ডা. ফারিয়া আফসানা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ। তিনি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কথা বলেছেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন এসএম সোহান

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ’। শুরুতেই এর মূল বার্তা নিয়ে বিস্তারিত জানতে চাই

এবারের প্রতিপাদ্যের মূল বার্তা হলো ডায়াবেটিস এমন একটি রোগ, যা অনেক ক্ষেত্রে দীর্ঘদিন শরীরে থাকলেও রোগী বুঝতে পারেন না। যখন লক্ষণ প্রকাশ পায়, তখন অনেকের শরীরে এরই মধ্যে বিভিন্ন জটিলতা তৈরি হয়ে যায়। তাই রোগটি প্রতিরোধের পাশাপাশি আগাম শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ওজন বেশি, শারীরিক পরিশ্রম কম, আগে প্রি-ডায়াবেটিসের ইতিহাস রয়েছে কিংবা যেসব নারীর গর্ভকালীন ডায়াবেটিস হয়েছিল, তারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন। পরিবারের সদস্যদের ডায়াবেটিস থাকলেও ঝুঁকি বাড়ে। এছাড়া থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলেও ডায়াবেটিসের ঝুঁকি থাকে। সাধারণভাবে ৩৫ বছর বয়সের পর নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। তবে এখন শিশু-কিশোরদের মধ্যেও ডায়াবেটিস দেখা যাচ্ছে। তাই শুধু বয়সের ভিত্তিতে ঝুঁকি নির্ধারণ করা যাবে না। শিশু-কিশোরদের ওজন বেশি হলে কিংবা পারিবারিক ইতিহাস ও অন্যান্য ঝুঁকি থাকলে তাদেরও দ্রুত পরীক্ষার আওতায় আনতে হবে। এক্ষেত্রে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের সবারই দায়িত্ব রয়েছে। পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের চর্চা গড়ে তুলতে হবে। অন্যদিকে রাষ্ট্রকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডায়াবেটিস শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরির দায়িত্বও রাষ্ট্রের রয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ তুলনামূলক বেশি। এর পেছনে জিনগত বৈশিষ্ট্য, শারীরিক গঠন, খাদ্যাভ্যাস নাকি জীবনযাপনের ধরন কোনটার প্রভাব কেমন?

সারা পৃথিবীতেই ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। তবে দক্ষিণ এশিয়ায় এ রোগের বিস্তার তুলনামূলক দ্রুত। এর পেছনে জিনগত বৈশিষ্ট্য, শরীরে চর্বি জমার ধরন, ইনসুলিন নিঃসরণের সক্ষমতা এবং জীবনযাত্রার পরিবর্তন গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে স্বাভাবিক ওজন থাকলেও পেটের ভেতরে কিংবা বিভিন্ন অঙ্গের চারপাশে চর্বি জমতে পারে। একে কেন্দ্রীয় স্থূলতা বলা হয়। এ ধরনের চর্বি বিপাকীয় কার্যক্রমে প্রভাব ফেলে এবং ইনসুলিন প্রতিরোধ তৈরি করতে পারে। ফলে পশ্চিমা জনগোষ্ঠীর তুলনায় কম বিএমআই বা শরীরের ভর সূচক থাকলেও দক্ষিণ এশীয়দের ডায়াবেটিস এবং এর জটিলতা, বিশেষ করে হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকতে পারে। এ কারণে দক্ষিণ এশীয়দের জন্য বিএমআই ও কোমরের মাপের ঝুঁকিসীমাও কিছুটা আলাদা।

খাদ্যাভ্যাসও একটি বড় কারণ। আমাদের খাবারে ভাত, রুটি ও অন্যান্য শর্করাজাতীয় খাবারের পরিমাণ বেশি। পাশাপাশি উৎসব, আনন্দ কিংবা বিশেষ উপলক্ষে মিষ্টি খাওয়ার প্রবণতা রয়েছে। পরিশোধিত চিনি ও মিষ্টিজাতীয় খাবার বেশি খেলে ওজন বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়।

