নিঃসন্দেহে আমাদের অর্থনীতি বর্তমানে একটি কঠিন সমন্বয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তিগুলো যথেষ্ট সুদৃঢ়। সাধারণত অর্থনীতির চারটি প্রধান খাত নিয়ে আমরা আলোচনা করি—মুদ্রা ও আর্থিক খাত, রাজস্ব খাত, প্রকৃত অর্থনীতি এবং বহিঃখাত। জিডিপি ও মূল্যস্ফীতির মতো বিষয়গুলো প্রকৃত অর্থনীতির চিত্র তুলে ধরে। অন্যদিকে রফতানি, আমদানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইত্যাদি বহিঃখাতের অন্তর্ভুক্ত।

প্রথমেই আমি আশাবাদের জায়গাগুলো তুলে ধরতে চাই। আমাদের বহিঃখাত বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তখন রিজার্ভ ছিল ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। বর্তমানে বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলেও তা ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দুই বছরের ব্যবধানে এটি একটি বড় অগ্রগতি।

বিনিময় হারও বর্তমানে স্থিতিশীল রয়েছে। একসময় ৮৭ টাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিনিময় হারের যে ব্যাপক ওঠানামা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়মে আমদানি বাড়লে ডলারের চাহিদা বাড়বে এবং সে অনুযায়ী বিনিময় হারেও কিছুটা পরিবর্তন আসতে পারে। এতে রফতানিকারকরাও সুবিধা পাবেন। তবে এখন রিজার্ভের অবস্থান আগের তুলনায় অনেক শক্তিশালী। ফলে পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাও বেড়েছে।

বহিঃখাতের আরেকটি বড় শক্তি আমাদের প্রবাসী আয়। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ। এ কয়েক মাসেই দেশে এসেছে প্রায় ১৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ছিল। এটি আমাদের অর্থনীতির অন্যতম বড় শক্তি। তবে রেমিট্যান্স কখনই রফতানি আয়ের বিকল্প হতে পারে না। আমাদের রফতানি আয় বাড়ানোর ওপরও সমান গুরুত্ব দিতে হবে।

রফতানি খাতেও সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। একপর্যায়ে আমরা রফতানিতে ১ শতাংশের কম নেতিবাচক প্রবৃদ্ধি দেখেছিলাম। তবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের হিসাবে রফতানিতে প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছেছিল। সাম্প্রতিক এ প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তা অবশ্যই ইতিবাচক হবে।

তবে এবারের রফতানি পরিসংখ্যানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। দীর্ঘদিন পর তৈরি পোশাকের বাইরের কয়েকটি খাতেও ভালো প্রবৃদ্ধির চিত্র দেখা যাচ্ছে। যেমন রাসায়নিক পণ্যের রফতানি বেড়েছে ২৭ শতাংশ, পাটজাত পণ্যে ২৫, চামড়াজাত পণ্যে ১৩ ও প্রকৌশল পণ্যে ১৩ শতাংশ। আমাদের মোট রফতানির প্রায় ৮০ দশমিক ৭ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। দীর্ঘদিন ধরে রফতানি বহুমুখীকরণের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে এক্ষেত্রে অগ্রগতি সীমিত। তাই অন্যান্য খাতে রফতানি বাড়াতে কী ধরনের নীতিগত সহায়তা, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন, তা নিয়ে আমাদের ভাবতে হবে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকার ও নীতিনির্ধারকদের এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করা জরুরি। অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য রফতানি বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বহিঃখাতের পর এবার প্রকৃত অর্থনীতির দিকে তাকাই। এখানেও আশাবাদের কিছু জায়গা রয়েছে। জিডিপি প্রবৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হয়েছে। সেবা ও কৃষি খাত এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক পর্যায় থেকেও কৃষি খাতের ওপর গুরুত্ব দেয়ার কথা বলা হচ্ছে। জিডিপির প্রবৃদ্ধিতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

অবশ্য এ প্রবৃদ্ধি আগের মতো ৬-৭ শতাংশের পর্যায়ে নেই। আমাদের বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে। যুদ্ধ, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতসহ বিভিন্ন ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে। এসব বাস্তবতা উপেক্ষা করে অর্থনীতির মূল্যায়ন করা যাবে না। তবে আমাদের মধ্যে নেতিবাচকতা ছড়িয়ে পড়ার প্রবণতাও রয়েছে। আজকের দিনে আমি বরং অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চাই।

মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিছুটা উন্নতি হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ৫৪ মাসের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা ৬ দশমিক ৪০ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতিও আগের তুলনায় কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে স্বস্তির জায়গা পুরোপুরি তৈরি হয়নি। বিশেষ করে জ্বালানি তেল আমদানির ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো কাজ করার প্রয়োজন রয়েছে।

