বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের জনমিতিক সম্ভাবনা নিয়ে এক হতাশাজনক চিত্র প্রকাশিত হয়েছে। ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক ২০২৬ সালের প্রতিবেদনে বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের হার আগামী দশকের শেষে আশঙ্কাজনক হারে কমে যাওয়ার ফোরকাস্ট করা হয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনমিতিক লভ্যাংশ বৈশ্বিক অর্থনীতিতে কঠিন সময়েও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে দারুণ ভূমিকা পালন করেছে। বিশেষত বৈদেশিক কর্মসংস্থানের উপর ভিত্তি করে গড়ে ওঠা রেমিট্যান্স প্রবাহের চেইন দেশের বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের কর্মক্ষম জনশক্তির যে সম্ভাবনা ছিল তার খুব সামান্য অংশই এতদিন ধরে দেশের অর্থনীতিতে এমন ভূমিকা রেখে এসেছে। যদি কর্মশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশে-বিদেশে যথাযথ কর্মসংস্থানে নিয়োজিত করা যেত তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো অনেক আগেই ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে পরিণত হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে আগামী দশক নাগাদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে পরিকল্পনা করেছেন, তার মূল শক্তিই হচ্ছে, ডেমোগ্রাফিক ডিভিডে›ড কাজে লাগানো। কিন্তু এত তাড়াতাড়ি এমন হতাশাজনক ভবিষ্যদ্বাণি প্রকাশিত হবে, এমনটা কেউ ভাবেনি।

বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতি ও উন্নয়ন কর্মকা-ে বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনশক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে প্রফিট শেয়ারিংয়ের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে রাষ্ট্রের ব্যর্থতার দায় পূরণ করা এত সহজ নয়। বিশেষত দেশের শিক্ষা ব্যবস্থা, জনস্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা ও নাগরিক সেবা খাতের উন্নয়নে সীমাহীন ব্যর্থতার দায় এ প্রজন্মকে বহন করতে হচ্ছে। এটি হঠাৎ করেই দেখা দেয়নি। বিগত দশক থেকে এমন চিত্র উঠে এসেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী লাখ লাখ যুবক সরকারি-বেসরকারি চাকরির জন্য বছরের পর বছর ধরে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, সেখানে প্রতিবেশী দেশ থেকে ভ্রমণ ভিসায় এসে বিভিন্ন সেক্টরের লোভনীয় চাকরি বাগিয়ে নিয়ে বছরে হাজার কোটি ডলার পাচার করে নিচ্ছে।

দেশের মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় ও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে প্রতি বছর হাজার হাজার বিশেষজ্ঞ ডাক্তার বেরিয়ে আসছে, দেশের হাসপাতালগুলোতে অনেক বিশেষজ্ঞ ডাক্তার থাকা সত্ত্বেও প্রতিবছর লাখ লাখ রোগী ভারতে চলে যাচ্ছে এবং এ খাতে বছরের শত শত কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে, দেশের বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিদ্যমান উৎপাদন ব্যবস্থা ও সেবাখাতের জন্য প্রয়োজনীয় জনশক্তি গড়ে তুলতে পারছে না। প্রবাসী কর্মীদের বেশিরভাগই অদক্ষ শ্রমিক হিসেবে স্বল্প বেতনে কাজ করে দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছে দক্ষ শ্রমিক ও হোয়াইট কলার পেশায় নিয়োজিত হলে এর পরিমাণ দ্বিগুণের বেশি বাড়ানো সম্ভব ছিল। মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিশাল জনশক্তি কাজ করছে। অদক্ষতাসহ নানাবিধ কারণে বাংলাদেশি কর্মীরা অনেক কম পারিশ্রমিক পেলেও অনেক বেশি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে। রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটেড দুনীর্তি ও অভিবাসন ব্যয় কমাতে সরকারের ব্যর্থতাই এর জন্য দায়ী।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬০ শতাংশ ¯œাতক ডিগ্রিধারী চাকরি প্রার্থী নিজের শিক্ষাগত যোগ্যতা বা বিষয়ের বাইরে গিয়ে অন্য কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে, শিক্ষার পেছনে তাদের সময় ও অর্থব্যয় তেমন কোনো কাজে আসছে না। আরেকটি সূচকে দেখা যাচ্ছে, দেশের কর্মক্ষম জনশক্তির শতকরা ৮৪ শতাংশ বা ৫ কোটি ৮০ লাখ কর্মী অস্থায়ী বা অনানুষ্ঠানিক ভিত্তিতে নিয়োজিত হচ্ছে। এ বিশাল জনশক্তির অস্থায়ী অনিশ্চিত কর্মসংস্থানের কারণে সামাজিক-অর্থনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। যুদ্ধ এবং নানাবিধ ভূরাজনৈতিক কারণে আমাদের জনমিতি লভ্যাংশের সুযোগ ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে সেই সত্যই বেরিয়ে এসেছে।

এহেন বাস্তবতা সামনে রেখে আগামী দিনের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তার স্বাভাবিক প্রত্যাশিত গতি পাচ্ছে না। এর মূল কারণ কর্মসংস্থান ও উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগের সংকট। বিশাল কর্মহীন জনগোষ্ঠির চাপ সামনে রেখে শতকরা ৩-৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে প্রত্যাশিত কর্মসংস্থান নিশ্চিত করা অসম্ভব। আগামী দুই দশকে দেশে প্রবীণ জনসংখ্যার হার দ্বিগুণ হতে পারে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ কর্মক্ষম জনশক্তির সোনালি যুগ শেষ হতে চলেছে। এ সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর সাথে সাথে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলতে হবে।

বিদ্যমান সামাজিক-রাজনৈতিক অবস্থায় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অগ্রাধিকার নির্ধারণে ভুল করার কোনো সুযোগ নেই। জুলাই অভ্যুত্থান পরববর্তী বাংলাদেশ অনেক অনাকাক্সিক্ষত সংকটের সম্মুখীন। এর সবই স্বাভাবিক-স্বতঃস্ফূর্ত প্রভাব নয়। দেশের গার্মেন্ট শিল্পে চলমান বিশৃঙ্খলা, নৈরাজ্য, শ্রমিক অসন্তোষের পেছনে দেশি-বিদেশি চক্রান্তের আলামত স্পষ্ট। দেশকে বড় ধরনের অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়ে পতিত ফ্যাসিস্টের দোসররা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের পাতা ফাঁদে পা দেয়া যাবে না। শ্রমিকের পোশাকে, শ্রমিক ইউনিয়ন বা মানবাধিকার সংস্থার ছদ্মবেশে, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরে সক্রিয় থাকা বিদেশি এজেন্টদের চিহ্নিত করতে হবে। বৈদেশিক কর্মসংস্থানের নিরাপত্তা, দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা ও নাগরিক সমাজের সংকট নিয়ে সরকারকে নতুন সিদ্ধান্তে আসতে হবে। প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় ঐক্যের ডাক দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই।