মন্ত্রীসহ সরকারের দায়িত্বশীলরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। বাস্তবে মানুষ প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে তেল পাচ্ছে না। যারা পাচ্ছে, তারা চাহিদার তুলনায় কম পাচ্ছে। জ্বালানির দাম ইতিহাসের সর্ব্বোচ্চ পর্যায়ে বাড়ানো হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো তেলের জন্য হাহাকার এতটুকু কমেনি। সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর তেল মজুতের কারণে একদিকে পাম্পগুলোতে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে, অন্যদিকে ভারতে তেল পাচার হচ্ছে। পাম্প মালিক সমিতির সভাপতি অবশ্য অন্য একটি কারণ উল্লেখ করেছেন। তিনি ইনকিলাবকে জানিয়েছেন, সরকার যে হারে তেল দিচ্ছে, তা আগের চাহিদা অনুযায়ী।
কিন্তু এখন গাড়ির সংখ্যা বেড়েছে। একদিনের তেল কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। অনেক পাম্প নিয়মিত তেল পাচ্ছে না। সে কারণে আমাদের ওপর চাপ পড়ছে। অসাধু ব্যবসায়ীরা তেল যে অবৈধভাবে মজুত করছে, তা মজুতবিরোধী অভিযানে প্রমাণিত হয়েছে। ঘরে, এমনকি গোয়াল ঘরে পর্যন্ত তেল পাওয়া গেছে। তেল ভারতে পাচারের হচ্ছে, তাতে সন্দেহ নেই। বিজিবিকে সীমান্তে প্রহরা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তেল পাচার হতে না পারে। কিন্তু যতই প্রহরা ও নজরদারি বাড়ানো হোক, সীমান্তপথে তেল পাচার সম্পূর্ণ নিরোধ করা সম্ভব নয়, বাস্তব কারণেই। ভারতে সব ধরনের তেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি। যতদিন এখানে তেলের দাম ভারতের সমান বা বেশি না হয় ততদিন পাচার বন্ধ হবে না।
এদিকে, বোরোর এই পিক সিজনে সেচের জন্য জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে। সেচযন্ত্র তেলে ও বিদ্যুতে চলে। বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎচালিত সেচযন্ত্র অধিকাংশ সময় বন্ধ থাকছে। এতে তেলচালিত সেচযন্ত্রের ওপর চাপ বাড়ছে। এজন্য তেলের চাহিদা বড় আকারে বৃদ্ধি পেয়েছে। গ্রামে পাম্প নেই। যেখানে পাম্প আছে, বাধ্য হয়ে সেখানেই ভিড় করতে হচ্ছে গ্রাহকদের। এ কারণেও পাম্পগুলোতে অতিরিক্ত তেল সরবরাহের সম্মুখীন হতে হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ইরানযুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকারের তরফে যে ধরনের জ্বালানিব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজন ছিল, দুঃখজনকভাবে, সে ধরনের জ্বালানিব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভবপর হয়নি। জ্বালানিসংকটের এই দুঃসময়ে বিভিন্ন ক্ষেত্রে জ্বালানির প্রকৃত চাহিদা কত, তা নিরূপণ করা দরকার ছিল। এরপর কীভাবে সে চাহিদা পূরণ করা যায়, তার চিন্তা-ভাবনা ও পদক্ষেপ নেয়া দরকার ছিল। বলা বাহুল্য, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করাই এক্ষেত্রে একমাত্র সমাধান।
চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে জ্বালানির অপচয়, অতিরিক্ত ব্যবহার, অবৈধ মজুত ও পাচার রোধ করার কার্যকর পদক্ষেপ নেয়া হলে এখন যে জ্বালানির সংকট ও হাহাকার দেখা দিয়েছে, তা দেখা দিতো না। প্রসঙ্গত উল্লেখ আবশ্যক যে, জ্বালানিনিরাপত্তা জাতীয় স্বার্থে অতি জরুরি বিবেচিত হলেও অতীতের স্বৈরাচারী সরকার ও অন্তর্বর্তী সরকারÑ কেউই জ্বালানিনিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ইরানযুদ্ধের কারণে জ্বালানি আমদানি ও পরিবহনে যখন সংকট দেখা দিয়েছে, তখন সেই সংকট অর্থনীতি, উৎপাদন, পরিবহনসহ সকল ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সরকার অবশ্য বর্ধিত দামে হলেও জ্বালানিসংগ্রহের চেষ্টা করছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, একের পর এক তেল বোঝাই জাহাজ বন্দরের ভিড়ছে, খালাস হচ্ছে।
কিন্তু বিদ্যমান তেলপরিস্থিতির অবনতি ছাড়া উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। অপর্যাপ্ত সরবরাহই যে এর কারণ, তাতে সন্দেহ নেই। জ্বালানির সরবরাহ না বাড়িয়ে মন্ত্রী-মিনিস্টার ও দায়িত্বশীলরা অপ্রয়োজনীয় বাগাড়ম্বর করছেন। তাদের অহেতুক কথাবার্তা বন্ধ করে কাজে মনোনিবেশ করা উচিত। কীভাবে জ্বালানির সংকট দূর করে সরবরাহ মসৃণ করা যায়, সেদিকেই তাদের সর্বোচ্চ জোর ও গুরুত্ব দেয়া প্রয়োজন। তেল নিয়ে তেলাসমাতিতে যারা লিপ্ত, তারা দলীয় নেতাকর্মী হোক, পেট্রল পাম্পের মালিক হোক, অসৎ ব্যসসায়ী ও মজুতদার হোক কিংবা পাচারকারী হোক, তাদের বিরুদ্ধে সরকারকে শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে। গ্রীষ্মকাল শুরু হয়েছে। দেশজুড়ে কাঠফাটা রোদ, সঙ্গে প্রচন্ড গরম। বৃষ্টির দেখা নেই কোথাও। কৃষক বোরোসহ ফসলাদি নিয়ে দুর্বিপাকে। ১০/১২ ঘণ্টা ধরে বিদ্যুতের লোডশেডিং চলছে। সেচের অভাবে মাঠ চৌচির। বিদ্যুতের বিকল্প হিসেবে তেলের ব্যবহারও সম্ভব হচ্ছে না। এ হেন পরিস্থিতিতে কৃষকরা বড় রকমের বিপর্যয়ের আশংকা করছে। তাদের এ সমস্যা জীবন-মরণের সমস্যা। এর সমাধান সরকারের দায়িত্ব। এবার আলু, পেঁয়াজ, তরমুজ, আনারস ইত্যাদির বাম্পার ফলন এসেছে। কৃষকরা এসব ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। জ্বালানির উচ্চমূল্য ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে উৎপাদিত ফসলের বাজারজাত ব্যাহত ও বিঘিœত হচ্ছে। কৃষকদের এসব সংকট-সমস্যা জরুরিভিত্তিতে সমাধান করা অত্যাবশ্যক। মনে রাখতে হবে, সুদিনের প্রত্যাশায় তারা বিপুল সংখ্যায় ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এখন সরকারের দায়িত্ব তাদের জন্য সর্বোচ্চটা করা।
শহর ও গ্রামের শ্রেণী-পেশা নির্বিশেষে সকল মানুষের একান্ত প্রত্যাশা, জ্বলানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন হোক। সরকারকেই সেটা করতে হবে। এ ব্যাপারে সরকারের ব্যর্থতা দেখতে চায় না মানুষ। ইতোমধ্যে ক্ষোভ-অসন্তোষ বর্ষিত হতে দেখা যাচ্ছে। বিরোধীদল মানুষের কষ্ট, সমস্যা ও সংকটকে সামনে এনে সরকারের বিরুদ্ধে নিন্দামন্দ করছে। বাস্তব ও পারিপাশ্বিক অবস্থার বিচারে সরকারের জন্য স্বস্তির তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের বিষয়টি অনুধাবন করতে হবে। মানুষের কষ্ট-দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। যানজট নিরসন করতে হবে। যাতায়াত সহজ ও নির্বাধ করতে হবে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃংখলার উন্নতি বিধান করতে হবে। অতিশয় জনসম্পৃক্ত এই বিষয়গুলোকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে নেবে বলে আমরা আশা করি।