এছাড়া দ্রুত নগরায়ণ, জীবনযাত্রার পরিবর্তন, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং ফাস্টফুডের প্রতি নির্ভরতা বাড়ছে। এসব কারণে ওজন বাড়ছে এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ছে। তবে জিনগত প্রবণতা থাকলেই যে ডায়াবেটিস হবে, এমন নয়। জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

টাইপ-২ ডায়াবেটিস কেন হয়? ইনসুলিন প্রতিরোধ কী এবং শরীরে এটি কেন তৈরি হয়? অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের মেদ ও শারীরিক নিষ্ক্রিয়তার সঙ্গে এর সম্পর্ক কতটা রয়েছে?

ইনসুলিন হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটি হরমোন, যা রক্তের গ্লুকোজকে শরীরের কোষে প্রবেশ করতে সাহায্য করে। ইনসুলিন প্রতিরোধ তৈরি হলে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি আগের মতো সাড়া দেয় না। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। প্রথমদিকে অগ্ন্যাশয় বেশি ইনসুলিন তৈরি করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা কমে যেতে পারে। অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের ভেতরের চর্বি, এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ইনসুলিন প্রতিরোধ বাড়াতে পারে। কারো ইনসুলিন প্রতিরোধ যত বেশি, তার ডায়াবেটিসের ঝুঁকিও তত বেশি। শুধু ডায়াবেটিস নয়, এর সঙ্গে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাই ডায়াবেটিস প্রতিরোধে শুধু চিনি খাওয়া কমালেই হবে না, সামগ্রিক জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।

একসময় ডায়াবেটিসকে মধ্যবয়সী ও বয়স্কদের রোগ মনে করা হতো। এখন তরুণদের মধ্যেও আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর কারণ কী?

বর্তমানে তরুণদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার পেছনে জীবনযাত্রার পরিবর্তন বড় কারণ। শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শারীরিক কার্যক্রম কমে যাওয়া, দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারে কাটানো, ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণ এবং স্থূলতার প্রবণতা বেড়েছে। এসব কারণে অল্প বয়সেই ইনসুলিন প্রতিরোধ তৈরি হতে পারে। পাশাপাশি পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি আরো বাড়ে। এখন ডায়াবেটিসের ঝুঁকি বিবেচনায় শুধু বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে দেখা উচিত নয়। কারো পরিবারে ডায়াবেটিস থাকলে, অতিরিক্ত ওজন থাকলে, উচ্চ রক্তচাপ বা অন্য বিপাকীয় সমস্যা থাকলে কম বয়সেও পরীক্ষা প্রয়োজন হতে পারে। সাধারণভাবে ৩৫ বছর বয়সের পর নিয়মিত পরীক্ষার পরামর্শ দেয়া হয়। তবে ঝুঁকি বা লক্ষণ থাকলে এর আগেই পরীক্ষা করা উচিত।

আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কতটা বাড়াচ্ছে? অতিরিক্ত ভাত, চিনি, মিষ্টি, কোমল পানীয় ও ফাস্টফুড কীভাবে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে? কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক কী?

খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের খাদ্যতালিকায় অনেক সময় শর্করার পরিমাণ বেশি থাকে, কিন্তু শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার তুলনামূলক কম থাকে। অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়া, নিয়মিত মিষ্টি, কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমতে পারে। এর ফলে ওজন ও পেটের মেদ বাড়ে এবং ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি তৈরি হয়। রক্তের চর্বি বা লিপিডের কয়েকটি উপাদান রয়েছে। এর মধ্যে মোট কোলেস্টেরল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল উল্লেখযোগ্য। এইচডিএলকে ভালো কোলেস্টেরল বলা হয়। এর মাত্রা বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি তুলনামূলক কম থাকে। অন্যদিকে ভাত, রুটি ও মিষ্টিজাতীয় শর্করাযুক্ত খাবারের সঙ্গে ট্রাইগ্লিসারাইডের সম্পর্ক রয়েছে। ইনসুলিন প্রতিরোধের কারণেও অনেকের রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং ভালো কোলেস্টেরল কমে যেতে পারে। ট্রাইগ্লিসারাইড বেশি হলে হৃদরোগের পাশাপাশি অগ্ন্যাশয়ের প্রদাহের ঝুঁকিও তৈরি হতে পারে। এলডিএল ও মোট কোলেস্টেরলও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ করলেই হবে না, কোলেস্টেরল, রক্তচাপ ও ওজনের দিকেও নজর দিতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলেস্টেরল কমানোর ওষুধ গ্রহণ করতে হবে।

ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা বেড়ে যায়? বাবা-মা দুজনের ডায়াবেটিস থাকলে সন্তানের ঝুঁকি কি আরো বেশি?

ডায়াবেটিসের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। বাবা-মা বা নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকলে ব্যক্তির আক্রান্ত হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় বেশি হতে পারে। বাবা-মা দুজনের ডায়াবেটিস থাকলে ঝুঁকি আরো বাড়তে পারে। তবে পারিবারিক ইতিহাস থাকলেই ডায়াবেটিস হবে, এমন নয়। খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শারীরিক কার্যক্রমের মাধ্যমে ঝুঁকি কমানো যায়। যাদের পরিবারে ডায়াবেটিস রয়েছে, তাদের বয়স ও অন্যান্য ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে শর্করা পরীক্ষা করা উচিত। খালি পেটে রক্তে শর্করা, এইচবিএ১সি এবং প্রয়োজনে মুখে গ্লুকোজ গ্রহণের সহনশীলতা পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস শনাক্ত করা যায়। কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

স্বাভাবিক ওজনের বা বাইরে থেকে রোগা দেখায় এমন ব্যক্তিদেরও টাইপ-২ ডায়াবেটিস হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে বিষয়টি কতটা উদ্বেগজনক? শুধু শরীরের ওজন দিয়ে কি ডায়াবেটিসের ঝুঁকি নির্ধারণ করা সম্ভব?

বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কারণ একজন মানুষকে বাইরে থেকে রোগা দেখালেই তিনি বিপাকীয়ভাবে সুস্থ, এমনটি বলা যায় না। বিশেষ করে দক্ষিণ এশীয়দের মধ্যে স্বাভাবিক দেহভর সূচক থাকা সত্ত্বেও পেটের ভেতরে বা বিভিন্ন অঙ্গের চারপাশে চর্বি জমতে পারে। এ ধরনের চর্বি ইনসুলিন প্রতিরোধ বাড়াতে ভূমিকা রাখে। পাশাপাশি অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষের কার্যক্ষমতা কম থাকলেও ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিসের বিভিন্ন ধরন রয়েছে। টাইপ-১ ডায়াবেটিসে শরীরে ইনসুলিন তৈরি হয় না বা মারাত্মকভাবে কমে যায়। এ ধরনের রোগীদের অনেকেই তুলনামূলক শুকনা বা কম ওজনের হয়ে থাকেন। আবার তরুণদের পরিণত বয়সজনিত ডায়াবেটিসের মতো কিছু ধরন রয়েছে, যেখানে ওজন বা বিএমআই স্বাভাবিক থাকতে পারে। তাই শুধু শরীরের ওজন বা দেহভর সূচক দিয়ে ডায়াবেটিসের ঝুঁকি নির্ধারণ করা যথেষ্ট নয়। কোমরের মাপ, পারিবারিক ইতিহাস, রক্তচাপ, রক্তে শর্করা এবং অন্যান্য বিপাকীয় সূচকও বিবেচনায় নিতে হবে।

একজন ব্যক্তি কীভাবে বুঝবেন তিনি প্রি-ডায়াবেটিস পর্যায়ে আছেন? এ অবস্থায় খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব কি?

প্রি-ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না। তাই শুধু শারীরিক উপসর্গ দেখে এটি শনাক্ত করা কঠিন। রক্তে শর্করা পরীক্ষার মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হতে হয়। খালি পেটে রক্তে শর্করা, এইচবিএ১সি এবং প্রয়োজনে মুখে গ্লুকোজ গ্রহণের সহনশীলতা পরীক্ষা করা যেতে পারে। সাধারণভাবে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এক-তৃতীয়াংশ পরবর্তী সময়ে স্বাভাবিক রক্তের গ্লুকোজের মাত্রায় ফিরে আসতে পারেন। আরেক-তৃতীয়াংশ প্রি-ডায়াবেটিস অবস্থায় থাকতে পারেন এবং বাকি এক-তৃতীয়াংশের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। প্রি-ডায়াবেটিস শনাক্ত হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রে রক্তে শর্করা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। এজন্য শরীরের অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, খাদ্যতালিকায় শাকসবজি ও আঁশযুক্ত খাবার বাড়ানো এবং অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমানো প্রয়োজন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রম এবং সপ্তাহে মোট ১৫০ মিনিট ব্যায়ামের লক্ষ্য রাখা যেতে পারে। তবে প্রত্যেকের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

ডায়াবেটিস একবার শনাক্ত হলে কি তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব? জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে কতটা নিয়ন্ত্রণ সম্ভব? কখন ওষুধ এবং কখন ইনসুলিন প্রয়োজন হয়?

টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক রোগী জীবনযাত্রার পরিবর্তন, ওজন কমানো এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে রক্তে শর্করা উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। কিছু রোগীর ক্ষেত্রে ওষুধ ছাড়াও দীর্ঘ সময় স্বাভাবিক মাত্রায় শর্করা বজায় থাকতে পারে। একে ডায়াবেটিসের উপশম বা রেমিশন বলা হয়। তবে রেমিশন মানে রোগটি চিরতরে চলে যাওয়া নয়। আবার শর্করা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পর্যবেক্ষণ প্রয়োজন। সব রোগীর চিকিৎসা এক রকম নয়। কারো ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পাশাপাশি মুখে খাওয়ার ওষুধ প্রয়োজন হয়, আবার কারো ক্ষেত্রে ইনসুলিন দিতে হয়। অস্ত্রোপচার, গর্ভকালীন ডায়াবেটিস কিংবা হার্ট অ্যাটাক ও ডেঙ্গুর মতো জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে ইনসুলিন প্রয়োজন হতে পারে। রোগী সুস্থ হয়ে উঠলে অনেক ক্ষেত্রে আবার ট্যাবলেটের চিকিৎসায় ফেরা যায়। তবে যাদের শরীরে ইনসুলিনের ঘাটতি বেশি কিংবা ওষুধে কাজ হচ্ছে না, তাদের দীর্ঘমেয়াদি ইনসুলিন প্রয়োজন হতে পারে।

ইনসুলিন নিয়ে মানুষের মধ্যে অযথা ভয় রয়েছে। ইনসুলিন নেয়া মানেই চিকিৎসার শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া নয়। অগ্ন্যাশয় থেকে তৈরি হওয়া ইনসুলিনের ঘাটতি পূরণ করতেই বাইরে থেকে ইনসুলিন দেয়া হয়। এটি এক ধরনের হরমোন প্রতিস্থাপন চিকিৎসা। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিন ব্যবহার করা নিরাপদ এবং অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী। বর্তমানে জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট ও এসজিএলটি-২ ইনহিবিটর শ্রেণীর নতুন ওষুধ ডায়াবেটিস চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এগুলো রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে ওজন কমানো এবং হৃদযন্ত্র ও কিডনি সুরক্ষায়ও উপকার দিতে পারে।

দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল ও দৃষ্টিশক্তি হারানোর মতো জটিলতা তৈরি হতে পারে। এসব ঝুঁকি এড়াতে রক্তে গ্লুকোজের মাত্রা কতটা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন?

