বাংলাদেশে খরামুক্ত এলাকা দিন দিন কমছে। কৃষি, আবহাওয়া ও পানিসম্পদ—এই তিন ক্ষেত্রেই খরার চাপ বাড়ছে। এদিকে কৃষিকাজ অনেকাংশে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। এ কারণে সেই স্তরও ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। গবেষকরা সতর্ক করেছেন, আগামী দিনে এই সংকট আরো বাড়বে।

একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গত তিন দশকে খরা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ওই অঞ্চলে গত ৩৪ বছরে খরামুক্ত এলাকা কমেছে ৯১ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের গবেষকদের পরিচালিত গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়। গবেষণায় ১৯৮৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলার খরা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, গত তিন দশকে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে উঠে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে রাজশাহী বিভাগের ৭১ শতাংশ এলাকা জলবিদ্যুৎ খরামুক্ত ছিল। ২০২৩ সালে তা ৬৪.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৪ শতাংশে। ১৯৮৯ সালে গবেষণাধীন এলাকার ৭২ শতাংশ কৃষিজমি খরামুক্ত ছিল। ১৯৯৪ সালে তা কমে ৪৪ শতাংশ, ১৯৯৯ সালে ৩০ শতাংশ, ২০০৪ সালে ১৬ শতাংশ, ২০০৯ সালে ১০ শতাংশ এবং ২০২৩ সালে মাত্র ৮ শতাংশে নেমে আসে। একই সময়ে ভূগর্ভস্থ পানির স্তর ভূপৃষ্ঠের ১০ থেকে ১৫ মিটার নিচে রয়েছে এমন এলাকার পরিমাণ ০.১৮ থেকে বেড়ে ২৪.৯৯ শতাংশে পৌঁছেছে। এ ধরনের পানির স্তর নেমে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খরার ঝুঁকি দেখা দিয়েছে।

খরার নেতিবাচক প্রভাব নানামুখী। কৃষিতে মারাত্মক প্রভাবের পাশাপাশি সুপেয় পানিরও তীব্র সংকট দেখা দেয়। একসময় পদ্মা খরস্রোতা ছিল, তা আজ ধু ধু বালুচর। একসময় নদীতে শত শত জেলে মাছ ধরতেন, এখন তাঁরা জীবিকা সংকটে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীর নাব্যতা হ্রাস, ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারের কারণে খরা আজ প্রকট রূপ নিয়েছে, যা মানুষের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে।

বাংলাদেশ কৃষিনির্ভর, আর দিন দিন যে হারে কৃষিজমি নানাভাবে কমে যাচ্ছে, এতে কিছুদিনের মধ্যেই দেশে খাদ্য নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। কাজেই খরার কবল থেকে কৃষিজমি রক্ষা করতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘ মেয়াদে টেকসই পদক্ষেপ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে প্রস্তুতির পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা দরকার।