অবশেষে তৈরী পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। এতে পোশাকশ্রমিকদের ন্যূনতম বা গ্রেড ৪-এ ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ সাড়ে ২১ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়। মঙ্গলবার গভীর রাতে এই মজুরি ঘোষণা করে ন্যূনতম মজুরি বোর্ড। পোশাকশ্রমিকদের সর্বশেষ সর্বনিম্নœ মজুরি নির্ধারণ করা হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা। সে হিসাবে সাড়ে চার হাজার টাকা মজুরি বৃদ্ধি পেল তাদের। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সস্তা শ্রমের দেশ হিসেবে পরিচিত। নতুন মজুরি সেই তকমা দূর করতে না পারলেও পোশাকশ্রমিকদের যে খানিকটা উপকারে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এমতাবস্থায় পোশাকশ্রমিকদের নিজ নিজ কাজে যোগদান করাই শ্রেয়। উপযুক্ত মজুরির দাবি তাদের থাকতেই পারে। তবে মজুরি বৃদ্ধির আন্দোলন অব্যাহত রাখা ঠিক হবে না। তাতে শুধ্ ুউৎপাদনে ব্যাঘাত ঘটাবে না, সামগ্রিকভাবে পোশাকশিল্পের ক্ষতি বয়ে আনবে। শ্রমিকদের ব্যবহার করে নাশকতা সৃষ্টি করার সুযোগ নেয়া হচ্ছে। এতে পোশাকের অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে। পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) গণমাধ্যমে দেয়া এক তথ্যে বলা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে ৩১৭টি কারখানায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রফতানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা। ষড়যন্ত্রকারীদের বিষয়ে পোশাকশ্রমিকদের সজাগ থাকতে হবে। কারো ক্রীড়নক হওয়া যাবে না। মালিকের উদ্যোগ ব্যতীত যেমন কোনো শিল্পকারখানা গড়ে উঠে না, তেমনি শ্রমিকের শ্রম ব্যতীত সে কারখানার উৎপাদন অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং পণ্য উৎপাদনে শ্রমিকের অংশগ্রহণ অপরিহার্য হয়ে দাঁড়ায়। আর এখানেই আসে শ্রমিকের ন্যায্য মজুরির প্রশ্ন। শ্রমিকের শ্রম ব্যতীত পণ্য উৎপাদন সম্ভব নয়। তাই তার ন্যায্য মজুরির ক্ষেত্রে কোনোরকম ছলচাতুরী করা অন্যায়। শিল্পমালিকরা শ্রমিকদের মজুরি নিয়ে আন্তরিক হবেন প্রত্যাশা সবার। অন্যায় ও বঞ্চনা দূর করবেন। দেশে শিল্পকারখানার মালিকরা অর্থবিত্তের মালিক বনে যাচ্ছেন। শ্রমিকদের জীবন-মানের সেভাবে পরিবর্তন আসছে না। দুই বেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য তাদের সময় সময় আন্দোলন করতে হয়। অর্থাভাবে তাদের সন্তানদের মানসম্পন্ন শিক্ষাও দিতে পারে না। এটি একটি চক্র হয়ে গেছে যেখানে শ্রমিক আজীবন শ্রমিক থাকছে আর মালিকরা আরো অর্থবিত্তের মালিক হচ্ছে। বৈষম্য বেড়েই চলেছে। এই চক্র থেকে বের হয়ে আসতে হবে। পোশাকশ্রমিকদের শুধু বেতন বাড়ানো নয়। তাদের চিকিৎসা শিক্ষা ও কল্যাণ নিয়ে বিস্তৃত পরিসরে ভাবতে হবে। এ ব্যাপারে মালিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শ্রমিক সংগঠনগুলোরও নজর দিতে হবে। পোশাকশিল্প দেশের প্রধান রফতানি খাত। এটিকে বারবার রাজনৈতিক উদ্দেশ্যে জিম্মি করা হয়। মালিক শ্রমিকসহ সব পক্ষকে এই বিষয়ে সজাগ থাকতে হবে।