আমি ব্যক্তিগতভাবে অর্থনীতিকে একটি চক্রাকার প্রক্রিয়া হিসেবে দেখি। বর্তমানে আমরা যে ধীর প্রবৃদ্ধি দেখছি, সেটিও বৃহত্তর অর্থনৈতিক চক্রের একটি অংশ। অতীতে বাংলাদেশে প্রবৃদ্ধির হার অনেক বেশি ছিল। তবে সেই প্রবৃদ্ধির গুণগত মান নিয়েও প্রশ্ন ছিল। বিশেষ করে ব্যাংক খাতে অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণও প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে। এখন ঋণ প্রবৃদ্ধি কিছুটা ধীর। ব্যাংকারদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হলেও আমার মনে হয়, এ মুহূর্তে ঋণ প্রবৃদ্ধিকে জোর করে বাড়ানোর প্রয়োজন নেই। বরং ঋণ যেন সঠিক খাতে এবং উৎপাদনশীল কাজে ব্যবহৃত হয়, সেটিই নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বলে আমি মনে করি। বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য ২০ হাজার কোটি টাকার একটি স্কিম রয়েছে। এছাড়া আরো ৬০ হাজার কোটি টাকার একটি স্কিম নেয়া হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হওয়া উচিত অর্থায়নের যথাযথ ব্যবহার এবং উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়ানো।

এক্ষেত্রে ‘উদ্যোগ’ প্রকল্পের কথাও বলতে চাই। এটি একটি ভালো উদ্যোগ। তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে এরই মধ্যে প্রায় ২২ হাজার আবেদন জমা পড়েছে। ১৮ ও ১৯ নভেম্বর আমি নিজে মুন্সিগঞ্জ যাচ্ছি। সেখানে সিটি ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করছে। এখানে উপস্থিত বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদেরও নিজ নিজ এলাকায় এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে হবে। ঋণ বরাদ্দের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

আমাদের ব্যাংক খাতে ঋণের বড় অংশ ঐতিহ্যগতভাবে তৈরি পোশাক, টেক্সটাইল ও বৃহৎ করপোরেট খাতে কেন্দ্রীভূত থাকে। অথচ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসা এবং সাধারণ ভোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে বলেছেন, এসএমই খাতে ঋণ বাড়াতে হবে। একই সঙ্গে খুচরা ঋণ ও ক্রেডিট কার্ডের মতো সেবাও সম্প্রসারণ করতে হবে। কারণ অর্থনীতির দৈনন্দিন লেনদেনের একটি বড় অংশ দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসাকে কেন্দ্র করে পরিচালিত হয়। এসব খাতে অর্থায়ন ও লেনদেনের সুযোগ সীমিত থাকলে অর্থনীতির স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক গুরুত্ব দেয়াটা ইতিবাচক। ব্যাংকের ব্যালান্সশিটের সম্পদ অংশে বৈচিত্র্য আনতে হবে। শুধু বড় করপোরেট ঋণের ওপর নির্ভর না করে ভোক্তা ঋণ, ক্রেডিট কার্ড, ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের দিকে নজর দিতে হবে। একই সঙ্গে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে হবে।

এখানে কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসঙ্গও গুরুত্বপূর্ণ। দেশে কিউআর কোডের ব্যবহার জনপ্রিয় করার যে উদ্যোগ চলছে, তা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আমাদের অর্থনীতিতে বিপুল পরিমাণ অর্থ এখনো ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ আকারে রয়েছে। ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ প্রায় ১ দশমিক ৮৭ ট্রিলিয়ন টাকা। এ অর্থকে আনুষ্ঠানিক অর্থনীতির মূলধারায় নিয়ে আসা গেলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে, লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থার পরিধিও সম্প্রসারিত হবে। কিউআর কোডভিত্তিক লেনদেন এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে আমাদের তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া উচিত—বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, করপোরেট খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টি। অর্থনৈতিক প্রবৃদ্ধির টেকসই ভিত্তি গড়ে তুলতে এ তিন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাংক খাতের সংস্কারও আমাদের জন্য একটি বড় সুযোগ। কার্যকরভাবে ব্যাংক খাতের সংস্কার করতে পারলে সেটি নিজেই অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশল হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে ব্যাংক পরিচালনায় সুশাসন নিশ্চিত করা এবং খেলাপি ও দুর্দশাগ্রস্ত ঋণ কমানো জরুরি। দীর্ঘদিন ধরে আমরা খেলাপি ঋণের সমস্যা নিয়ে কথা বলছি। গভর্নর মহোদয়ের কাছে আমি জানতে চাই, শেষ পর্যন্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা অ্যাসেট রিকভারি কোম্পানি গঠনের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা এবং হলে কবে নাগাদ তা কার্যকর হবে।