প্রত্যেক ডায়াবেটিস রোগীরই জানা উচিত তার রক্তে গ্লুকোজের মাত্রা কত রাখা প্রয়োজন। সাধারণভাবে খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা ৬ থেকে ৭-এর মধ্যে রাখতে চাই। খাবার গ্রহণের ২ ঘণ্টা পর, অর্থাৎ নাশতা, দুপুরের খাবার কিংবা রাতের খাবারের ২ ঘণ্টা পর গ্লুকোজের মাত্রা ৮ থেকে ১০-এর মধ্যে থাকা উচিত। এছাড়া ডায়াবেটিসের তিন মাসের গড় নিয়ন্ত্রণ বোঝার পরীক্ষা এইচবিএ১সি নির্দিষ্ট লক্ষ্যের নিচে রাখা জরুরি। রক্তে গ্লুকোজের মাত্রা কখনো অতিরিক্ত বেড়ে যাওয়া কিংবা খুব কমে যাওয়াও ক্ষতিকর। এ ওঠানামা রক্তনালির ওপর চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ায়।

দীর্ঘদিন রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে চোখের রেটিনার রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে গিয়ে একপর্যায়ে কিডনি বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে হাত-পায়ে ঝিনঝিন, অবশভাব ও অনুভূতি কমে যেতে পারে। ফলে পায়ে ক্ষত তৈরি হলেও রোগী অনেক সময় বুঝতে পারেন না। এছাড়া ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ ও অস্বাভাবিক কোলেস্টেরল থাকলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই ডায়াবেটিসের চিকিৎসায় শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির কার্যক্ষমতা ও চোখের নিয়মিত পরীক্ষা জরুরি। প্রতিরোধমূলক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এসব জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

ডায়াবেটিস নিয়ে সাম্প্রতিক গবেষণায় নতুন নতুন তথ্য উঠে আসছে। বিশেষ করে দক্ষিণ এশীয়দের মধ্যে স্বাভাবিক ওজন থাকা সত্ত্বেও ডায়াবেটিসের ঝুঁকি, ইনসুলিন নিঃসরণের ঘাটতি এবং শরীরের ভেতরের চর্বির ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় গবেষণার উল্লেখযোগ্য অগ্রগতি কী?

ডায়াবেটিস নিয়ে বিশ্বজুড়ে গবেষণার পরিধি বাড়ছে। আগে মূলত রক্তে শর্করা নিয়ন্ত্রণের ওপর বেশি গুরুত্ব দেয়া হলেও এখন রোগটির পেছনের বিপাকীয় প্রক্রিয়া, জিনগত বৈশিষ্ট্য, ইনসুলিন প্রতিরোধ, অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষের কার্যক্ষমতা এবং শরীরের চর্বির বণ্টন নিয়ে গবেষণা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক ওজন থাকা সত্ত্বেও ডায়াবেটিস হওয়ার কারণ বোঝার চেষ্টা চলছে।

চিকিৎসার ক্ষেত্রেও নতুন ওষুধ, ধারাবাহিকভাবে রক্তে গ্লুকোজ পর্যবেক্ষণের প্রযুক্তি এবং ব্যক্তিভিত্তিক চিকিৎসাপদ্ধতি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বাংলাদেশের জনগোষ্ঠীর নিজস্ব জিনগত ও জীবনযাত্রাগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে আরো গবেষণা প্রয়োজন। আমাদের দেশে কোন বয়সে ডায়াবেটিস বেশি হচ্ছে, কোন জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে রয়েছে এবং কোন ধরনের চিকিৎসা বেশি কার্যকর—এসব বিষয়ে স্থানীয় তথ্য সংগ্রহ করা জরুরি। গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে জাতীয় পর্যায়ে প্রতিরোধ ও চিকিৎসানীতি তৈরি করা গেলে ডায়াবেটিসের ক্রমবর্ধমান বোঝা মোকাবেলা সহজ হবে।

ডায়াবেটিস প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে?

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস ক্যাম্প এবং ডায়াবেটিস রোগীদের পায়ের স্বাস্থ্য পরীক্ষার মতো কার্যক্রম রয়েছে। পাশাপাশি গোলটেবিল বৈঠক আয়োজন এবং গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। ডায়াবেটিসের বিভিন্ন দিক, রোগীর চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এসব কার্যক্রম শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞরাও এ প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের লক্ষ্য হলো ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে ভূমিকা রাখা।