গত বৃহস্পতিবার সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকা সড়ক অবরোধের কারণে সাজেক পর্যটন ভ্যালিতে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়ে। তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ওই সময় পর্যটকদের বহর সাজেকের উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাদের আটকে দেয়। এতে প্রায় দেড়ঘণ্টা আটকে থাকে পর্যটকেরা। এ সময় তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ সদস্য আহত হন।

রাঙামাটি পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পর্যটকদের সরিয়ে নেয়ার চেষ্টা চলাকালে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় ইউপিডিএফের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালান বলে অভিযোগ করেন তিনি। পর্যটক, সরকারি স¤পদ ও জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হয়। তবে এতে কেউ হতাহত হননি। গোলাগুলির পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। সাজেকে আটকেপড়া প্রায় তিন হাজার পর্যটককে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। এটি রাঙামাটি জেলার উত্তরে ভারতের মিজোরাম সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা। অর্থাৎ ভারতের মিজোরাম ও ত্রিপুরা সীমান্তের কাছাকাটি এর অবস্থান। সাজেক রাঙামাটির ছাদ নামে পরিচিত। প্রতিবছর হাজার হাজার পর্যটক প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে সেখানে যান। পর্যটকদের জন্য গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট। এটি পর্যটন অর্থনীতির অন্যতম উৎসে পরিণত হয়েছে। পর্যটন মৌসুম শুরু হওয়ায় সেখানে এখন পর্যটকদের ঢল নেমেছে। এমতাবস্থায়, সেখানে সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত ইউপিডিএফের সশস্ত্র হামলা অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পর্যটনকেন্দ্রটিকে অনিরাপদ করে তুলেছে। পর্যটকদের মধ্যে ভীতি ছড়িয়েছে। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইউপিডিএফ আধিপত্য বিস্তার করে আছে। তাদের এই আধিপত্যকে খর্ব করতে জেএসএস (সন্তু) উঠেপড়ে লেগেছে। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক পর্যটন সড়কে গত বৃহ¯পতিবার সকাল থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। ইউপিডিএফ-নিয়ন্ত্রিত বলে পরিচিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়। গত ১১ অক্টোবর প্রথম দফায় অবরোধ শুরু হলে প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করা হয়। দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় গত ১৫ অক্টোবর থেকে অবরোধ শুরু করে সংগঠন দুটি।

সংগঠন দুটির নেতাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস (সন্তু) সশস্ত্র সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মহড়া দিচ্ছে এবং সাধারণ মানুষ ও জুমচাষিদের ভয়ভীতি দেখাচ্ছে। পাহাড়ি জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এ থেকে বোঝা যাচ্ছে, সাজেকের নিয়ন্ত্রণ নিয়ে উভয় সংগঠনের দ্বন্দ্বের জেরে সংঘাতের সূত্রপাত হয়েছে। ইউপিডিএফ এতদিন চাঁদাবাজি ও আধিপত্য নিয়ন্ত্রণ করত। এখন জেএসএস (সন্তু) আধিপত্য বাড়িয়ে তাকে কোনঠাসা করছে। সংগঠনটি সাজেকের অনেকাংশ তার নিয়ন্ত্রণে নিয়েছে। তা পুনরুদ্ধারে ইউপিডিএফ এখন জেএসএসের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে। ইউপিডিএফ কোনঠাসা হয়ে বা কুলিয়ে উঠতে না পেরে এর দায় এখন সরকারের উপর চাপাচ্ছে এবং চাপ সৃষ্টি করছে। পর্যবেক্ষকদের মতে, এই সংঘাত পাবর্ত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। বলার অপেক্ষা রাখে না, সাজেক এমন একটা অবস্থানে রয়েছে, যা ভারতের সীমান্তের কাছাকাছি। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তোলার জন্য যেসব সন্ত্রাসী সংগঠন ও বিচ্ছিন্নতাবাদী রয়েছে, সেগুলোকে ভারতের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। ভারত এসব সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র, প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করে।

পাহাড়ে খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অপরাধ করে তারা ভারতে গিয়ে আশ্রয় নেয়। অন্যদিকে, মিয়ানমারের আরাকান রাজ্যও ওই এলাকা থেকে দূরে নয়। সন্ত্রাসীরা সেখান থেকেও প্রশিক্ষণ ও সহযোগিতা পায়। ফলে সাজেকের নিয়ন্ত্রণ নিয়ে উভয় সংগঠনের মধ্যে বিরোধ ও লড়াই এখন বৃদ্ধি পাচ্ছে। এতে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। সাজেক ভ্যালিতে দুই সংগঠনের মধ্যকার দ্বন্দ্ব এবং এর জেরে পর্যটকদের গাড়িবহলে গুলির ঘটনা অত্যন্ত উদ্বেগ ও আতঙ্কের। বিশ্লেষকদের মতে, এ ঘটনার পেছনে গোয়েন্দাদের ব্যর্থতা রয়েছে। তারা সঠিক ও আগাম তথ্য পেতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগেভাগে ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা ঘটত না। এ ব্যর্থতার দায় সরকারের ওপরও বর্তায়। বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমানের কথায়ও গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। তিনি প্রশ্ন তুরে বলেছেন, সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। উল্লেখ করা প্রয়োজন, সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের (সন্তু) মধ্যে হরহামেশা লড়াই চলে, যা নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্লেকরা বলেছেন, সাজেকে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে স্থিতিশীল রাখার পদক্ষেপ সরকারকে নিতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান শক্তিশালী করতে হবে। এখানে অবহেলার সুযোগ নেই। আমরা সরকারের ব্যর্থতা দেখতে চাই না, দমন-পীড়নও চাই না। শান্তি চাই। পাহাড়ের বাসিন্দারা প্রত্যেকে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থানে বসবাস করুক, এটাই সকলের কামনা।