ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বিবিসির শীর্ষ পর্যায়ের দুই সাংবাদিকের পদত্যাগ স্বভাবতই বড় আলোচনার জন্ম দিয়েছে। কী কারণে তারা পদত্যাগ করেছেন? আমাদের দেশের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে অনেকে বলার চেষ্টা করেছেন, তারা ‘সামান্য ভুল’ করেছেন। যেহেতু এ দেশে এমন ভুল অহরহ হয়, অথচ তেমন কিছু আসে-যায় না।

অবশ্য, বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেসের পদত্যাগের গোড়ায় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। ওই মেয়াদের শেষ প্রান্তে ক্যাপিটল হিলে আক্রমণ ছিল আলোচিত ঘটনা। তার আগে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হন। ট্রাম্প সমর্থকরা বিষয়টি মেনে নিতে না পেরে সহিংস হয়ে উঠেছিল।

ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে যে বক্তব্য দিয়েছিলেন, তার বাংলা করলে দাঁড়ায়, ‘আমরা ক্যাপিটল হিলের দিকে যাব এবং আমরা আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ জোগাব।’ কিন্তু বিবিসি প্যানারোমা অনুষ্ঠানে সম্পাদনা করে তাঁর বক্তব্য প্রকাশ করে, ‘আমরা ক্যাপিটল হিলের দিকে যাব...এবং আমি আপনাদের সঙ্গে থাকব। আমরা লড়ব। আমরা প্রাণপণ লড়াই করব।’

এখানে বিবিসি দুটো অংশকে কেবল জোড়া দিয়েছিল। বক্তব্যগুলোর ব্যবধান ছিল ৫০ মিনিট। তারপর বিষয়টি নিয়ে সমালোচনা হয়। ট্রাম্পের এ ঘটনার পাশাপাশি ফিলিস্তিনের গাজা বিষয়েও বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। যদিও দুই কর্মকর্তা নিজেদের দায় নিয়েই পদত্যাগ করেছেন। ট্রাম্পের বক্তব্যকে এভাবে উপস্থাপনের জন্য তাঁর প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বিবিসির কঠোর সমালোচনা করে একে ‘শতভাগ ভুয়া খবর’ ও ‘প্রপাগান্ডা মেশিন’ আখ্যায়িত করেন। এমনকি রোববার বিবিসির দুই শীর্ষ সাংবাদিকের পদত্যাগের খবর জানার পর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন, তাঁর খুব ভালো বক্তব্য ‘বিকৃত’ করতে গিয়ে বিবিসির সাংবাদিকরা পদত্যাগ করেছেন বা বরখাস্ত হয়েছেন।

সাংবাদিকতার ব্যত্যয় ঘটলে তা বড় হোক বা ছোট, সেটা ভুলই। তবে যে ধরনের ভুল ট্রাম্পের ক্ষেত্রে হয়েছে, তা অন্য কারও ক্ষেত্রে হলে এতটা সমালোচনা নিশ্চয় হতো না। শেষ নাগাদ এমন ঘটনা হয়তো পদত্যাগেও রূপ নিত না। বাংলাদেশের সঙ্গেও এর মিল যে নেই, তা নয়। আমাদের রাষ্ট্রপ্রধানের বক্তব্য নিয়ে কেউ সামান্য কোনো পরিবর্তন করলে এবং তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রতিক্রিয়া দেখা গেলে নিঃসন্দেহে তা বড় ঘটনা হতে পারে। সে জন্য পদত্যাগও বিচিত্র নয়।

যদিও এখানে প্রায়ই নানা বক্তব্য এদিক ওদিক করে ফটোকার্ড বানিয়ে নির্দ্বিধায় প্রচার করা হয়। সাম্প্রতিক সময়ে রাজনীতিকসহ অনেকের বক্তব্যই যে উল্টাপাল্টা করে প্রচার করা হয়েছে, সে ধরনের অভিযোগও আমরা দেখেছি। অনেকের বক্তব্যের কনটেক্সট আলোচনা না করেই পাঠকদের উত্তেজিত করার মতো বিতর্কিত সামান্য অংশ তুলে ধরা হয়।

এসব চর্চা সাংবাদিকতার নৈতিকতার দিক থেকে যে ভয়ংকর বিষয়, তা বিবিসির বড় দুই সাংবাদিকের পদত্যাগের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো।

ক্লিকবেইট সাংবাদিকতার চর্চায় সাময়িক উত্তেজনা ছড়ালেও আদতে তা পেশার জন্যই ভয়ংকর। এর বিপরীতে এখন আলোচনায় এসেছে ‘স্লো জার্নালিজম’। জীবনানন্দ দাশ অন্য প্রসঙ্গে লিখেছিলেন– ‘আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না’। সাংবাদিকতার ক্ষেত্রেও এই আপ্তবাক্য প্রযোজ্য। তাড়াহুড়া করতে গিয়ে যদি ভুল হয়, সেই গতিময়তার চেয়ে বস্তুনিষ্ঠতার ধীর লয়ই ভালো। মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com