ব্যাংকগুলোর ব্যালান্সশিটে দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। আমরা চাই, এসব সমস্যার সমাধান করে নতুনভাবে যাত্রা শুরু করতে। খেলাপি ঋণের উচ্চ হার আমাদের জন্য বিব্রতকর। পরিসংখ্যানে যে সংখ্যাই দেখা যাক না কেন, বাস্তবে ব্যাংকগুলোকে এর চাপ বহন করতে হচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি বা এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) পদ্ধতি চালুর বিষয়টিও সামনে আসছে। বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়নের সময়সূচি নিয়ে আরো চিন্তাভাবনার প্রয়োজন হতে পারে। প্রয়োজনে কিছুটা সময় পিছিয়ে দেয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কারণ ব্যাংক খাত এরই মধ্যে খেলাপি ঋণের উচ্চ চাপের মধ্যে রয়েছে।

সব মিলিয়ে আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে। বেসরকারি বিনিয়োগও ধীরগতিতে চলছে। আমরা মূলত ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছি। অন্যদিকে সরকারি খাতের বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন ও নতুন প্রকল্প চালুর দিকে আমরা তাকিয়ে আছি। সরকার একের পর এক বড় প্রকল্প হাতে নিচ্ছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।

তবে ব্যাংক খাতের সম্পদের গুণগত মানের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। ব্যাংকার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন করে ভালো ঋণ বিতরণ করতে হবে। শুধু বৃহৎ করপোরেট বা বাণিজ্যিক খাতে নয়, এসএমই, খুচরা ও ভোক্তা ব্যাংক খাতেও ঋণের প্রবাহ বাড়াতে হবে।

আমি আবারো বহিঃখাতের প্রসঙ্গে ফিরে আসতে চাই। চলতি হিসাব, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স ও রফতানি—এসব সূচকে আমি ইতিবাচক সংকেত দেখতে পাচ্ছি। আমদানির একটি বড় অংশ জ্বালানি তেলনির্ভর হলেও সামগ্রিকভাবে বহিঃখাতের পরিস্থিতিতে উন্নতির লক্ষণ রয়েছে।

আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় অর্থনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে নেতিবাচক চিত্র তুলে ধরি। কিন্তু আমরা কোথা থেকে কোথায় এসেছি, কী ধরনের সংকট অতিক্রম করেছি, সেটিও বিবেচনায় নেয়া প্রয়োজন। আমাদের নিজেদের মধ্যেও ইতিবাচক মানসিকতা থাকা দরকার। একই সঙ্গে অর্থায়নের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, সেগুলোকে এগিয়ে নিতে হবে। এসএমই খাতে ঋণ সম্প্রসারণ, আংশিক বন্ধ ও কম সক্ষমতায় পরিচালিত কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা এবং বড় করপোরেট প্রতিষ্ঠানের সংকট মোকাবেলায় উদ্যোগ নেয়া—এ সবই ইতিবাচক পদক্ষেপ। আমরা একটি বড় করপোরেট প্রতিষ্ঠানের নিম্নমুখী পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করেছি। এখন আরো একটি প্রতিষ্ঠানের বিষয়েও কাজ করছি। এসব উদ্যোগের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এ ধরনের সময়ে বণিক বার্তা অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করেছে, এজন্য ধন্যবাদ জানাই। প্রথম সম্মেলন থেকে এখন পর্যন্ত সিটি ব্যাংককে লিড স্পন্সর হিসেবে সঙ্গে রাখার জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে কিছু ইতিবাচক লক্ষণও রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্যের পরিমাণ বর্তমানে প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। অর্থাৎ আমাদের হাতে উল্লেখযোগ্য পরিমাণ তারল্য রয়েছে। এখন প্রয়োজন এ অর্থকে সঠিক খাতে প্রবাহিত করা, যাতে দেশের সামগ্রিক উন্নয়নে তা ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই আমরা বিভিন্ন কর্মসূচি ও স্কিম বাস্তবায়ন করছি। আমাদের সবার উচিত এসব উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া এবং সমন্বিতভাবে কাজ করা।

মাসরুর আরেফিন : সিইও, সিটি ব্যাংক পিএলসি; চেয়ারম্যান, এবিবি

[বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন

২০২৬-এর বক্তব্যে]