পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির যেই প্রস্তাব বিদ্যুৎ বিভাগ দিয়াছে তাহা বিদ্যমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতিতে একপ্রকার জরুরি হইলেও সাধারণ গ্রাহকদের জন্য দুর্ভোগ সৃষ্টি করিবে, ইহাও স্বীকার করিতে হইবে। শুক্রবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন বলিতেছে, বিদ্যুৎ বিভাগ গ্রাহকের পাশাপাশি পাইকারি বিদ্যুতের মূল্য বাড়াইবার তিনটি বিকল্প প্রস্তাব তৈরি করিয়াছে, যাহার ফলে বাসাবাড়িতে বিদ্যুতের মূল্য ব্যবহারভেদে প্রায় ৮ হইতে ২০ শতাংশের অধিক পর্যন্ত বৃদ্ধি পাইবে। ২০২৪ সালের ফেব্রুয়ারির তথ্য মোতাবেক, দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য গড়ে ৮ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়। তখন প্রতি ইউনিটের গড় খুচরা মূল্য হইয়াছিল আট টাকা ৯৫ পয়সা।
একই সময় পাইকারি মূল্যহারও ৫ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি করা হয়; ইহাতে বিদ্যুতের পাইকারি মূল্য দাঁড়ায় সাত টাকা চার পয়সা। বলা বাহুল্য, ইউনিটপ্রতি এই মূল্যবৃদ্ধি কার্যকর হইলে বহু যুগ ধরিয়া প্রযুক্ত ভ্যাট বা মূল্য সংযোজন করের পরিমাণও বাড়িয়া যাইবে, যাহা বিদ্যুতের বিল বৃদ্ধির সহিত বাড়িয়া যায়। উহার সহিত যুক্ত হইবে মিটার ভাড়া। মোদ্ধা কথা, বিদ্যুতের আলোচ্য মূল্যবৃদ্ধির যে কোনো প্রস্তাব কার্যকর হইলে গ্রাহকের সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ে আরেক দফা উল্লম্ফন ঘটিবে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এমন এক সময়ে হইতেছে, যখন জীবনযাত্রার ব্যয় বিগত কয়েক বৎসর যাবৎ বিশেষ করিয়া সীমিত ও নিম্নআয়ের মানুষের নাগালের বাহিরে চলিয়া গিয়াছে। উপরন্তু, অন্তর্বর্তী সরকারের ভুল নীতি ও পদক্ষেপের ফলে বিগত দেড় বৎসরে একদিকে বহু কলকারখানা বন্ধ হইয়াছে, কয়েক লক্ষ মানুষ চাকুরি হারাইয়াছে, অসংখ্য মানুষের প্রকৃত আয় ব্যাপক হারে হ্রাস পাইয়াছে। অর্থাৎ বিদ্যুতের মূল্যবৃদ্ধি সামাজিক সিঁড়ির নিম্ন এবং এমনকি মধ্যম ধাপের মানুষদের জন্য দাঁড়াইবে বোঝার উপর শাকের আঁটি স্বরূপ। এই মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব শিল্প ও কৃষি খাতে অপরিহার্য রূপে পড়িবে, যাহার বোঝা আবার ভোক্তাগণকেই টানিতে হইবে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে শিল্প ও কৃষি খাতে যদি নূতন বিনিয়োগও হ্রাস পায় তাহা হইলেও আশ্চর্য হইবার কোনো কারণ থাকিবে না।
আমরা জানি, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়িতে থাকা ভর্তুকির চাপ সামাল দিতে বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত লইয়াছে সরকার। যে প্রক্রিয়ায় ইহা চূড়ান্ত করা হইতেছে, তাহাতে আইনিভাবে বিদ্যুতের মূল্য নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কোনো ভূমিকা থাকিবে না। ফলে গ্রাহক পর্যায়ে গণশুনানিরও কোনো ব্যবস্থা হইবে না। প্রতিবেদন মতে, নির্বাহী বিভাগই বিদ্যুৎ বিভাগের প্রস্তাবসমূহ বিবেচনাপূর্বক চূড়ান্ত সিদ্ধান্ত লইবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিইআরসিকে পাশ কাটাইয়া স্বেচ্ছাচারী কায়দায় এহেন অতি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারকে তুমুল সমালোচনার সম্মুখীন হইতে হইয়াছিল। পরিহাস, তখন আজিকার সরকারি দলও সেই সমালোচকদের কাতারে শামিল ছিল। অতীতে কোনো সরকার যখনই বিদ্যুৎ-জ্বালানি খাতে ভর্তুকিকে নন্দঘোষ সাব্যস্ত করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে তখনই বিশেষজ্ঞদের অনেকেই বলিয়াছেন, ভর্তুকি খয়রাততুল্য কিছু নহে। ইহা বরং সয়শ্লিষ্ট পণ্য বা সেবা জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখিবার নিমিত্তে রাষ্ট্রীয় বিনিয়োগবিশেষ। বিগত সময়ে এই কথাও বহুবার আলোচিত হইয়াছে যে, অলস বসিয়া থাকা বেসরকারি বিদ্যুৎকেন্দ্রসমূহকে প্রতিবৎসর ক্যাপাসিটি চার্জ হিসাবে যে পরিমাণ অর্থ কোষাগার হইতে দেওয়া হয় তাহা বন্ধের পাশাপাশি সিস্টেম লসরূপী চুরি প্রতিরোধ করিতে পারিলেই বিদ্যুতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা সম্ভব। কিন্তু সরকার আলোচ্য পদক্ষেপ ভাবার পূর্বে উক্ত ক্যাপাসিটি চার্জ বা সিস্টেম লস হ্রাসের পদক্ষেপ লইয়াছে বলিয়া জানা যায় না।
তবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করিবার সময় সরকার সিংহভাগ গ্রাহকের অপেক্ষাকৃত কম কষ্ট হয় এমন পদক্ষেপই লইবে বলিয়া আমাদের বিশ্বাস।
