সুনির্দিষ্ট পরোয়ানা ব্যতীত ১৮ নভেম্বর মধ্যরাত্রে ঢাকায় এক সাংবাদিক ও ব্যবসায়ীকে ‘ডিবি’ তথা ডিটেকটিভ ব্রাঞ্চ তুলিয়া লইবার রেশ না কাটিতেই জনমনে উদ্বেগ বাড়াইয়া শুক্রবার ঢাকা ও সিরাজগঞ্জে পুলিশের ঐ গোয়েন্দা শাখার হেফাজতে দুইজনের প্রাণহানি ঘটিয়াছে। সমকালসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় নিহত হইয়াছেন রাজধানীর পল্লবীতে সম্প্রতি যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মোক্তার হোসেন; আর সিরাজগঞ্জে নিহত হইয়াছেন উল্লাপাড়ায় অটোরিকশাচালক খুনের ঘটনায় সন্দেহমূলক গ্রেপ্তার শাহাদাৎ হোসাইন। উভয় ক্ষেত্রেই পুলিশ মৃত্যুর জন্য ভিন্ন কারণ প্রদর্শন করিলেও প্রথম ঘটনায় অভিযুক্তের পরিবার মোক্তারের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ করিয়াছে। দ্বিতীয় ঘটনায় হাসপাতালসূত্র মৃতের শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা বলিয়াছে। পুলিশের ব্যাখ্যা যাহাই হউক, প্রাণহানির ঘটনা দুইটি যে স্বাভাবিক নহে, উহা বুঝিবার জন্য বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। বরং এই প্রশ্নও জাগিতে বাধ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশি প্রক্রিয়ায় তাহা হইলে কী পরিবর্তন মিলিল?
আরও স্মর্তব্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ডিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ইহাই প্রথম নহে। ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’ রবিবার প্রকাশিত প্রতিবেদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য উদ্ধৃত করিয়া বলা হইয়াছে, গত বৎসরের নভেম্বর হইতে এই বৎসরের অক্টোবর পর্যন্ত ২১ জন পুলিশ হেফাজতে প্রাণ হারাইয়াছেন। পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হইয়াছেন ২৬ জন; ১১৯ জন কারাগারে প্রাণ হারাইয়াছেন। অপর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলিতেছে, বর্তমান সরকারের প্রথম পাঁচ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৭ জন প্রাণ হারাইয়াছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কিংবা তাহাদের হস্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সকল অভিযোগ এমন সময়ে উঠিল যখন সরকারের শীর্ষ পদগুলিতে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীগণও রহিয়াছেন। দায়িত্ব গ্রহণকালে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়াছিল– সকল প্রকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, তৎসহিত মানবাধিকার লঙ্ঘনের যেই কোনো ঘটনায় শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করিবে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিভিন্ন বাহিনীর হেফাজতে মৃত্যুসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ভয়ংকররূপে বৃদ্ধি পাইয়াছিল। অন্যান্য উদ্বেগসহ যাহা শিক্ষার্থী-জনতাকে ঐ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটনে উদ্বুদ্ধ করিয়াছিল। ঐ গণঅভ্যুত্থানেরই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব লইয়া বর্তমান সরকার ক্ষমতায় বসিয়াছে, যে আকাঙ্ক্ষার মধ্যে আছে বিশেষত পুলিশের সংস্কার।
দুঃখজনক, সরকার পুলিশ সংস্কারের জন্য একটি কমিশন গঠন করিলেও এবং সেই কমিশন একাধিক সুপারিশ রাখিলেও বাস্তব অগ্রগতি ঘটে নাই। পত্রিকান্তরে প্রকাশিত খবর অনুযায়ী, উক্ত কমিশনের সুপারিশ মানিয়া ইতোমধ্যে পুলিশের পোশাক পরিবর্তন করা হইলেও বাহিনীর সদস্যদের আচরণ পরিবর্তনে দৃশ্যমান পদক্ষেপ গৃহীত হয় নাই। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলির তৎপরতা যথা পূর্বং তথা পরং।
আমরা জানি, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুসারে পুলিশ হেফাজতে প্রাণহানির ন্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দণ্ডযোগ্য অপরাধ। কিন্তু নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দায়িত্ব যাহাদের হস্তে তাহারাই যদি ঘাতকরূপে আবির্ভূত হয়; অর্থাৎ রক্ষক যখন ভক্ষকের রূপ ধারণ করে, তখন অসহায়ত্বের কোনো সীমা থাকে না। উপরন্তু এই ধরনের ঘটনা প্রতিকারহীন থাকিলে সাধারণ জনগণের মধ্যে আইন স্বহস্তে তুলিবার প্রবণতা বৃদ্ধি পায়, যাহা সমাজকে আইনহীনতার দিকে ধাবিত করে। আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ কোনো সরকারের আমলে উহা কাম্য নহে।
আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে মানবাধিকারের এহেন গুরুতর লঙ্ঘনের ঘটনায় শুধু ভুক্তভোগীদের স্বজনদের ন্যায়বিচার দিতেই তৎপর হইবে না; ইহাদের পুনরাবৃত্তি রোধেও সচেষ্ট হইবে। সেই জরুরি কর্মটি সর্বশেষ দুই ব্যক্তির প্রাণহানির সহিত জড়িতদের শাস্তি প্রদানের মাধ্যমেই সূচিত হউক।
