতা ধ্বংস ছাড়া কিছু অর্জিত হয় না। এখানে জয়—পরাজয় যে পক্ষের হোক না কেন, প্রকৃত অর্থে ‘ধ্বংসে’র বিজয় হয়। মানুষ মারা যায়, সম্পদহানি হয়। কোনো যুদ্ধই মানবজাতির জন্য কল্যাণকর হয়নি। চলমান ইরান ও ইউক্রেন যুদ্ধ বিশ্বকে অশান্তি ও অস্থিতিশীল করে রেখেছে। মানুষের মৃত্যু ও বিপুল সম্পদ বিনষ্ট হচ্ছে। মানুষের গড়ে তোলা সভ্যতা ধ্বংস হচ্ছে। যুদ্ধ বন্ধ হলেও এর নেতিবাচক প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী হয়। ইউক্রেন যুদ্ধের ক্ষত বেড়ে চলেছে, ইরানযুদ্ধ সেই ক্ষতকে আরও সম্প্রসারিত করছে। ফলে যুদ্ধবন্ধের বিকল্প কিছু নেই। ইতোমধ্যে ইরানযুদ্ধের বিরতি বিশ্বে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। হরমুজ প্রণালী খুলে দেয়ায় পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এ চলাচল স্থায়ী হোক, তা সকলেই চায়।
এ স্থায়িত্ব নির্ভর করছে, অনুষ্ঠিতব্য শান্তি আলোচনার উপর। এতে যুদ্ধ বন্ধের আভাস পাওয়া যাচ্ছে। প্রত্যেকেই চাচ্ছে, শান্তি আলোচনার সাফল্য এবং শান্তি চুক্তি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তথাকথিত শান্তি বজায় রাখার জন্য বহু আগে থেকেই তার ২৭টি সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এগুলোর প্রায় সবই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্তি চুক্তি সফল হলে মার্কিন এসব ঘাঁটি মধ্যপ্রাচ্যে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ, পাকিস্তান, তুরস্ক, ইরান, মিশর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট। বাইরের কোনো সামরিক সহায়তার দরকার নেই। ফলে শান্তি আলোচনায় এটা নিশ্চিত করা দরকার, এ অঞ্চল থেকে যাতে মার্কিন ঘাঁটি তুলে নেয়া হয়।
বলার অপেক্ষা রাখে না, হরমুজ প্রণালী খুলে দেয়ার সংবাদে বিশ্বে জ্বালানিতেলের দাম কমেছে। অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এ প্রেক্ষিতে, শান্তি আলোচনা সফল হতেই হবে। ইরানযুদ্ধ আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ প্রলম্বিত হলে দেশগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। ইতোমধ্যে জ্বালানিতেল সংকটে আমাদের দেশের অর্থনীতি মহাবিপর্যয়ের মুখে পড়েছে। কৃষি, শিল্পোৎপাদন, যাতায়াত ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকার তার সাধ্যমতো সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিশ্বের বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে। তারপরও চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য বিঘ্নিত হওয়ায় পাম্পগুলোতে গ্রাহকদের লাইন মাইলের পর মাইল ছাড়িয়ে যাচ্ছে। দশ—বারো ঘন্টা অপেক্ষা করেও অনেকে তেল পাচ্ছে না। যদিও সরকার বলছে, তেলের যথেষ্ট মজুত রয়েছে। তবে বাস্তবচিত্র তার বিপরীত। তাহলে তেলের এই সংকটের কারণ কি? তেল যাচ্ছে কোথায়? মানুষকে কেন এত দুভোর্গ পোহাতে হচ্ছে? এর কারণ উদ্ঘাটন করতে যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ব্যর্থ হচ্ছে, তাতে সন্দেহ নেই। অন্যদিকে, পর্যবেক্ষকদের মতে, তেলের সংকটকে পুঁজি করে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তারা তেলের অবৈধ মজুত করে তা নিয়ে তেলবাজি করছে। সরকারকে বিপাকে ফেলতে এর সাথে পতিত স্বৈরাচার ও বিরোধী রাজনৈতিক দলেরও অপরাজনীতির যোগসূত্র থাকতে পারে। এ অপরাজনীতি সরকারের অজানা থাকার কথা নয়। এগুলো মোকাবেলা করেই সরকারকে সমস্যার সমাধান করতে হবে।
আশা করা যায়, ইসলামাবাদে আয়োজিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বহুল প্রত্যাশিত সুখবর পাওয়া যাবে। বৈঠকের সংবাদে বিশ্বে যে সুবাতাস বইতে শুরু করেছে, তা বন্ধ হবে না। এজন্য যুক্তরাষ্ট্র ও ইরানÑউভয়কেই বিশ্ব শান্তির কথা চিন্তা করে সমাধানে পৌঁছাতে হবে। এতে সবারই লাভ। এখানে কারো জয়—পরাজয়ের কোনো বিষয় নেই। বিজয়ী হবে ‘শান্তি ও স্থিতিশীলতা’। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইরান, সবোর্পরি বিশ্বের যে ক্ষতি হয়েছে, তা আর বাড়তে না দেয়াই কাম্য। সবার প্রত্যাশা শান্তি ও স্থিতিশীল জীবন। আমাদের মতো দেশগুলো অর্থনৈতিকভাবে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছে, তার অবসান হওয়া জরুরি। বিশ্ববাজারে জ্বালানিতেলের দাম কমায় দেশগুলোর অর্থনীতি পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা গতি লাভ করছে। এর সাথে তাল মিলিয়ে আমাদের দেশকেও পুনর্গঠনের দ্রুত পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের দুভোর্গের কথা বিবেচনা করে ভতুর্কি দিয়ে জ্বালানিতেলের মূল্য না বাড়িয়ে সরকার যে সদিচ্ছার পরিচয় দিয়েছে, তা সাধুবাদযোগ্য। তবে বিশ্ববাজারে জ্বালানিতেলের মূল্য কমায় দেশে কমানো যায় কিনা, এ বিষয়টি বিবেচনায় নিতে হবে। সংকট নিরসনে দ্রুত জ্বালানিতেলের সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে। কৃষি ও শিল্প খাতে চাহিদামোতাবেক জ্বালানি সরবরাহ করে উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে।
