ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে নারী, সংখ্যালঘু, আদিবাসী ও প্রতিবন্ধী ভোটারের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার যেই দাবি দেশের বিশিষ্টজন তুলিয়াছেন, উহা নিঃসন্দেহে সংগত ও সময়োপযোগী। সোমবার অপরাহ্ণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অভিযোগ করা হয়, আসন্ন নির্বাচন ঘিরিয়া ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ভোটারসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীসমূহ হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের নিশানা হইয়া উঠিয়াছেন। অন্যদিকে, অন্তর্ভুক্তিমূলক ভোটের পরিবেশ তৈরির কথা বলিলেও সরকার ও নির্বাচন কমিশন অভিযোগগুলির বিষয়ে নির্লিপ্ততা প্রদর্শন করিতেছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট ভোটাররা যদ্রূপ নিরাপত্তাহীনতায় ভুগিতেছেন, তদ্রূপ সামগ্রিক ভোটের পরিবেশেও ইহা নেতিবাচক প্রভাব ফেলিতেছে। ইহার ফলস্বরূপ সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতিও প্রত্যাশার তুলনায় হ্রাস পাইতে পারে। নিরাপত্তা শঙ্কার কারণে ভোটার উপস্থিতি কম হইলে শুধু ভোটের চিরচেনা উৎসবই ম্লান হইবে না, দেশ-বিদেশে নির্বাচনটির গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়িতে পারে। ইহার পরিণামে দেড় দশক পর যেই রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশায় নির্বাচনটি অনুষ্ঠিত হইতেছে তাহাও অধরা থাকিলে বিস্ময়ের কিছু থাকিবে না।

ইহাও স্মরণে রাখিতে হইবে, নির্বাচন ঘিরিয়া সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হঠাৎ নিরাপত্তা শঙ্কায় পড়েন নাই। গত ৩১ জানুয়ারি সমকালেই এই সংবাদ প্রকাশিত হইয়াছিল, গত ১ নভেম্বর হইতে ৫০ দিনে চট্টগ্রামেরই রাউজানে হিন্দু সম্প্রদায়ের ১২টি গৃহে অগ্নিসংযোগ করা হয়। এমনকি গৃহের অভ্যন্তরে মানুষ রাখিয়া দরজায় বাহির হইতে তালা লাগাইয়া অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা অদ্যাবধি সেই সকল ঘটনার একটিরও রহস্য ভেদ করিতে পারে নাই। সম্ভবত এই কারণেই জানুয়ারির শেষ সপ্তাহে চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি হিন্দুপাড়ায় সাতটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বস্তুত জুলাই গণঅভ্যুত্থানের পর হইতেই দেশের বিভিন্ন স্থানে এহেন সহিংসতা ঘটিয়া চলিয়াছে।

ধর্মীয় সংখ্যালঘুদের বৃহত্তম সামাজিক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন অনেক ক্ষেত্রেই সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করিয়াছে। কিন্তু সরকার কখনোই এই সকল প্রতিবেদন বিবেচনায় লয় নাই। লইলেও কার্যকর প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা ও অধিকার সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এহেন নির্লিপ্ততা, দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশনকেও সংক্রমিত করিয়াছে কিনা, ভাবিবার বিষয়। অনস্বীকার্য, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের উপর নির্যাতন এই দেশে দশকের পর দশক ঘটিয়া চলিয়াছে। বিশেষত নির্বাচনকালে এই সকল মানুষের নিরাপত্তাহীনতা অতীতেও দৃশ্যমান বহুগুণ। অতীতের কোনো সরকারই এই বিষয়ে সদর্থক কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, বরং বরাবর অস্বীকারের প্রবণতা লালন করিয়াছে। কিন্তু সেই নেতিবাচক ধারা হইতে রাষ্ট্র ও সমাজকে বাহির করিয়া আনাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান লক্ষ্য। সর্বোপরি ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করা সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করিতে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবিধানিক নির্দেশনা অনুসারে বাধ্য।

আলোচ্য মানববন্ধনে নারী, আদিবাসী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করিতে নির্বাচন কমিশনে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ আরও সক্রিয় করিবার যেই কথা বলা হইয়াছে, বিলম্বে হইলেও উহা প্রতিপালিত হউক। নির্বাচনের পরও উক্ত ভোটারদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দানসহ যেই সকল সুপারিশ তুলিয়া ধরা হইয়াছে, সেইগুলি বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হইবে বলিয়া প্রত্যাশা।