নিরাপদ কর্মস্থল বিষয়ে দেশে দশকের পর দশক বহু আলাপ-আলোচনা, আন্দোলন হইলেও অগ্রগতি যে খুব আশাব্যঞ্জক নহে, ঢাকার কেরানীগঞ্জের গ্যাসলাইটার কারখানার প্রাণবিনাশী অগ্নিকাণ্ড তাহা স্মরণ করাইয়া দিল। শনিবার মধ্যাহ্নে উক্ত কারখানায় অগ্নিকাণ্ডের সূচনা হয়। একই দিবস মধ্যাহ্ন আড়াইটায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় অদ্যাবধি ছয়জনের মৃত্যু ঘটিল; আহত অনেকে। একটা সময় ছিল যখন বিভিন্ন তৈরি পোশাক কারখানায় এহেন অগ্নিকাণ্ড ঘটিত। বিশেষত ২০১৩ সালে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী রানা প্লাজায় ধস এবং তৎপূর্ববর্তী তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের পর সরকার-মালিক এবং বিদেশি ক্রেতাদের সংগঠনের মিলিত উদ্যোগে উক্ত খাতে অগ্নি নিরাপত্তাসহ সামগ্রিক কর্মপরিবেশের প্রভূত উন্নতি ঘটে। উহার ফলস্বরূপ তৈরি পোশাক খাতে প্রাণঘাতী অগ্নিকাণ্ড বা ভবন ধসের ঘটনা নাই বলিলেই চলে। কিন্তু তখন একই নিয়মনীতি বা গাইডলাইন অনুসারে, বিশেষত সরকারের অনীহার কারণে অন্য খাতগুলিতেও কোনো সংস্কার করা হয় নাই। উহারই ফলস্বরূপ আলোচ্য অগ্নিকাণ্ড ঘটিয়াছে বলিলে ভুল হইবে না। এই প্রসঙ্গে ২০২১ সালের ৮ জুলাই নারায়ণগঞ্জের হাসেম ফুডস কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা বলা যায়, যে ঘটনায় ৫২ জন শ্রমিক দগ্ধ হইয়া মৃত্যুবরণ করিয়াছিলেন। এই পরিপ্রেক্ষিতে গ্যাসলাইটার কারখানায় শনিবারের অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হইবার ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলা যায়।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য কারখানা একটি টিনশেড ভবনে অবস্থিত। স্বাভাবিকভাবেই ইহা জাতীয় বিল্ডিং কোড বা ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ করিয়া তৈয়ার হয় নাই, বলা যায়। উহাতে অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত সরকারি গাইডলাইনও পালিত হইবার বিষয়টি আশা করা যায় না। কিন্তু গ্যাসলাইটার তৈরির ন্যায় অত্যন্ত স্পর্শকাতর এই কারখানা গড়িয়া উঠিল এবং এতদিন চালু থাকিল কী প্রকারে? ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন সমকালকে বলিয়াছেন, কারখানায় বিপুল পরিমাণ গ্যাসলাইটার, গ্যাস সিলিন্ডার ও লাইটার তৈরির প্লাস্টিক দানা ছিল। এই সকল কিছুই অত্যন্ত দাহ্য পদার্থ। এ কারণে আগুন দ্রুত ছড়াইয়া পড়ে। অন্য সকল সরকারি সংস্থা বাদ যাক, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের চোখের সম্মুখে উহা কার্যক্রম চালাইল কীভাবে?

আমরা জানি, উক্ত সংস্থার অনুমোদন ব্যতীত কোথাও কোনো কারখানা স্থাপন করা যায় না। সংস্থাটির পরিদর্শকদের নিজ নিজ এখতিয়ারাধীন এলাকায় নিয়মিত টহল দিতে হয় বলিয়া এই ধরনের কারখানা কোনোভাবে চালু হইলেও টিকিয়া থাকিবার কথা নহে। তদুপরি বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবার অনুমতিও কিন্তু অন্য সংস্থাগুলির অনুমতি ব্যতীত কোনো কারখানার পাওয়ার কথা নহে। অতএব, উক্ত অগ্নিকাণ্ডের দায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি পরিহার করিতে পারে না। এই কথাও বলা প্রয়োজন, প্রচলিত আইন অনুযায়ী কোনো আবাসিক এলাকায় এহেন ঝুঁকিপূর্ণ কারখানা থাকিতে পারে না। স্মরণ করা যাইতে পারে, ২০১০ সালের ৩ জুন রাত্রে পুরাতন ঢাকার নিমতলীতে অগ্নিদগ্ধ হইয়া ১২৪ জন মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার ৯ বৎসর পর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাত্রে চকবাজারের চুড়িহাট্টার আগুনে ৭০ জন প্রাণ হারান। উভয় ঘটনায় আবাসিক এলাকায় অননুমোদিত রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম বা কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুর্ভাগ্যবশত, ঐ সকল অগ্নিকাণ্ড হইতে কোনো সরকারই শিক্ষা গ্রহণ করে নাই। এই কারণেই হাসেম ফুডস ও সর্বশেষ শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিল।

সরকার উক্ত ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করিয়াছে। উহারা হয়তো নির্ধারিত সময়েই নানাবিধ সুপারিশসহ প্রতিবেদন জমা দিবে। আমাদের প্রত্যাশা, সেই সকল প্রতিবেদনে উক্ত অবৈধ কারখানা স্থাপনে সংশ্লিষ্ট মালিককে যে সকল সরকারি সংস্থা সহায়তা করিয়াছে, তাহাদের পরিচয় উঠিয়া আসিবে। সুপারিশগুলিও যথাযথভাবে কার্যকর হইবে। উপরন্তু আহতদের সুচিকিৎসা, তৎসহিত হতাহতের যথেষ্ট ক্ষতিপূরণ নিশ্চিতকরণ জরুরি।